অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতির সম্ভাবনা দেখা দিয়েছে। প্রতিদিন একটি করে খাওয়ার নতুন একটি ওষুধের পরীক্ষামূলক প্রয়োগে কয়েকজন রোগীর টিউমার ছোট হয়েছে। কারও কারও শরীরে স্ক্যানে ক্যানসারের অস্তিত্বই আর শনাক্ত হয়নি। তবে চিকিৎসকেরা সতর্ক করে বলেছেন, এটিকে এখনই ক্যানসার নিরাময়ের ওষুধ বলার সময় আসেনি।
ওষুধটির নাম ডারাক্সনরাসিব। কেমোথেরাপির সঙ্গে এটি প্রয়োগ করে প্রাথমিক পর্যায়ের একটি পরীক্ষা চালানো হয়। সেই পরীক্ষায় অংশ নেওয়া প্রতি ১২ জন রোগীর একজনের শরীরে স্ক্যানে ক্যানসারের চিহ্ন আর দেখা যায়নি। পরীক্ষায় অংশ নেন মোট ৬১ জন রোগী। সবারই অগ্ন্যাশয়ের ক্যানসার শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছিল এবং সম্প্রতি তাঁদের রোগ শনাক্ত হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, প্রায় সব রোগীর ক্ষেত্রেই টিউমারের বৃদ্ধি থেমে গেছে।
‘ক্যানসার রিসার্চ ইউকে’ নতুন এই ফলাফলকে অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি বলে অভিহিত করেছে। সংস্থাটির চিকিৎসক স্যাম গডফ্রে বিবিসিকে বলেন, পরীক্ষার ফল অত্যন্ত আশাব্যঞ্জক। তাঁর ভাষ্য, এত দিন ওষুধ দিয়ে লক্ষ্যবস্তু করা কঠিন ছিল, এমন একটি বিষয়কে নিয়ন্ত্রণের পথ খুঁজে পেয়েছে নতুন এই ওষুধ। তিনি আরও বলেন, অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় দীর্ঘদিন ধরে যে অগ্রগতির অপেক্ষা ছিল, অবশেষে তার আভাস মিলছে।
এই আশাবাদের পেছনে রয়েছে রোগটির ভয়াবহ বাস্তবতা। যুক্তরাজ্যে সাধারণ ক্যানসারগুলোর মধ্যে অগ্ন্যাশয়ের ক্যানসারে বেঁচে থাকার হার সবচেয়ে কম। এর চিকিৎসাও অত্যন্ত কঠিন। কেমোথেরাপিতে টিউমার কিছুটা ছোট হলেও অনেক ক্ষেত্রে তা পরে আবার বাড়তে শুরু করে। রোগটি শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়লে অধিকাংশ রোগী কয়েক মাস বাঁচেন, বছরের পর বছর নয়। তাই টিউমারের বৃদ্ধি থেমে যাওয়াকেই চিকিৎসকেরা বড় সাফল্য হিসেবে দেখছেন।
চিকিৎসকদের আশা, ওষুধটি ক্যানসার পুরোপুরি নির্মূল করতে না পারলেও রোগীদের আরও কিছু সময় বাঁচার সুযোগ করে দিতে পারে। পরীক্ষায় রোগীদের গড়ে দেড় বছর পর্যবেক্ষণ করা হয়েছে। এ সময়ে কয়েকজন রোগীর ক্যানসার আর ফিরে আসেনি।
তবে এই চিকিৎসা কত দিন ক্যানসার নিয়ন্ত্রণে রাখতে পারবে, তা এখনো নিশ্চিত নয়। রোগটি দীর্ঘ সময় নিয়ন্ত্রণে রাখা বা পুরোপুরি প্রশমিত করা সম্ভব কি না, তা জানতে আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন। পরীক্ষাটি প্রাথমিক পর্যায়ের এবং অংশগ্রহণকারীর সংখ্যাও সীমিত। ফলে বড় পরিসরের পরীক্ষায় একই ফল মেলে কি না, সেদিকেই এখন নজর থাকবে চিকিৎসা বিশ্বের।
সূত্র: বিবিসি

