Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শনি, নভে. 21, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের অস্ত্র রপ্তানি: কতটা কার্যকর বিকল্প হয়ে উঠছে?
    আন্তর্জাতিক

    ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের অস্ত্র রপ্তানি: কতটা কার্যকর বিকল্প হয়ে উঠছে?

    নিউজ ডেস্কনভেম্বর 21, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    চীনের জেএফ-১৭ যুদ্ধবিমান বিশ্বব্যাপী ক্রেতাদের কাছে বিক্রির জন্য উপলব্ধ। ছবি: এক্স স্ক্রিনশট
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    প্যাসিফিক ফোরাম

    চীনের সামরিক শক্তির উত্থানের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ও গণপ্রজাতন্ত্রী চীনের মধ্যে সম্ভাব্য যুদ্ধের ঝুঁকি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। কিন্তু চীনের উত্থানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলনামূলকভাবে অনেক কম মনোযোগ পেয়েছে। সেটি হলো আন্তর্জাতিক অস্ত্র রপ্তানিকারক হিসেবে দেশটির ক্রমবর্ধমান ভূমিকা।

    চীনা অস্ত্রের প্রযুক্তিগত উৎকর্ষ বাড়ছে। এসব অস্ত্রের সঙ্গে ক্রমেই যুক্ত হচ্ছে স্বয়ংক্রিয় ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ব্যবস্থা। ফলে ওয়াশিংটন ও তার মিত্রদের জন্য ঝুঁকি শুধু উন্নত সামরিক প্রযুক্তির বিস্তারের মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং চীনের কাছ থেকে এসব অস্ত্র কেনা দেশগুলো দীর্ঘ মেয়াদে প্রযুক্তিগতভাবে বেইজিংয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে। এটিও এখন একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ।

    গত তিন দশকে চীন বিশ্বের দ্বিতীয় সর্বাধিক সক্ষম সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে এই রূপান্তর ধারাবাহিক বা সরল কোনো প্রক্রিয়ায় ঘটেনি। ১৯৯০-এর দশক এবং ২০০০-এর দশকের প্রথম ভাগের বেশির ভাগ সময় চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) রাশিয়ার সামরিক সরঞ্জাম ও নকশার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। দেশটির অনেক গুরুত্বপূর্ণ অস্ত্রব্যবস্থা সরাসরি আমদানি করা হতো অথবা লাইসেন্সের আওতায় উৎপাদিত হতো।

    একটি উদাহরণ হলো একে-৪৭ রাইফেলের নকশা থেকে তৈরি টাইপ-৫৬ অ্যাসল্ট রাইফেল। একইভাবে সোভিয়েত ও রুশ যুদ্ধবিমান সু-২৭ এবং সু-৩০ পরিবারের নকশার ভিত্তিতে যথাক্রমে চীনের জে-১১ ও জে-১৬ যুদ্ধবিমান তৈরি হয়েছে। অর্থাৎ চীনের সামরিক প্রযুক্তির একটি বড় অংশই দীর্ঘদিন সোভিয়েত ও রুশ নকশার ওপর নির্ভরশীল ছিল।

    তবে ২০০০-এর দশকের মাঝামাঝি থেকে এই নির্ভরতা কমতে শুরু করে। কারণ, একদিকে বেইজিং নিজস্ব প্রতিরক্ষাপ্রযুক্তি উন্নয়নের গতি বাড়ায়, অন্যদিকে রাশিয়াও তার সবচেয়ে উন্নত সামরিক প্রযুক্তি চীনের কাছে হস্তান্তরে ক্রমেই অনাগ্রহী হয়ে ওঠে।

    চীনের জে-২০ স্টেলথ যুদ্ধবিমান, টাইপ-০৫৫ ডেস্ট্রয়ার এবং নতুন প্রজন্মের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো এই পরিবর্তনের সবচেয়ে দৃশ্যমান উদাহরণ।

    যদিও এসব প্রকল্পের নির্দিষ্ট কিছু উপাদানে এখনো বিদেশি প্রযুক্তি ও নকশার প্রভাব রয়েছে, তবু এগুলো চীনের নিজস্ব সামরিক প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতির প্রতিনিধিত্ব করে। এই রূপান্তরের প্রভাব এখন শুধু চীনের সামরিক বাহিনীর কাঠামোতেই সীমাবদ্ধ নেই; বরং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর অস্ত্র কেনার সিদ্ধান্তেও পরিবর্তন আনছে।

    চীনের সম্প্রসারিত প্রতিরক্ষা শিল্প দেশটিকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক অস্ত্র সরবরাহের সুযোগ দিয়েছে। এর ফলে চীনের অস্ত্র রপ্তানিও বেড়েছে। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে চীন বিশ্বের পঞ্চম বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থান করে।

    চীনা অস্ত্রের ক্রমবর্ধমান প্রযুক্তিগত সক্ষমতার পাশাপাশি দেশটির অস্ত্র রপ্তানিকারক হিসেবে উত্থানের পেছনে রয়েছে একটি বিশেষ বাণিজ্যিক কৌশল। এই কৌশলের মূল বৈশিষ্ট্য হলো প্রতিযোগিতামূলক দাম, সহজ ও নমনীয় অর্থায়ন এবং যৌথ উৎপাদনের মাধ্যমে প্রযুক্তি হস্তান্তরের আগ্রহ।

    এসব শর্ত বেশ কিছু আফ্রিকান ও এশীয় সরকারের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। বিশেষ করে যেসব দেশ তাদের সামরিক বাহিনী আধুনিক করতে চায়, কিন্তু পশ্চিমা অস্ত্র সরবরাহকারীদের সঙ্গে যুক্ত রাজনৈতিক শর্ত এড়িয়ে চলতে আগ্রহী।

    ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অনেক ক্রেতার কাছে এই বাণিজ্যিক সুবিধাগুলো বৃহত্তর রাজনৈতিক ও কৌশলগত হিসাবের সঙ্গেও মিলে যায়। চীনা অস্ত্র কেনাকে তারা অভ্যন্তরীণ রাজনীতিতে ‘জোটনিরপেক্ষ’ কিংবা ‘ভারসাম্যপূর্ণ’ প্রতিরক্ষা ক্রয়নীতি হিসেবে তুলে ধরতে পারে।

    এর ফলে এসব সরকার একদিকে পশ্চিমা অস্ত্র সরবরাহকারীদের কাছ থেকে আরও সুবিধাজনক শর্ত আদায়ের সুযোগ পায়, অন্যদিকে কোনো একটি বিদেশি শক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়া থেকেও নিজেদের রক্ষা করতে পারে।

    এই বাস্তবতায় চীনের অস্ত্র রপ্তানির সবচেয়ে বড় অংশ যাচ্ছে এশিয়া ও ওশেনিয়া অঞ্চলে। ২০২১ থেকে ২০২৫ সালের মধ্যে চীনের মোট অস্ত্র রপ্তানির ৭৭ শতাংশই গেছে এই অঞ্চলে।

    পাকিস্তান এখনো চীনা অস্ত্রের সবচেয়ে বড় একক ক্রেতা। তবে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার ও বাংলাদেশও বিভিন্ন মাত্রায় চীনা অস্ত্র সরবরাহকারীদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে।

    চীনের রপ্তানিযোগ্য অস্ত্রের তালিকায় রয়েছে যুদ্ধবিমান, নৌযুদ্ধের সরঞ্জাম, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং চালকবিহীন সামরিক প্ল্যাটফর্ম। কিছু ক্ষেত্রে চীনা অস্ত্র কেনার চুক্তির সঙ্গে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং স্থানীয়ভাবে অস্ত্র সংযোজনের ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকে।

    এসব ব্যবস্থা অর্থনৈতিকভাবে যেমন গুরুত্বপূর্ণ, রাজনৈতিকভাবেও তেমনি তাৎপর্যপূর্ণ।

    স্থানীয়ভাবে অস্ত্র সংযোজন এবং লাইসেন্সের আওতায় উৎপাদনের সুযোগ সংশ্লিষ্ট দেশের প্রতিরক্ষা শিল্প ও সামরিক বাহিনীর ভেতরে চীনপন্থী স্বার্থগোষ্ঠী তৈরি করতে পারে। একই সঙ্গে দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নের জন্য চীনের ওপর নির্ভরশীলতাও বাড়তে পারে।

    একবার এই নির্ভরতা তৈরি হলে তা থেকে বেরিয়ে আসা শুধু একটি অস্ত্র কেনার চুক্তি বাতিল করার চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়ে।

    তবে চীনের অস্ত্র বিক্রির পরিমাণকে অতিরঞ্জিত করে দেখার সুযোগ নেই। অধিকাংশ এশীয় দেশের প্রধান অস্ত্র সরবরাহকারী হিসেবে বেইজিং এখনো প্রতিষ্ঠিত হতে পারেনি। দেশভেদে চীনা অস্ত্রের আকর্ষণও ভিন্ন।

    কিছু দেশের কাছে চীনা অস্ত্র তুলনামূলক সাশ্রয়ী বিকল্প। অন্যদের কাছে এটি পশ্চিমা রাজনৈতিক শর্ত কিংবা অস্ত্র সরবরাহে দীর্ঘসূত্রতার বিরুদ্ধে একটি বিকল্প ব্যবস্থা। তবে বেশির ভাগ দেশ এখনো প্রতিষ্ঠিত পশ্চিমা অথবা রুশ সামরিক সরঞ্জামকেই অগ্রাধিকার দেয়।

    এর পেছনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ। এর মধ্যে রয়েছে বিভিন্ন অস্ত্রব্যবস্থার পারস্পরিক সামঞ্জস্য, ব্যবহারিক অভিজ্ঞতা, নির্ভরযোগ্যতা, বিক্রয়োত্তর সেবা, রাজনৈতিক অবস্থান এবং বাস্তব যুদ্ধে চীনা অস্ত্রের কার্যকারিতা দীর্ঘদিন ধরে পরীক্ষিত না হওয়ার বিষয়টি।

    এই বাস্তবতা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ হলেও আন্তর্জাতিক অস্ত্র রপ্তানির বাজারে তার অংশীদারত্ব মাত্র ৫ দশমিক ৬ শতাংশ।

    এমনকি ২০২৬ সালের মার্চে জার্মানি চীনকে ছাড়িয়ে যাওয়ার পর দেশটি অস্ত্র রপ্তানিকারকদের তালিকায় চতুর্থ অবস্থান থেকে পঞ্চম স্থানে নেমে যায়।

    অর্থাৎ অধিকাংশ ক্রেতার কাছে চীন একটি কাঠামোগতভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু এখনো দ্বিতীয় সারির অস্ত্র সরবরাহকারী।

    চীনা অস্ত্র এসব দেশের সামরিক সক্ষমতার কিছু ক্ষেত্রে পরিবর্তন আনছে এবং কৌশলগতভাবে বিকল্প বেছে নেওয়ার সুযোগ তৈরি করছে। তবে তাদের সামগ্রিক সামরিক শক্তির কাঠামো এখনো চীনা অস্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়েনি।

    এই অবস্থানকে বলা যায় ‘দ্বিতীয় সারির কেন্দ্রীয় গুরুত্ব’।

    এর ফলে সংশ্লিষ্ট দেশগুলোর ওপর বেইজিংয়ের প্রভাব বিস্তারের ক্ষমতা সীমিত থাকছে। তবে একই সঙ্গে চীন নতুন অস্ত্রব্যবস্থা ও অর্থায়নের মডেল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাচ্ছে। এ ক্ষেত্রে অংশীদার দেশগুলোর মূল প্রতিরোধ সক্ষমতার সম্পূর্ণ দায়ভারও তাকে বহন করতে হচ্ছে না।

    ২০২৬ সাল পর্যন্ত চীনের রপ্তানিকৃত অস্ত্রব্যবস্থার অধিকাংশই প্রচলিত প্রযুক্তিনির্ভর। তবে গণমুক্তি ফৌজের জন্য তৈরি চালকবিহীন ব্যবস্থা, সেন্সর ও তথ্য প্রক্রিয়াকরণ প্রযুক্তির অগ্রগতি ভবিষ্যতের অস্ত্র রপ্তানির ভিত্তি তৈরি করছে।

    এসব অস্ত্রব্যবস্থায় ধীরে ধীরে আরও উন্নত স্বয়ংক্রিয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যুক্ত হবে।

    বাস্তব যুদ্ধে কার্যকারিতা ও চীনা অস্ত্রের বিশ্বাসযোগ্যতা

    ২০১০-এর দশকের মাঝামাঝি সময় থেকে চীন তার অস্ত্রব্যবস্থার কার্যকারিতা প্রমাণে বিদেশি ব্যবহারকারীদের ওপর ক্রমেই বেশি নির্ভর করতে শুরু করেছে। দক্ষিণ এশিয়া এ ক্ষেত্রে সবচেয়ে দৃশ্যমান উদাহরণগুলোর একটি।

    ধারাবাহিক চুক্তির মাধ্যমে এই অঞ্চলের দেশগুলোতে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও নৌযুদ্ধের সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। একই সঙ্গে বেড়েছে যৌথ উৎপাদনের ব্যবস্থাও।

    পাকিস্তানের সঙ্গে যৌথভাবে তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান প্রকল্প এই সম্পর্কের অন্যতম ভিত্তি। পরবর্তী সময়ে পাকিস্তানের বিমানবাহিনীতে যুক্ত হয়েছে আরও উন্নত, কিন্তু তুলনামূলক সাশ্রয়ী জে-১০সিই যুদ্ধবিমান।

    তবে চীনা অস্ত্র বিক্রির ক্ষেত্রে দীর্ঘদিনের একটি সীমাবদ্ধতা হলো গণমুক্তি ফৌজের সরাসরি যুদ্ধের অভিজ্ঞতার অভাব।

    ভারতের সঙ্গে সীমান্তে বিচ্ছিন্ন কিছু সংঘর্ষ—যার সর্বশেষ উল্লেখযোগ্য ঘটনা ঘটে ২০২২ সালে এবং যেখানে সাধারণত আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি—এবং ১৯৮৮ সাল পর্যন্ত ভিয়েতনামের সঙ্গে সংঘর্ষের ঘটনাগুলো বাদ দিলে চীন ১৯৭৯ সালে ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধের পর আর কোনো বড় যুদ্ধে অংশ নেয়নি।

    তবে পাকিস্তানের সামরিক বাহিনীর বাস্তব অভিযানে চীনা অস্ত্র ব্যবহৃত হওয়ার ফলে সেগুলোর সক্ষমতা আন্তর্জাতিকভাবে আরও বেশি দৃশ্যমান হচ্ছে।

    ২০২৫ সালের মে মাসে পাকিস্তান বিমানবাহিনীর জে-১০সিই যুদ্ধবিমান ভারতের সঙ্গে আকাশযুদ্ধে অংশ নিয়েছিল বলে খবর প্রকাশিত হয়।

    পরবর্তী সময়ে বেইজিংও নিশ্চিত করে, ওই সংঘাতের সময় তারা পাকিস্তান বিমানবাহিনীকে সহায়তা দিয়েছিল।

    স্বাভাবিকভাবেই চীনা সূত্রগুলো জে-১০সিই যুদ্ধবিমানের কার্যকারিতাকে সফল হিসেবে তুলে ধরে এবং দাবি করে, ওই সংঘাতে তাদের কোনো যুদ্ধবিমান হারাতে হয়নি।

    তবে সংঘাতের প্রকৃত ফলাফল নিয়ে ভারত, পাকিস্তান, চীন ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিবরণে মতপার্থক্য রয়েছে।

    তা সত্ত্বেও এই সংঘাতের ঘটনাকে জে-১০সিই যুদ্ধবিমানের আন্তর্জাতিক বিপণনে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে।

    ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সম্ভাব্য অনেক ক্রেতার কাছে এই ধরনের ঘটনা চীনা যুদ্ধবিমানের বাস্তব যুদ্ধক্ষমতা মূল্যায়নের হাতে গোনা কয়েকটি উপলব্ধ উদাহরণের অন্যতম।

    এরই মধ্যে সম্ভাব্য ক্রেতাদের কেউ কেউ প্রকৃত ক্রেতায় পরিণত হচ্ছে।

    ২০২৬ সালের আগস্টে উজবেকিস্তান অন্তত ছয়টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার মাধ্যমে এই মডেলের দ্বিতীয় বিদেশি ব্যবহারকারী হিসেবে আত্মপ্রকাশ করে।

    অন্যদিকে ইন্দোনেশিয়াও জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে এগিয়েছে। দেশটি ২০২৭ সালের এপ্রিলের কাছাকাছি সময়ে প্রথম চালান পাওয়ার আশা করছে। দেশটির সম্ভাব্য ক্রয়াদেশ কয়েক ডজন যুদ্ধবিমান পর্যন্ত পৌঁছাতে পারে।

    উপসংহার

    চীনের অস্ত্র রপ্তানি কৌশল বেইজিংয়ের প্রত্যাশিত গতিতে এগোতে না পারলেও এর ফলাফল এখন শুধু কম দামে অস্ত্র সরবরাহের সুবিধার মধ্যে সীমাবদ্ধ নেই।

    প্রতিযোগিতামূলক অর্থায়ন, প্রযুক্তি ভাগাভাগির সুযোগ এবং পাকিস্তানের সামরিক অভিযানে চীনা অস্ত্রের দৃশ্যমান ব্যবহার আন্তর্জাতিক বাজারে এসব অস্ত্রের বিশ্বাসযোগ্যতা বাড়িয়েছে।

    ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অনেক দেশের কাছে চীনা অস্ত্র এখন আর শেষ অবলম্বন নয়, বরং একটি কার্যকর বিকল্প।

    তবে এর অর্থ এই নয় যে দেশগুলো ব্যাপকভাবে পশ্চিমা কিংবা রুশ অস্ত্র সরবরাহকারীদের ছেড়ে চীনের দিকে ঝুঁকে পড়ছে। বরং চীনের উত্থান অস্ত্র কেনার ক্ষেত্রে তাদের সামনে আরও বেশি বিকল্প তৈরি করছে এবং সামরিক সরঞ্জাম সংগ্রহের সিদ্ধান্তকে আরও জটিল করে তুলছে।

    ভবিষ্যতে চীনের রপ্তানিযোগ্য অস্ত্রব্যবস্থায় স্বয়ংক্রিয় প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আরও বাড়বে। এর মধ্যে থাকতে পারে লক্ষ্যবস্তুর ওপর দীর্ঘ সময় নজরদারি করে আঘাত হানতে সক্ষম লয়টারিং মিউনিশন, চালকবিহীন সহযোগী যুদ্ধবিমান বা ‘লয়্যাল উইংম্যান’ এবং সামরিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তাকারী সফটওয়্যার।

    এসব প্রযুক্তির বিস্তার ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সরকারগুলোর জন্য অস্ত্র কেনার সিদ্ধান্তকে আরও কঠিন করে তুলবে।

    কারণ, তখন শুধু অস্ত্রের দাম, কার্যকারিতা ও রাজনৈতিক সম্পর্ক বিবেচনা করলেই চলবে না। একই সঙ্গে ভাবতে হবে সামরিক তথ্যের ওপর নিজস্ব নিয়ন্ত্রণ বা ‘ডেটা সার্বভৌমত্ব’, কৃত্রিম বুদ্ধিমত্তার সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়ার অস্বচ্ছতা এবং বিদেশি প্রযুক্তির ওপর দীর্ঘমেয়াদি কৌশলগত নির্ভরতার ঝুঁকি নিয়েও।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তখন আর শুধু কোন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে, তা থাকবে না। বরং প্রশ্ন হবে, সেই অস্ত্রের প্রযুক্তি ও সফটওয়্যারের মাধ্যমে যুদ্ধক্ষেত্রের তথ্য কীভাবে দেখা, বিশ্লেষণ ও সিদ্ধান্তে রূপান্তর করা হচ্ছে—তার ওপর প্রকৃত নিয়ন্ত্রণ কার হাতে থাকছে।

    এভাবেই চীনের অস্ত্র রপ্তানি ভবিষ্যতে শুধু সামরিক সরঞ্জামের বাজারে প্রতিযোগিতা বাড়াবে না, ইন্দো-প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর প্রযুক্তিগত স্বাধীনতা ও কৌশলগত স্বায়ত্তশাসনের প্রশ্নকেও নতুনভাবে সামনে নিয়ে আসবে। সূত্র: এশিয়া টাইমস

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    বৈজ্ঞানিক গবেষণার আড়ালে সমুদ্রের গভীরে কী করছে চীন?

    নভেম্বর 20, 2026
    বিশ্ব অর্থনীতি

    এআইয়ের উত্থানে শক্তিশালী ডলার, ধস নামলে কী হবে বিশ্ব অর্থনীতির?

    নভেম্বর 20, 2026
    ব্যাংক

    ব্যাংক একীভূতকরণ উদ্যোগ: আস্থা ফিরবে নাকি বাড়বে অস্থিরতা?

    নভেম্বর 20, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.