গাজা এখন এমন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, যার দৃশ্য গোটা বিশ্বের কাছে পরিচিত, অথচ সেই বাস্তবতার মুখোমুখি হতে বিশ্ব যেন বারবার ব্যর্থ হচ্ছে। বহুতল আবাসিক ভবনগুলো কংক্রিটের ধুলায় মিশে গেছে। হাসপাতালগুলো কোনোভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করছে। নিশ্চিহ্ন হয়ে গেছে রাস্তাঘাট। ধ্বংসস্তূপের নিচে স্বজনদের খুঁজে ফিরছে পরিবারগুলো। শিশুরা প্লাস্টিকের ব্যাগে বহন করছে নিজেদের হারিয়ে যাওয়া শৈশবের শেষ স্মৃতিচিহ্ন। একের পর এক জনপদ এমনভাবে ধ্বংস হয়েছে যে সেগুলো আর চেনার উপায় নেই।
এসব কোনো কাল্পনিক ভয়াবহ চলচ্চিত্রের দৃশ্য নয়। এগুলো বাস্তব এক ভূখণ্ডের নথিবদ্ধ চিত্র। সাংবাদিক, চিকিৎসাকর্মী, মানবিক সহায়তা সংস্থা এবং ধ্বংসযজ্ঞের মধ্যেও ক্যামেরা হাতে সত্য তুলে ধরা ফিলিস্তিনিরা এসব দৃশ্য ধারণ করেছেন। কূটনৈতিক ভাষার আড়ালে যে মানবিক বিপর্যয়কে প্রায়ই বিমূর্ত করে তোলা হয়, ক্যামেরা তার অনিচ্ছাকৃত সাক্ষী হয়ে উঠেছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, গাজায় ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। কিন্তু শুধু নিহতের সংখ্যা দিয়ে এই ধ্বংসযজ্ঞের প্রকৃত ব্যাপ্তি বোঝা সম্ভব নয়। ঘরবাড়ি, স্বাস্থ্যব্যবস্থা, পানির সরবরাহ, শিক্ষাপ্রতিষ্ঠান এবং মানুষের বেঁচে থাকার মৌলিক অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ার ঘটনা আরও গভীর একটি প্রশ্ন সামনে আনে: একটি জনগোষ্ঠীর সম্মিলিত জীবনধারণের ভিত্তিগুলো যখন পরিকল্পিতভাবে ভেঙে দেওয়া হয়, তখন তাদের অস্তিত্বের কী পরিণতি ঘটে?
এই প্রশ্নই এখন ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যার মামলার কেন্দ্রে রয়েছে। মামলাটি বিচারাধীন রয়েছে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)। আদালত এখনো ইসরায়েলকে গণহত্যার জন্য দায়ী করে চূড়ান্ত রায় দেননি। তবে আদালতের দেওয়া অন্তর্বর্তীকালীন নির্দেশনাগুলো আইনগতভাবে বাধ্যতামূলক। আর গণহত্যা প্রতিরোধের দায়িত্ব বিচারকদের চূড়ান্ত রায় ঘোষণার পর শুরু হয় না।
২০২৬ সালের ১৯ নভেম্বর গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজের দেওয়া রায়ের প্রতি বিশ্বের বিশেষ মনোযোগ দেওয়া উচিত। মিয়ানমার ও গাজার পরিস্থিতি একেবারে অভিন্ন বলে নয়; বরং আদালত কীভাবে প্রমাণগুলো মূল্যায়ন করেছেন এবং সেই পদ্ধতি গাজার ঘটনাবলি বিশ্লেষণের ক্ষেত্রে কী শিক্ষা দেয়, সেটিই এখানে গুরুত্বপূর্ণ।
আন্তর্জাতিক বিচার আদালত রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমারকে দায়ী করেছেন। গুরুত্বপূর্ণ বিষয় হলো, গণহত্যা প্রমাণের আইনি মানদণ্ড আদালত আনুষ্ঠানিকভাবে শিথিল করেননি। বরং আদালত কঠোর সেই শর্তই বহাল রেখেছেন, যার অধীনে পারিপার্শ্বিক প্রমাণ থেকে গণহত্যার উদ্দেশ্য নির্ধারণ করতে হলে সেই উদ্দেশ্যই হতে হবে প্রমাণ থেকে পাওয়া একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত।
এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আদালতের সামগ্রিক প্রমাণ মূল্যায়নের পদ্ধতি। হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি, যৌন সহিংসতা, বৈষম্যমূলক নীতি, শিশুদের ওপর প্রভাব ফেলা আক্রমণ এবং জন্মরোধের উদ্দেশ্যে গৃহীত ব্যবস্থাগুলোকে আদালত বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনা করেননি। বরং এসব প্রমাণ রোহিঙ্গাদের প্রতি সামগ্রিক আচরণের সঙ্গে কীভাবে সম্পর্কিত, তা পর্যালোচনা করেছেন।
প্রাতিষ্ঠানিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে দেখার ফলে প্রতিটি ঘটনার গুরুত্ব আরও স্পষ্ট হয়েছে। গাজার জন্য এখানেই রয়েছে মূল শিক্ষা। প্রতিটি ধ্বংসপ্রাপ্ত ভবন, প্রতিটি বাস্তুচ্যুত পরিবার কিংবা প্রতিটি সামরিক অভিযানকে আলাদাভাবে বিচার করে সামগ্রিক পরিস্থিতি বোঝা সম্ভব নয়। ঘটনাগুলোর মধ্যে বিদ্যমান ধারাবাহিকতা ও সামগ্রিক ধরন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোনো সরকারের উত্থাপিত নিরাপত্তাগত যুক্তিই আইনি অনুসন্ধানের চূড়ান্ত উত্তর হতে পারে না। আদালতকে দেখতে হবে কী করা হয়েছে, কীভাবে করা হয়েছে, সুরক্ষিত জনগোষ্ঠীর ওপর তার কী প্রভাব পড়েছে এবং সব প্রমাণ একসঙ্গে বিবেচনা করলে সংশ্লিষ্ট উদ্দেশ্য সম্পর্কে কী বোঝা যায়।
গাজার ক্ষেত্রে এর অর্থ হলো বেসামরিক অবকাঠামো ধ্বংস, অপরিহার্য সেবাব্যবস্থার বিপর্যয়, বারবার বাস্তুচ্যুতি, চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর ধ্বংস এবং ফিলিস্তিনিদের বেঁচে থাকতে বাধ্য হওয়া পরিস্থিতিকে সামগ্রিকভাবে মূল্যায়ন করা।
এসব ঘটনার কোনো একটিই আলাদাভাবে গণহত্যা প্রমাণ করে না। কিন্তু বৃহত্তর প্রমাণের পরিসর থেকেও কোনো ঘটনাকে বাদ দেওয়া উচিত নয়।
মূল প্রশ্ন হলো, গণহত্যা সনদের কঠোর আইনি মানদণ্ড অনুযায়ী সব ঘটনা ও প্রমাণ একসঙ্গে মূল্যায়ন করলে কি এই সিদ্ধান্তে পৌঁছানো যায় যে, একটি সুরক্ষিত জনগোষ্ঠী হিসেবে গাজার ফিলিস্তিনিদের সম্পূর্ণ বা উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যে নিষিদ্ধ কর্মকাণ্ড সংঘটিত হয়েছে?
মিয়ানমারের রায় গাজার মামলার উত্তর আগাম নির্ধারণ করে দেয় না। তবে এটি স্পষ্ট করে, কেন এই প্রশ্নের মুখোমুখি হওয়া জরুরি এবং কেন বাস্তবতা থেকে চোখ ফিরিয়ে নেওয়ার সুযোগ নেই।
একটি ভূখণ্ডের ধ্বংস মানে বেঁচে থাকার ভিত্তিরও ধ্বংস
গাজার বিপর্যয়কে শুধু ধ্বংসপ্রাপ্ত ভবনের সংখ্যা দিয়ে ব্যাখ্যা করার মধ্যে গভীর বিভ্রান্তি রয়েছে।
একটি হাসপাতাল নিছক কংক্রিটের স্থাপনা কিংবা চিকিৎসা সরঞ্জামের সমষ্টি নয়। এটি মানুষের বেঁচে থাকার সম্ভাবনা। একটি পানির সরবরাহব্যবস্থা কেবল অবকাঠামো নয়; এটি সুস্থ জীবন ও রোগব্যাধির মধ্যকার পার্থক্য। একটি বাড়ি শুধু ইট-পাথরের কাঠামো নয়; এটি স্মৃতি, ব্যক্তিগত পরিসর, পরিবার এবং আপন ঠিকানার অনুভূতি।
যখন এই ভিত্তিগুলো ব্যাপকভাবে ধ্বংস হয়ে যায়, তখন তার পরিণতি একটি আক্রমণের তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এর প্রভাব পড়ে মানুষ নিজ এলাকায় থাকতে পারবে কি না, শিশুরা নিরাপদে বড় হতে পারবে কি না, রোগীরা চিকিৎসা পাবে কি না এবং পরিবারগুলো নতুন করে জীবন গড়ে তোলার বাস্তব সুযোগ পাবে কি না—এসব মৌলিক প্রশ্নের ওপর।
গণহত্যা সনদের দ্বিতীয় অনুচ্ছেদের (গ) ধারায় এমন জীবনযাপনের পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে চাপিয়ে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে, যার উদ্দেশ্য একটি সুরক্ষিত জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে শারীরিকভাবে ধ্বংস করা।
এ ক্ষেত্রে আইনি মানদণ্ড অত্যন্ত কঠোর। শুধু বঞ্চনা কিংবা বাস্তুচ্যুতি ঘটলেই স্বয়ংক্রিয়ভাবে এই অপরাধ প্রতিষ্ঠিত হয় না। আদালতকে পরিস্থিতির প্রকৃতি, শারীরিক ধ্বংস ঘটানোর সক্ষমতা এবং গণহত্যা সনদের অধীনে প্রয়োজনীয় সুনির্দিষ্ট উদ্দেশ্য মূল্যায়ন করতে হয়।
মিয়ানমারের রায় বিশেষভাবে শিক্ষণীয়। কারণ, আদালত প্রতিটি অভিযোগকে গণহত্যার আওতায় আনার জন্য আইনের সীমা প্রসারিত করেননি। জীবনযাপনের পরিস্থিতি পরীক্ষা করলেও আদালত সন্তুষ্ট হননি যে, দ্বিতীয় অনুচ্ছেদের (গ) ধারার নির্দিষ্ট অপরাধটি প্রতিষ্ঠার জন্য যথেষ্ট প্রমাণ রয়েছে। গণহত্যার বিষয়ে আদালতের সিদ্ধান্ত দাঁড়িয়েছিল অন্য নিষিদ্ধ কর্মকাণ্ডের ভিত্তিতে।
এই পার্থক্য গাজার পরিস্থিতি নিয়ে আইনি অনুসন্ধানকে আরও শক্তিশালী করার কথা। এটি দেখায়, সব ধরনের দুর্ভোগকে একই আইনি শ্রেণিতে না ফেলেও আদালত গণহত্যার অস্তিত্ব স্বীকার করতে পারেন। একই সঙ্গে এটি সরকারগুলোকে স্মরণ করিয়ে দেয়, বেসামরিক জীবন ধ্বংসের ঘটনাগুলো রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে উড়িয়ে না দিয়ে প্রমাণের ভিত্তিতে তদন্ত করতে হবে।
ক্যামেরায় ধারণ করা বাস্তবতাকে কূটনৈতিক ভাষা দিয়ে আড়াল করা যায় না।
গাজার ঘটনাবলির প্রামাণ্য নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিক, মানবিক সহায়তাকর্মী, চিকিৎসাকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের ধারণ করা ছবি ও ভিডিও বিশ্ববাসীর পক্ষে এই ধ্বংসযজ্ঞকে দূরবর্তী কিংবা অজানা ঘটনা হিসেবে উপেক্ষা করা কঠিন করে তুলেছে।
হাসপাতালের কোনো ওয়ার্ডের ভিডিও, ধ্বংস হয়ে যাওয়া এলাকায় ফিরে আসা একটি পরিবার, পানির সন্ধানে ঘুরে বেড়ানো একটি শিশু কিংবা ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধারকর্মীর অনুসন্ধানের দৃশ্য—এসবের কোনো একটিই নিজে থেকে গণহত্যার উদ্দেশ্যের প্রমাণ নয়।
আইনি সিদ্ধান্তের জন্য প্রয়োজন প্রমাণের সত্যতা যাচাই, যথাযথ প্রেক্ষাপট এবং কঠোর মূল্যায়ন। তবে এ ধরনের নথি কী ঘটেছে, কখন ঘটেছে, কারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বেসামরিক মানুষের জীবনধারণের পরিস্থিতি কীভাবে বদলে গেছে, তা প্রতিষ্ঠায় সহায়তা করতে পারে।
তাই এসব প্রমাণ সংরক্ষণ করা অপরিহার্য। সরকারগুলোর উচিত স্বাধীন তদন্তে সহায়তা করা, সাক্ষীদের সুরক্ষা দেওয়া, ডিজিটাল প্রমাণ সংরক্ষণ করা এবং সাংবাদিক ও মানবিক সহায়তাকর্মীদের নিরাপদে কাজ করার পরিবেশ নিশ্চিত করা।
প্রমাণ ধ্বংসের মাধ্যমে দায়মুক্তি পাওয়ার আরেকটি পথ তৈরি হতে দেওয়া যায় না।
একই সঙ্গে ফিলিস্তিনিদের দুর্ভোগকে ক্ষণিকের জন্য দেখা এবং পরে ভুলে যাওয়ার মতো দৃশ্যপটে পরিণত করার প্রবণতাও প্রতিরোধ করতে হবে। এসব ছবি নিছক সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট নয়। এগুলো মানুষের জীবনের দলিল এবং জবাবদিহি প্রতিষ্ঠার সম্ভাব্য প্রমাণ।
চূড়ান্ত রায়ের অপেক্ষায় গণহত্যা প্রতিরোধের দায়িত্ব স্থগিত থাকে না
দক্ষিণ আফ্রিকা বনাম ইসরায়েল মামলার মূল বিষয়ে আইসিজে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি। আদালতের অন্তর্বর্তীকালীন নির্দেশনাগুলো গণহত্যার চূড়ান্ত স্বীকৃতি নয়, কিন্তু সেগুলো বাধ্যতামূলক। মামলাটি শেষ হতে কয়েক বছর লেগে যেতে পারে। সেই সময়সীমাকে নিজেদের দায়িত্ব পালনে বিলম্ব করার অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে না সরকারগুলো।
গণহত্যা সনদ অনুযায়ী, কোনো রাষ্ট্র যখন জানে অথবা স্বাভাবিক পরিস্থিতিতে তার জানা উচিত যে গণহত্যা সংঘটিত হওয়ার গুরুতর ঝুঁকি রয়েছে, তখনই গণহত্যা প্রতিরোধের দায়িত্ব সৃষ্টি হয়।
বসনিয়া বনাম সার্বিয়া মামলায় আন্তর্জাতিক বিচার আদালত এই নীতি ব্যাখ্যা করেছেন। এ দায়িত্বের মূল ভিত্তি হলো যথাযথ সতর্কতা ও উদ্যোগ গ্রহণ। অর্থাৎ সংশ্লিষ্ট পরিস্থিতিতে প্রভাব বিস্তারের ক্ষমতা এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার সামর্থ্য বিবেচনায় রেখে রাষ্ট্রগুলোকে নিজেদের হাতে থাকা যুক্তিসংগত উপায়গুলো ব্যবহার করতে হবে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, কানাডা এবং ইসরায়েলের সঙ্গে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে—এমন অন্যান্য সরকারের জন্য এর তাৎপর্য তাৎক্ষণিক।
গণহত্যা সনদ এবং নিজ নিজ দেশের আইনের আলোকে তাদের অস্ত্র সরবরাহ, সামরিক সহযোগিতা ও অন্যান্য সহায়তার সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি পর্যালোচনা করতে হবে। যেখানে গুরুতর ঝুঁকি যথাযথভাবে কমানো সম্ভব নয়, সেখানে আইন অনুযায়ী অস্ত্র হস্তান্তর পুনর্বিবেচনা কিংবা স্থগিত করতে হবে।
একই সঙ্গে আইসিজের নির্দেশনা প্রতিপালনে চাপ সৃষ্টি, মানবিক সহায়তা পৌঁছানোর সুযোগ সুরক্ষিত রাখা, অপরিহার্য বেসামরিক সেবাগুলো পুনরুদ্ধারে সহায়তা এবং ভবিষ্যৎ জবাবদিহির জন্য প্রমাণ সংরক্ষণে সরকারগুলোকে নিজেদের কূটনৈতিক প্রভাব কাজে লাগাতে হবে।
এর অর্থ এই নয় যে ইসরায়েলকে অস্ত্র সরবরাহকারী প্রতিটি রাষ্ট্র স্বয়ংক্রিয়ভাবে গণহত্যায় সহায়তার অপরাধে দায়ী হয়ে যায়।
গণহত্যায় সহযোগিতার দায় এবং গণহত্যা প্রতিরোধের স্বাধীন দায়িত্ব দুটি পৃথক আইনি প্রশ্ন। তবে সরকারগুলো এ দাবি করতে পারে না যে, চূড়ান্ত রায়ের পরই তাদের দায়িত্ব শুরু হবে।
কারণ, ক্ষতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর পর্যন্ত অপেক্ষা করতে হলে গণহত্যা প্রতিরোধের ধারণাটিই অর্থহীন হয়ে পড়ে।
আন্তর্জাতিক সম্প্রদায় বারবার নিজেদের নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার রক্ষক হিসেবে তুলে ধরেছে। সুদান ও মিয়ানমারে সংঘটিত নৃশংসতার জন্য জবাবদিহি দাবি করেছে। অথচ গাজার বিষয়ে তাদের প্রতিক্রিয়া আন্তর্জাতিক ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়ে গভীর প্রশ্ন তৈরি করেছে।
কোনো মিত্ররাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলে আন্তর্জাতিক আইনের সর্বজনীন প্রয়োগ যেন দুর্বল হয়ে পড়ে।
মিয়ানমারের রায় এই অসংগতিকে সমর্থন করা আরও কঠিন করে তুলেছে। অভিযুক্ত রাষ্ট্র রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন থাকলে সরকারগুলো যদি আইসিজের যুক্তি গ্রহণ করে, অথচ অভিযুক্ত রাষ্ট্র কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হলে একই নীতি প্রয়োগে দ্বিধা করে, তাহলে তারা সর্বজনীন আইনের পক্ষে দাঁড়াচ্ছে না। বরং রাজনৈতিক সুবিধার ভিত্তিতে তৈরি এক বৈষম্যমূলক অবস্থানকে রক্ষা করছে।
আন্তর্জাতিক বিচার আদালতের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকতে হবে। সরকারগুলোর উচিত নয় আদালতের রায় নির্ধারণের চেষ্টা করা কিংবা বিচারকদের কী সিদ্ধান্ত দেওয়া উচিত, তা আগাম ঘোষণা করা।
তবে আদালতের বাধ্যতামূলক নির্দেশনা মেনে চলা, বিচারিক কার্যক্রমে সহায়তা করা এবং গণহত্যা প্রতিরোধে নিজেদের দায়িত্ব পালন করা তাদের কর্তব্য।
চূড়ান্ত রায় আসতে কয়েক বছর লেগে যেতে পারে। কিন্তু ধ্বংসযজ্ঞের ছবিগুলো ইতিমধ্যেই বিশ্বের সামনে রয়েছে। প্রমাণ নথিবদ্ধ হচ্ছে। মানুষের জীবনে এর ভয়াবহ পরিণতি প্রতিনিয়ত প্রকাশ পাচ্ছে।
মিয়ানমারের ঘটনা বিশ্বকে শিখিয়েছে, ধ্বংসযজ্ঞের প্রমাণকে সুবিধাজনক ব্যাখ্যার জন্য বিচ্ছিন্ন না করে সামগ্রিকভাবে মূল্যায়ন করতে হয়। গাজা এখন প্রশ্ন তুলছে, বিশ্ব সেই শিক্ষা আদৌ গ্রহণ করেছে কি না। আইন অনুযায়ী সিদ্ধান্ত দেওয়ার দায়িত্ব আইসিজের। কিন্তু আরও ধ্বংস প্রতিরোধের সুযোগ হারিয়ে যাওয়ার আগেই পদক্ষেপ নেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নিতে হবে বৈশ্বিক উত্তর তথা উন্নত ও প্রভাবশালী দেশগুলোকে।
- কুরনিয়াওয়ান আরিফ মাসপুল, একজন গবেষক এবং আন্তঃশাস্ত্রীয় লেখক, যিনি ইসলামী কূটনীতি ও দক্ষিণ-পূর্ব এশীয় রাজনৈতিক চিন্তাধারার উপর আলোকপাত করেন। সূত্র: মিডল ইস্ট মনিটর

