এএফপি
ইউরোপের বিভিন্ন দেশে স্কুলে ভুয়া বোমা হামলার হুমকির ধারাবাহিকতার মধ্যে জার্মানির শত শত স্কুলেও ই-মেইলে একই ধরনের হুমকি পাঠানো হয়েছে। তবে দেশটির পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত এসব হুমকি থেকে তাৎক্ষণিক কোনো বিপদের ইঙ্গিত পাওয়া যায়নি।
রাজধানী বার্লিনের পাশাপাশি বাডেন-ভুর্টেমবার্গ, থুরিঙ্গিয়া, স্যাক্সনি-আনহাল্ট ও রাইনল্যান্ড-প্যালাটিনেট অঙ্গরাজ্যের বিভিন্ন স্কুল বোমা হামলার হুমকি পাওয়ার কথা জানিয়েছে।
শুধু দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাডেন-ভুর্টেমবার্গেই ৪৫০টির বেশি স্কুলে এমন হুমকিমূলক ই-মেইল পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কর্তৃপক্ষ বলেছে, এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে হামলার তাৎক্ষণিক ঝুঁকি নেই। স্থানীয় বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।
কিছু স্কুল খালি করা হয়েছে
বার্লিন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, যেসব স্কুল হুমকিমূলক ই-মেইল পেয়েছে, সেগুলোর বিরুদ্ধে সুনির্দিষ্ট হামলার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।
তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি স্কুল খালি করা হয়েছে।
অন্যদিকে রাইনল্যান্ড-প্যালাটিনেট পুলিশের ভাষ্য অনুযায়ী, বিভিন্ন স্কুলে পাঠানো ই-মেইলগুলো প্রায় একই ধরনের ছিল।
অজ্ঞাতনামা প্রেরকেরা দাবি করেছে, স্কুল ভবনের ভেতরে বিস্ফোরক ডিভাইস রাখা হয়েছে এবং সেগুলো বিস্ফোরণ ঘটানো হবে।
পুলিশ বলেছে, পুরো বিষয়টি নিয়ে তদন্ত চলছে। একই সঙ্গে তারা সতর্ক করেছে, এ ধরনের হুমকি জনসাধারণের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা তৈরি করতে পারে এবং এটি ফৌজদারি অপরাধের মধ্যে পড়ে।
ই-মেইলে লেখা ছিল ‘মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে’
জার্মান ট্যাবলয়েড বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, হুমকিমূলক ই-মেইলগুলোর একটিতে লেখা ছিল, ‘মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে।’
তবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, স্কুলগুলোকে সাধারণভাবে খালি করার কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
তাঁর ভাষ্য অনুযায়ী, এই ঘটনাগুলো বর্তমানে নিরাপত্তা কর্তৃপক্ষের সামনে থাকা সামগ্রিক হুমকির ধরনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
হুমকির পেছনে কারা থাকতে পারে, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
বার্লিনে সাংবাদিকদের ওই মুখপাত্র বলেন, স্কুল কর্তৃপক্ষ এবং জার্মানির বিভিন্ন অঙ্গরাজ্যের নিরাপত্তা সংস্থাগুলো এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেবে।
ইউরোপের অন্য দেশেও একই ধরনের ঘটনা
গত কয়েক সপ্তাহে ইতালি, যুক্তরাজ্য, হাঙ্গেরি ও সার্বিয়ার শত শত স্কুলেও ভুয়া বোমা হামলার হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর ঘটনা ঘটেছে।
তবে এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো পরিষ্কার নয়।
সাম্প্রতিক সময়ে ইউরোপে ভুয়া বোমা সতর্কতার কারণে একাধিক ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। পাশাপাশি কয়েকটি দেশের সুপারমার্কেটের রেফ্রিজারেশন ব্যবস্থায় সাইবার হামলার ঘটনাও সামনে এসেছে।
জার্মান কর্তৃপক্ষ এখন স্কুলগুলোতে পাঠানো হুমকিমূলক ই-মেইলের উৎস শনাক্তের চেষ্টা করছে। তবে প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হলেও সাধারণ মানুষের জন্য তাৎক্ষণিক কোনো গুরুতর ঝুঁকি নেই।

