টিআরটি ওয়ার্ল্ড
হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা যখন নতুন মাত্রা পাচ্ছে, তখন ওয়াশিংটনের বিরুদ্ধে কয়েক দশকের ক্ষয়ক্ষতির হিসাব সামনে এনেছে তেহরান। ইরানের আদালত যুক্তরাষ্ট্রের কাছ থেকে মোট ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ আদায়ের পক্ষে রায় দিয়েছেন বলে দাবি করেছে দেশটির বিচার বিভাগ। একই সময়ে মার্কিন নৌ অবরোধকে ‘সামরিক আগ্রাসন’ আখ্যা দিয়ে তা মোকাবিলায় হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে ইরান।
টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিচার বিভাগের আইনজীবীবিষয়ক কেন্দ্রের প্রধান হাসান আবদোলিয়ানপুর রাষ্ট্রীয় টেলিভিশনকে ক্ষতিপূরণ দাবির বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করা বিভিন্ন মামলায় ইরানি আদালতগুলো থেকে ২৯ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ আদায়ের পক্ষে রায় পাওয়া গেছে।
তেহরানের ভাষ্য অনুযায়ী, কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কর্মকাণ্ডে ইরানের যে ক্ষতি হয়েছে, তার ভিত্তিতেই এই অর্থ দাবি করা হয়েছে।
শুধু যুক্তরাষ্ট্র নয়, ইরানে হামলার জন্য ওয়াশিংটনকে নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ দেওয়ার অভিযোগে উপসাগরীয় কয়েকটি আরব দেশের বিরুদ্ধেও মামলা করা হয়েছে বলে জানিয়েছেন আবদোলিয়ানপুর।
নৌ অবরোধকে ‘সামরিক আগ্রাসন’ বলছে তেহরান
ক্ষতিপূরণের দাবি এমন সময়ে সামনে এল, যখন যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ নিয়েও কঠোর অবস্থান নিয়েছে ইরান।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ এপ্রিল ইরানের ওপর নৌ অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র। জুনে একটি খসড়া সমঝোতার পর সেটি তুলে নেওয়া হলেও সমঝোতা ভেঙে যাওয়ার পর ১৪ জুলাই থেকে আবার অবরোধ কার্যকর করা হয়।
সোমবার সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, ‘আমরা অবশ্যই এসব কর্মকাণ্ড মেনে নেব না। যুক্তরাষ্ট্রের আগ্রাসন মোকাবিলায় আমাদের হাতে থাকা সব ধরনের উপায় ব্যবহার করব।’
তাঁর দাবি, ওয়াশিংটন যেসব পদক্ষেপকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, অর্থনৈতিক অবরোধ ও নৌ অবরোধ হিসেবে বর্ণনা করছে, সেগুলো বাস্তবে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের শামিল।
জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের কথাও উল্লেখ করেন বাঘেই। তাঁর ভাষ্য, বর্তমান পরিস্থিতিতে আত্মরক্ষার জন্য ইরানের হাতে থাকা যেকোনো উপায় ব্যবহারের অধিকার রয়েছে।
হরমুজ এখন সংঘাতের কেন্দ্র
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার মধ্য দিয়ে সংঘাত শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এরপর ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। একই সময়ে লেবানন, ইয়েমেন ও ইরাকে ইরান-সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সংঘাতে যুক্ত হওয়ায় যুদ্ধের পরিধিও বিস্তৃত হয়।
এই সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে হরমুজ প্রণালি।
বিশ্বের জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথে নৌচলাচল সীমিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইরান। তেহরানকে সেই অবস্থান থেকে সরিয়ে আনতেই ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্র নৌ অবরোধ আরোপ করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এর পাশাপাশি ইরানের ওপর আরও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে ওয়াশিংটন। স্থলপথে পণ্য পরিবহন ব্যাহত করতে একটি বিশেষ টাস্কফোর্সও গঠন করা হয়েছে।
গত কয়েক সপ্তাহে ইরানের সামরিক বাহিনী একাধিকবার দাবি করেছে, তেহরানের নিষিদ্ধ ঘোষণা করা নৌপথ ব্যবহার করতে গিয়ে কয়েকটি জাহাজে আগুন ধরেছে।
অর্থনীতিতে বাড়ছে চাপ
আল জাজিরার তেহরান প্রতিনিধি রেসুল সেরদার আতাসের ভাষ্য অনুযায়ী, মার্কিন নৌ অবরোধ ইরানের অর্থনীতিতে বড় ধরনের চাপ তৈরি করছে।
তিনি বলেন, ইরানের মোট আমদানি-রপ্তানির ৮০ শতাংশের বেশি হরমুজ প্রণালি অথবা দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলোর মাধ্যমে পরিচালিত হয়।
এ কারণে নৌ অবরোধ দীর্ঘায়িত হলে ইরানের বৈদেশিক বাণিজ্য আরও চাপে পড়তে পারে।
আতাসের মতে, অবরোধ কাটিয়ে উঠতে বিকল্প উপায় খুঁজছে তেহরান। এ আলোচনায় ইরানের আশপাশে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলার বিষয়টিও রয়েছে বলে তিনি জানিয়েছেন।
তাঁর ভাষায়, ‘এ মুহূর্তে উত্তেজনা আরও বাড়ানোই আলোচনার টেবিলে থাকা প্রধান বিকল্প।’
‘শর্ত মানলে দুই দিনেই খুলবে হরমুজ’
তবে সামরিক উত্তেজনার পাশাপাশি আলোচনার দরজাও পুরোপুরি বন্ধ করেনি ইরান।
জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে খসড়া সমঝোতা হয়েছিল, তাতে স্থায়ীভাবে সংঘাত বন্ধের একটি রোডম্যাপ ছিল। পরে সেটি ভেঙে যাওয়ার পর কূটনৈতিক প্রক্রিয়া কার্যত স্থবির হয়ে পড়ে।
ইরান এখন বলছে, ওয়াশিংটন তাদের শর্ত মেনে নিলে দুই দিনের মধ্যেই হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব।
তেহরানের প্রধান শর্তগুলোর মধ্যে রয়েছে যুদ্ধ বন্ধ করা, নৌ অবরোধ প্রত্যাহার এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া।
ইসমাইল বাঘেই বলেন, যুক্তরাষ্ট্র তাদের প্রতিশ্রুতি পূরণ করলে খুব অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালি ও পুরো অঞ্চলে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব।

