আফ্রিকার দেশ গিনির অর্থনৈতিক সংস্কার ও সরকারি আর্থিক ব্যবস্থাপনা শক্তিশালী করতে ৪২৫ মিলিয়ন ডলারের অর্থনৈতিক কর্মসূচি অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। ২০২৬ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছর মেয়াদি এ কর্মসূচির লক্ষ্য সরকারি রাজস্ব আয় বাড়ানো, বাজেটে স্বচ্ছতা নিশ্চিত করা এবং দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করা।
গিনির অর্থনীতি, অর্থ ও বাজেটবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, গত ২৩ নভেম্বর ওয়াশিংটনে আইএমএফের নির্বাহী পর্ষদ কর্মসূচিটি অনুমোদন করে। এতে মোট ৩১০ দশমিক ৫৯ মিলিয়ন বিশেষ অঙ্কন অধিকার (এসডিআর) অর্থায়ন রাখা হয়েছে, যা আইএমএফে গিনির কোটার ১৪৫ শতাংশ। এই অর্থের বর্তমান ডলারমূল্য প্রায় ৪২৫ মিলিয়ন। আইএমএফের বর্ধিত ঋণসুবিধা (ইসিএফ) ও বর্ধিত তহবিল সুবিধার (ইএফএফ) আওতায় কর্মসূচিটি বাস্তবায়িত হবে।
এর আগে গত আগস্টে আইএমএফের সঙ্গে গিনির প্রাথমিক সমঝোতা হয়েছিল। তখন একই পরিমাণ ৩১০ দশমিক ৫৯ মিলিয়ন এসডিআরের অর্থায়নকে প্রায় ৪৩৯ মিলিয়ন ডলার হিসেবে উল্লেখ করা হয়েছিল। চূড়ান্ত অনুমোদনের সময় ডলারে এর মূল্য কম দেখালেও এসডিআরে অর্থায়নের পরিমাণ অপরিবর্তিত রয়েছে।
গিনির প্রধানমন্ত্রী আমাদু উরি বাহ দীর্ঘ আলোচনার পর চুক্তি অনুমোদন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তাঁর মতে, আইএমএফের সহায়তা শুধু অর্থায়নের সুযোগ তৈরি করবে না, বরং অর্থনীতি পরিচালনায় প্রয়োজনীয় কারিগরি জ্ঞান, বিশেষজ্ঞ পরামর্শ ও দক্ষতাও বাড়াবে। এই কর্মসূচির মাধ্যমে দেশের অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ, বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন, সরকারি ঋণ ব্যবস্থাপনা এবং আর্থিক জবাবদিহি উন্নত করার পরিকল্পনা রয়েছে।
বক্সাইট ও লৌহ আকরিকসহ বিপুল খনিজ সম্পদে সমৃদ্ধ গিনি এখন সিমান্দু লৌহ আকরিক খনি প্রকল্পকে কেন্দ্র করে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর চেষ্টা করছে। দেশটির দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা ‘সিমান্দু ২০৪০’-এর সঙ্গেও আইএমএফের এই কর্মসূচির সম্পর্ক রয়েছে। তবে খনিজ সম্পদের আয়কে দেশের সামগ্রিক উন্নয়নে কাজে লাগানোই গিনির বড় চ্যালেঞ্জ। প্রধানমন্ত্রীও স্বীকার করেছেন, কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে প্রশাসনিক সক্ষমতা বাড়ানো এবং সংস্কার কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া কঠিন হবে।

