আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এখন অস্তিত্বগত সংকটের মুখে। আদালতটির কার্যক্রম ও এখতিয়ার নিয়ন্ত্রণকারী রোম সংবিধি সংশোধনের উদ্যোগ নিচ্ছে এর সদস্যরাষ্ট্রগুলোর কয়েকটি—এমন আশঙ্কা তৈরি হয়েছে। আর এই উদ্যোগের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের চাপ। ওয়াশিংটনের দাবি মেনে চলতে গিয়ে আদালতটির স্বাধীনতা ও কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার সম্প্রতি সতর্ক করে বলেছেন, আইসিসির সদস্যরাষ্ট্রগুলো ট্রাম্প প্রশাসনের সঙ্গে ‘গঠনমূলক সংলাপের’ নামে বিপজ্জনক পথে এগোচ্ছে। আদালতের স্বাগতিক দেশ নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেনও স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত রয়েছে তাঁর দেশ। তবে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি।
আইসিসির ওপর কঠোর নিষেধাজ্ঞা কার্যকরের আগে ট্রাম্প প্রশাসন ছয় মাসের একটি ‘সুযোগকাল’ দিয়েছে। ওয়াশিংটনের ভাষ্য, এই সময়ের মধ্যে সদস্যরাষ্ট্রগুলো কূটনৈতিক ও আইনি সমাধানের ক্ষেত্রে ‘অর্থবহ অগ্রগতি’ দেখাতে পারবে। তবে যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য হলো, রোম সংবিধিতে এমন সংশোধন আনা, যাতে আইসিসিতে যোগ না দেওয়া কোনো দেশের নাগরিক আদালতটির এখতিয়ারের আওতায় না আসেন—অপরাধ যে দেশেই সংঘটিত হোক না কেন।
এই দাবি আইসিসির এখতিয়ারের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। প্রচলিত বিধান অনুযায়ী, আদালতের এখতিয়ারভুক্ত কোনো ভূখণ্ডে যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ কিংবা গণহত্যা সংঘটিত হলে অপরাধী যে দেশের নাগরিকই হোন না কেন, আইসিসি তাঁর বিরুদ্ধে তদন্ত করতে পারে।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন সময়ে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নাগরিকদের আইসিসির বিচারিক নজরদারি থেকে রক্ষা করতেই আদালতটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে মার্কিন নাগরিকদের বিরুদ্ধে আইসিসির তদন্তের আশঙ্কা এখন পর্যন্ত তৈরি হয়নি। সম্প্রতি আদালতের বিচারকেরা আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কথিত অপরাধের তদন্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তও দেখায়, মার্কিন নাগরিকদের বিরুদ্ধে তদন্তের ঝুঁকি কতটা সীমিত—এমনকি তদন্তের যৌক্তিক ভিত্তি থাকলেও।
অ্যাগনেস ক্যালামারের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের আরও দুটি দাবি রয়েছে। এর একটি হলো, রাষ্ট্রপ্রধানদের আইসিসির বিচার থেকে দায়মুক্তি দেওয়া। অন্যটি হলো, ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আদালতের তদন্ত বন্ধ করা। বর্তমানে গাজায় সম্ভাব্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে সংঘটিত নৃশংসতার অভিযোগও তদন্ত করছে আইসিসি।
আদালতের বিচারিক এখতিয়ার পরিবর্তন করতে হলে কয়েকটি সদস্যরাষ্ট্রের সমর্থন প্রয়োজন হবে। তবে লক্ষণীয় বিষয় হলো, আইসিসির ১২৫টি সদস্যরাষ্ট্রের কোনো দেশই এখন পর্যন্ত স্পষ্টভাবে বলেনি যে রোম সংবিধি নিয়ে কোনো আলোচনা বা দরকষাকষি হতে পারে না। অথচ ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার হুমকিতে আদালত ও এর সমর্থকেরা কার্যত চাপের মুখে রয়েছেন।
যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নেওয়া হলে আন্তর্জাতিক বিচারব্যবস্থার ক্ষতি হবে এমন মাত্রায়, যা ওয়াশিংটনের আরোপ করা নিষেধাজ্ঞার চেয়েও ভয়াবহ হতে পারে। নিষেধাজ্ঞা কিংবা আদালতের বিচারিক ক্ষমতা খর্ব করার মাধ্যমে আইসিসিকে অকার্যকর করার মার্কিন প্রচেষ্টা সফল হলে সবচেয়ে বেশি লাভবান হবেন সাম্প্রতিক দশকগুলোর ভয়াবহ অপরাধে জড়িত ব্যক্তিরা।
এই তালিকায় সবার আগে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। লেখাটির যুক্তি অনুযায়ী, আইসিসিকে দুর্বল করার ক্ষেত্রে ট্রাম্পের সবচেয়ে বড় লক্ষ্যগুলোর একটি হলো নেতানিয়াহুকে সুরক্ষা দেওয়া। গত ৩১ জুলাই ট্রাম্প নিজেই প্রকাশ্যে বলেছেন, আইসিসির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ যুক্তরাষ্ট্রের নাগরিকদের রক্ষার জন্য নয়, বরং নেতানিয়াহুর স্বার্থে নেওয়া হয়েছে।
ট্রাম্পের পরিকল্পনা সফল হলে গাজায় যুদ্ধ পরিচালনার ঘটনায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মুখে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী দায়মুক্তি পেতে পারেন। ইসরায়েল আইসিসির সদস্যরাষ্ট্র নয়। তবে ফিলিস্তিন আদালতটির সদস্য হওয়ায় ফিলিস্তিনি ভূখণ্ডে সংঘটিত অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার পেয়েছে আইসিসি।
ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে আইসিসির তদন্ত আদালতটির স্বাধীনতা ও নিরপেক্ষতার জন্য এক গুরুত্বপূর্ণ পরীক্ষাও। একই সঙ্গে ক্ষমতাবানদের বিরুদ্ধে সত্য তুলে ধরার সক্ষমতার প্রশ্নও এর সঙ্গে জড়িত। গাজায় সংঘটিত নৃশংসতার অভিযোগে আদালত ইতিমধ্যে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, সেগুলো প্রত্যাহার করতে বাধ্য হলে বিশ্বজুড়ে অনেকের কাছে স্পষ্ট হবে যে আইসিসি আইন কিংবা ভুক্তভোগীদের স্বার্থের বদলে ক্ষমতাধর রাষ্ট্রগুলোর সংকীর্ণ স্বার্থে পরিচালিত হচ্ছে।
আইসিসিকে দুর্বল করার আরেক বড় সুবিধাভোগী হতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে ট্রাম্প প্রশাসনের আগ্রহ দীর্ঘদিনের। অথচ ইউক্রেনের শিশুদের অপহরণ করে রাশিয়ার পরিবারগুলোর কাছে পাঠানোর অভিযোগে পুতিনের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সম্প্রতি আসিয়ানের সম্মেলনেও ট্রাম্প প্রকাশ্যে পুতিনের সঙ্গে মিলে আইসিসির বিরুদ্ধে কাজ করার প্রস্তাব দিয়েছেন।
ইউক্রেন আইসিসির বিচারিক এখতিয়ার মেনে নেওয়ায় পুতিনের বিরুদ্ধে ওই পরোয়ানা জারি করা সম্ভব হয়েছিল। কিন্তু আদালতের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা সফল হলে পুতিনের বিরুদ্ধে জারি করা পরোয়ানাটিও কার্যত অর্থহীন হয়ে পড়তে পারে। কারণ, রাশিয়া আইসিসির সদস্যরাষ্ট্র নয়।
মিয়ানমারের সামরিক জান্তার নেতারাও এমন পরিস্থিতিতে দায়মুক্তি পেতে পারেন। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর ধারাবাহিক নৃশংসতার অভিযোগ দীর্ঘদিনের। যুক্তরাষ্ট্রসহ বহু দেশ এসব ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালতও রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার অভিযোগের বিষয়ে রায় দিতে গিয়ে বলেছে, দেশটির কর্মকাণ্ডের ব্যাখ্যা হিসেবে ‘গণহত্যার উদ্দেশ্য’ ছাড়া অন্য কোনো যুক্তিসংগত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।
২০২৪ সালে আইসিসির কৌঁসুলি মিয়ানমারের জ্যেষ্ঠ জেনারেল ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিলেন। রোহিঙ্গাদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং তাঁদের ওপর নিপীড়নের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে।
মিয়ানমার আইসিসির সদস্যরাষ্ট্র নয়। তবে রোহিঙ্গাদের একটি বড় অংশ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ায় আদালতটির বিচারিক এখতিয়ার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ আইসিসির সদস্য হওয়ায় এই এখতিয়ার প্রয়োগের ভিত্তি পেয়েছে আদালত। ট্রাম্প যদি আইসিসির বিচারিক ক্ষমতা খর্ব করতে সফল হন, তাহলে মিন অং হ্লাইংসহ মিয়ানমারের অন্য অভিযুক্ত ব্যক্তিদেরও হেগের আদালতে বিচারের মুখোমুখি হওয়ার আশঙ্কা কমে যাবে।
বিষয়টি শুধু অতীতে সংঘটিত অপরাধের বিচার বন্ধ হয়ে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। আইসিসিকে দুর্বল করা হলে ভবিষ্যতে নতুন করে নৃশংসতা চালানোর ক্ষেত্রেও অপরাধীরা উৎসাহিত হতে পারেন। নেতানিয়াহু, পুতিন কিংবা মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে জারি করা পরোয়ানা কার্যকর করতে আদালত এখনো সফল হয়নি। কিন্তু যদি তাঁরা নিশ্চিত হন যে ভবিষ্যতে কোনো আদালতই তাঁদের অপরাধের জন্য জবাবদিহির আওতায় আনতে পারবে না, তাহলে তাঁদের মতো নেতাদের কর্মকাণ্ড আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।
আইসিসির পদক্ষেপের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধের সরাসরি ও সরল কোনো সম্পর্ক নেই। তবে নৃশংসতার জন্য আইনি পরিণতির ভয় না থাকলে সহিংসতা, মৃত্যু ও ধ্বংস আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতা না হয়ে বরং স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হতে পারে।
এ কারণে আইসিসির সদস্যরাষ্ট্রগুলোর উচিত, আদালতের বিচারিক এখতিয়ার দুর্বল করে এমন কোনো সমঝোতা বা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করা। একই সঙ্গে নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলা করে আদালতকে সুরক্ষিত রাখতে তাদের আরও দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
ওয়াশিংটন একা আইসিসিকে ধ্বংস করতে পারবে না। এ জন্য আদালতের সদস্যরাষ্ট্রগুলোর সহযোগিতা প্রয়োজন। ফলে ট্রাম্প প্রশাসনের চাপের মুখে সদস্যরাষ্ট্রগুলো যদি আপস করে, তাহলে আদালতটির স্বাধীনতা ও কার্যকারিতা নষ্ট হওয়ার পথ তারাই খুলে দেবে। আন্তর্জাতিক ন্যায়বিচারব্যবস্থাকে রক্ষা করতে হলে তাদের সেই আপস থেকে সরে আসতে হবে।
- মার্ক কার্স্টেন, ওয়ায়ামো ফাউন্ডেশনের একজন পরামর্শক এবং ফ্রেজার ভ্যালি বিশ্ববিদ্যালয়ের ফৌজদারি বিচার ও অপরাধবিদ্যা বিভাগের একজন সহকারী অধ্যাপক। সূত্র: আল জাজিরা

