মশা তাড়ানো বা কীটনাশক ছিটানোর প্রচলিত চেষ্টার বাইরে ডেঙ্গু মোকাবিলায় আশা জাগাচ্ছে ভিন্ন এক কৌশল। মশার শরীরে বিশেষ ব্যাকটেরিয়া প্রবেশ করিয়ে রোগ ছড়ানোর ক্ষমতা কমিয়ে দেওয়ার পদ্ধতিতে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন গবেষকেরা। ব্রাজিলে পরিচালিত এক বড় গবেষণায় দেখা গেছে, এতে ডেঙ্গু সংক্রমণ কমেছে ৬৮ দশমিক ৫ শতাংশ। চিকুনগুনিয়ার ক্ষেত্রে এই হার ৭৩ দশমিক ৩ শতাংশ।
এই কৌশলে ব্যবহার করা হয়েছে ‘ওলবাকিয়া’ নামের একটি প্রাকৃতিক ব্যাকটেরিয়া। মানুষের জন্য ক্ষতিকর নয় এই অণুজীব। এটি মশার শরীরে ডেঙ্গুর মতো কিছু ভাইরাসের বংশবৃদ্ধি কঠিন করে তোলে। ফলে মশার মাধ্যমে রোগ ছড়ানোর আশঙ্কা অনেকটাই কমে যায়।
প্রায় ৫০ শতাংশ কীটপতঙ্গের শরীরে স্বাভাবিকভাবেই ওলবাকিয়া থাকে। তবে ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ও হলুদ জ্বরের বাহক এডিস ইজিপ্টাই মশায় এটি সাধারণত পাওয়া যায় না। বিজ্ঞানীরা তাই এই প্রজাতির মশার শরীরে ব্যাকটেরিয়াটি প্রবেশ করিয়ে সেগুলো পরিবেশে ছেড়ে দেন।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়, যুক্তরাষ্ট্রের এমোরি ও ইয়েল বিশ্ববিদ্যালয় এবং দেশটির জাতীয় অ্যালার্জি ও সংক্রামক রোগ গবেষণা ইনস্টিটিউটের গবেষকেরা যৌথভাবে এ কাজ করেন। ২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের শহর বেলো হরিজন্তেতে গবেষণাটি চলে। এ জন্য অবমুক্ত করা হয় ওলবাকিয়া বহনকারী লাখ লাখ মশা।
গবেষণার অংশ হিসেবে দৈবচয়নের ভিত্তিতে ৫ হাজার ৭০০ শিশুর মধ্যে ডেঙ্গুর লক্ষণ পর্যবেক্ষণ করা হয়। তাদের একাংশ ছিল ব্যাকটেরিয়াবাহী মশা ছাড়া হয়েছে এমন এলাকার বাসিন্দা। অন্যরা থাকত এমন জায়গায়, যেখানে কীটনাশক ব্যবহারের মতো প্রচলিত উপায়ে মশা নিয়ন্ত্রণ করা হচ্ছিল। উপসর্গহীন সংক্রমণ শনাক্তেও গবেষকেরা পরীক্ষা চালান।
নিয়মিত রক্ত পরীক্ষায় দুই ধরনের এলাকার মধ্যে স্পষ্ট পার্থক্য ধরা পড়ে। ওলবাকিয়া বহনকারী মশা ছাড়া এলাকাগুলোতে ৪ শতাংশ ফল পজিটিভ আসে। অন্য এলাকায় এই হার ছিল ১৪ শতাংশ।
গবেষণাটির গুরুত্ব বাড়িয়েছে সে সময়ের পরিস্থিতিও। ঘনবসতিপূর্ণ বেলো হরিজন্তে তখন ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাবের মুখে ছিল। এমন কঠিন পরিস্থিতিতে সংক্রমণ কমার তথ্যকে পদ্ধতিটির কার্যকারিতার আরেকটি প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের মোট ডেঙ্গু আক্রান্তের প্রায় এক-দশমাংশ ব্রাজিলে হওয়ায় দেশটির জন্য এই ফল বিশেষ তাৎপর্যপূর্ণ।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ক্রান্তীয় রোগ ও স্বাস্থ্যবিধি বিষয়ক আমেরিকান সোসাইটির এক সভায় গবেষণার ফল তুলে ধরা হয়। গবেষণায় যুক্ত না থাকা বোস্টন বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডেভিড হ্যামার ফলাফলকে অত্যন্ত উৎসাহব্যঞ্জক হিসেবে দেখছেন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে তিনি বলেন, আরও বেশি ওলবাকিয়াবাহী মশা ব্যবহার করা গেলে বিশ্বের অনেক অঞ্চলে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হবে।
এ গবেষণার খবর এমন সময়ে সামনে এলো, যখন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাও ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলা করছে। ধারণা করা হচ্ছে, ১৯৪০-এর দশকের পর যুক্তরাষ্ট্রে এটি ডেঙ্গুর অন্যতম বড় প্রাদুর্ভাব।
অবশ্য ওলবাকিয়ার ব্যবহার একেবারে নতুন নয়। বিশ্ব মশা কর্মসূচি নামের একটি সংস্থা ২০০০-এর দশকের মাঝামাঝি থেকে এ নিয়ে কাজ করছে। কলম্বিয়ার আবুরা উপত্যকা, ব্রাজিলের নিতেরোইসহ বিভিন্ন অঞ্চলে তাদের কার্যক্রম রয়েছে। এসব এলাকার মোট জনসংখ্যা প্রায় ৪৫ লাখ। সংস্থাটির প্রকাশিত তথ্য অনুযায়ী, গবেষণার অন্তর্ভুক্ত প্রায় ১০ লাখ মানুষের মধ্যে ডেঙ্গু সংক্রমণ ৯২ শতাংশ কমেছে।
স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে এ কর্মসূচিতে কোথাও পূর্ণবয়স্ক মশা ছাড়া হয়েছে। কোথাও আবার খাবার বহনের বাক্সের মতো পাত্রে রাখা হয়েছে মশার ডিম। লক্ষ্য হলো, নতুন মশাগুলো স্থানীয় মশার সঙ্গে মিশে বংশবিস্তার করবে এবং ধীরে ধীরে ওলবাকিয়াবাহী মশার স্থায়ী গোষ্ঠী গড়ে উঠবে।
গবেষকেরা বলছেন, এই বৈশিষ্ট্যের কারণেই পদ্ধতিটি দীর্ঘদিন নিজে থেকে কার্যকর থাকার সম্ভাবনা রাখে। বারবার কীটনাশক ছিটানোর তুলনায় এটি পরিবেশবান্ধবও। কীটনাশক ব্যয়বহুল হওয়ার পাশাপাশি বিষাক্ত হতে পারে।
সিঙ্গাপুর ২০১৬ সাল থেকে ওলবাকিয়া ব্যবহার করছে কিছুটা ভিন্নভাবে। সেখানে ব্যাকটেরিয়াবাহী পুরুষ মশা ছাড়া হয়। এগুলোর সঙ্গে বুনো স্ত্রী মশার মিলনের পর পাড়া ডিম থেকে বাচ্চা ফোটে না। অর্থাৎ ব্রাজিলের কৌশলের লক্ষ্য রোগ ছড়ানোর ক্ষমতা কমানো, আর সিঙ্গাপুরের পদ্ধতির লক্ষ্য মশার সংখ্যা নিয়ন্ত্রণ করা।
রোগ প্রতিরোধে মশাকে কাজে লাগানোর চেষ্টা অন্য ক্ষেত্রেও হয়েছে। ২০২৪ সালে নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্র ও র্যাডবাউড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা মশার মাধ্যমে ম্যালেরিয়ার প্রতিরোধক্ষমতা তৈরির পরীক্ষা চালান। তাঁরা মশার শরীরে ম্যালেরিয়ার প্রাণঘাতী পরজীবীর একটি পরিবর্তিত ধরন প্রবেশ করান, যাতে মশার কামড়ে তা মানুষের শরীরে গিয়ে টিকার মতো কাজ করে।
পরীক্ষার একটি দলের ৮০ শতাংশের মধ্যে প্রতিরোধক্ষমতা তৈরি হয়। তবে মোট অংশগ্রহণকারী ছিলেন মাত্র ২০ জন। তাই সবার ক্ষেত্রে একই ফল মিলবে, এমন সিদ্ধান্তে পৌঁছানোর জন্য গবেষণাটি যথেষ্ট বড় ছিল না। প্রচলিত টিকার তুলনায় পদ্ধতিটির সুরক্ষা বেশি দিন টিকবে কি না, সেটিও স্পষ্ট নয়।
এর আগে ২০২২ সালে যুক্তরাষ্ট্রে ২৬ জনকে নিয়ে একই ধরনের পরীক্ষায় ৫০ শতাংশ কার্যকারিতা পাওয়া যায়। আর ২০১০ সালে জাপানের বিজ্ঞানীরা বালিমাছিবাহিত রোগ লিশম্যানিয়াসিসের টিকা বহনে সক্ষম মশা তৈরি করেন। সেগুলোর কামড় খাওয়া ইঁদুরের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছিল।
ব্রাজিলের ফলাফল ডেঙ্গুপ্রবণ অন্যান্য দেশের জন্যও ভাবনার নতুন দুয়ার খুলতে পারে। তবে এক শহরের সাফল্য অন্য জায়গায় একই মাত্রায় মিলবে কি না, তা বুঝতে স্থানীয় পরিবেশ ও মশার বৈশিষ্ট্য বিবেচনায় নিতে হবে। জনগণের সম্পৃক্ততা এবং নিয়মিত পর্যবেক্ষণও গুরুত্বপূর্ণ। পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস ও ব্যক্তিগত সতর্কতার মতো ব্যবস্থা চালু রাখা প্রয়োজন। সমন্বিতভাবে কাজে লাগানো গেলে ক্ষুদ্র এই ব্যাকটেরিয়া ডেঙ্গুর বিরুদ্ধে লড়াইয়ে বড় সহায়ক হয়ে উঠতে পারে।

