দ্য গার্ডিয়ান
পৃথিবীর বাইরে, সরাসরি কক্ষপথে ডেটা সেন্টার গড়ে তোলার উচ্চাভিলাষী পরিকল্পনায় বড় অগ্রগতি পেল ইলন মাস্কের স্পেসএক্স। যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন বা এফসিসি প্রতিষ্ঠানটির ১০ লাখ পর্যন্ত স্যাটেলাইট বা কম্পিউট মডিউল মহাকাশে স্থাপনের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দেওয়া এই অনুমোদনকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ‘স্টারমাইন্ড’ নামের এসব উপগ্রহ কক্ষপথে থেকেই তথ্য প্রক্রিয়াকরণের কাজ করবে।
এফসিসি বলেছে, এই প্রকল্প একদিন মানবসভ্যতাকে এমন এক পর্যায়ের দিকে নিয়ে যেতে পারে, যেখানে সূর্যের পূর্ণ শক্তি ব্যবহারের সক্ষমতা অর্জিত হবে। বিজ্ঞানের ভাষায় একে ‘কার্দাশেভ টাইপ-২ সভ্যতা’ বলা হয়।
এফসিসির চেয়ারম্যান ব্রেন্ডন কার বলেন, ‘যুক্তরাষ্ট্র বিশ্বকে সুপার ইন্টেলিজেন্সের যুগে নেতৃত্ব দিচ্ছে।’
স্পেসএক্সের পরিকল্পনার মূল যুক্তি হলো—কৃত্রিম বুদ্ধিমত্তা খাত দ্রুত বাড়ছে, আর সেই বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে বিপুল পরিমাণ কম্পিউটিং সক্ষমতা দরকার হচ্ছে।
বর্তমান ডেটা সেন্টারগুলো বিপুল বিদ্যুৎ ব্যবহার করে, ঠান্ডা রাখতে প্রচুর পানির প্রয়োজন হয় এবং এগুলো নির্মাণ ও পরিচালনায় বড় ধরনের অবকাঠামোগত ব্যয়ও রয়েছে।
এফসিসির কাছে দেওয়া আবেদনে স্পেসএক্স বলেছে, মহাকাশে স্থাপিত ডেটা সেন্টার প্রায় নিরবচ্ছিন্ন সৌরশক্তি সরাসরি ব্যবহার করতে পারবে। এতে বিদ্যুৎ ব্যয় কমতে পারে এবং পৃথিবীতে স্থাপিত ডেটা সেন্টারের তুলনায় পরিচালনা ও রক্ষণাবেক্ষণের খরচও কমানোর সুযোগ তৈরি হতে পারে।
প্রতিষ্ঠানটির দাবি, এর মাধ্যমে জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়ানোর পাশাপাশি পৃথিবীর পরিবেশের ওপর ডেটা সেন্টারের চাপও কমানো সম্ভব হবে।
তবে পরিকল্পনাটি এখনো প্রযুক্তিগতভাবে সহজ নয়।
যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট অ্যাকাউন্টেবিলিটি অফিস (জিএও) গত জুলাইয়ে প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, মহাকাশভিত্তিক ডেটা সেন্টার পৃথিবীতে জমি, বিদ্যুৎ ও পানির চাহিদা কমাতে পারে। কিন্তু একই সঙ্গে এতে বড় ধরনের প্রকৌশলগত ও অর্থনৈতিক বাধাও রয়েছে।
সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি হলো তাপ নিয়ন্ত্রণ।
ডেটা সেন্টারের কম্পিউটার বিপুল তাপ উৎপন্ন করে। পৃথিবীতে পানি বা অন্যান্য কুলিং ব্যবস্থা ব্যবহার করে এই তাপ নিয়ন্ত্রণ করা গেলেও মহাকাশে তা অনেক বেশি জটিল।
এর পাশাপাশি কক্ষপথে লাখ লাখ অতিরিক্ত উপগ্রহ যোগ হলে সেগুলো পরিচালনা, অবস্থান নিয়ন্ত্রণ এবং সংঘর্ষ ঠেকানোও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।
সমালোচকেরা তাই বলছেন, প্রযুক্তিটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে এবং বাস্তবে বড় পরিসরে কার্যকর হতে আরও অনেক সময় লাগতে পারে।
এফসিসির অনুমোদন পেলেও স্পেসএক্সকে নির্দিষ্ট সময়সীমা মানতে হবে।
লাইসেন্স অনুযায়ী, ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে উপগ্রহ স্থাপনের কাজ শুরু করতে হবে প্রতিষ্ঠানটিকে।
২০৩৫ সালের নভেম্বরের মধ্যে অনুমোদিত সর্বোচ্চ সংখ্যার অন্তত ১০ শতাংশ, অর্থাৎ ১ লাখ উপগ্রহ কক্ষপথে স্থাপন করতে হবে। আর ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে লক্ষ্যমাত্রার অন্তত অর্ধেক বাস্তবায়ন করতে হবে।
তবে শেষ পর্যন্ত স্পেসএক্স সত্যিই ১০ লাখ উপগ্রহ পাঠাবে কি না, তা এখনো পরিষ্কার নয়।
বর্তমানে পৃথিবীর কক্ষপথে মোট প্রায় ১৭ হাজার উপগ্রহ রয়েছে। সে হিসাবে ১০ লাখ স্যাটেলাইটের পরিকল্পনা বাস্তবায়িত হলে বর্তমান মহাকাশ অবকাঠামোর তুলনায় তা হবে এক বিশাল বিস্তার।
স্যাটেলাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো প্রায়ই প্রকৃত প্রয়োজনের চেয়ে বেশি সংখ্যক উপগ্রহের অনুমোদন চায়, যাতে ভবিষ্যতে নকশা ও কার্যক্রমে নমনীয়তা থাকে।
স্টারলিংক নেটওয়ার্ক চালুর আগে স্পেসএক্স ৪২ হাজার উপগ্রহ স্থাপনের অনুমোদন চেয়েছিল। বর্তমানে ওই নেটওয়ার্কে কক্ষপথে থাকা উপগ্রহের সংখ্যা ১১ হাজারের কিছু বেশি।
তাই নতুন অনুমোদন পেলেও বাস্তবে ১০ লাখ উপগ্রহ পাঠানো হবে—এমন নিশ্চয়তা এখনো নেই।
পুরো প্রকল্পের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে স্পেসএক্সের পরবর্তী প্রজন্মের পুনর্ব্যবহারযোগ্য রকেট ‘স্টারশিপ’-এর ওপর।
প্রতিষ্ঠানটি এসব স্যাটেলাইট কক্ষপথে পাঠাতে স্টারশিপ ব্যবহারের পরিকল্পনা করছে। কিন্তু রকেটটি এখনো উন্নয়ন ও পরীক্ষার পর্যায়ে রয়েছে।
বিশেষ করে বিপুল সংখ্যক উপগ্রহ কম খরচে কক্ষপথে পাঠাতে হলে স্টারশিপকে নিয়মিত, নির্ভরযোগ্য এবং তুলনামূলক সস্তা উৎক্ষেপণব্যবস্থায় পরিণত হতে হবে।
ফলে এফসিসির অনুমোদন পরিকল্পনাটিকে আনুষ্ঠানিক পথ খুলে দিলেও, মহাকাশে সত্যিকার অর্থে বিশাল ডেটা সেন্টার নেটওয়ার্ক গড়ে তোলা এখনো প্রযুক্তি, ব্যয় এবং নিরাপত্তার বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

