আল জাজিরা
রাশিয়ার সামরিক সক্ষমতায় চাপ বাড়াতে আবারও গভীর অভ্যন্তরে হামলা চালিয়েছে ইউক্রেন। মস্কোর পূর্বদিকে নিঝনি নভগোরোদ অঞ্চলের সাভাসলেইকা বিমানঘাঁটিতে আঘাত হেনে পাঁচটি সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত করার দাবি করেছে কিয়েভ।
বুধবার ইউক্রেনের জেনারেল স্টাফ জানায়, হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান এবং দুটি এসইউ-৩৪ ফাইটার-বম্বার ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে এ দাবি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি রাশিয়া।
ইউক্রেনের জেনারেল স্টাফের ভাষ্য, মস্কোর যুদ্ধ পরিচালনার সক্ষমতা ‘পঙ্গু করে দেওয়ার’ লক্ষ্যে সাম্প্রতিক যে দূরপাল্লার হামলাগুলো চালানো হচ্ছে, সাভাসলেইকা বিমানঘাঁটিতে আঘাত তারই অংশ।
রুশ সামরিক লক্ষ্যবস্তুতে হামলা বাড়াচ্ছে কিয়েভ
সাভাসলেইকা হামলার আগে রাশিয়ার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক ও নৌ লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইউক্রেন।
এর মধ্যে লিবিয়ার জলসীমায় দুটি রুশ জাহাজ এবং ফিনল্যান্ড উপসাগরে আরেকটি রুশ নৌযানে হামলার কথাও জানিয়েছে কিয়েভ।
গত সপ্তাহে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়াকে যুক্ত করা গুরুত্বপূর্ণ একটি সেতুর সড়ক অংশও হামলা চালিয়ে ধ্বংস করার দাবি করে ইউক্রেন।
রুশ বাহিনী ইউক্রেনের বিভিন্ন শহর ও জ্বালানি অবকাঠামোয় হামলা বাড়ানোর পর থেকেই পাল্টা কৌশল হিসেবে রাশিয়ার সামরিক ও জ্বালানি স্থাপনাগুলোতে দূরপাল্লার হামলা জোরদার করেছে কিয়েভ।
ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্রও লক্ষ্যবস্তু
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা চলতি সপ্তাহে জানিয়েছেন, রাশিয়া যেসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণযন্ত্র ব্যবহার করে হামলা চালাচ্ছে, সেগুলো শনাক্ত করে ধ্বংস করার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী।
তাঁর দাবি, গত কয়েক মাসে এমন ১৬টি উৎক্ষেপণযন্ত্রে আঘাত হানা হয়েছে।
কিয়েভের লক্ষ্য শুধু বিমানঘাঁটি বা ক্ষেপণাস্ত্র ব্যবস্থাই নয়, রাশিয়ার যুদ্ধ অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি জ্বালানি খাতও।
জ্বালানি শিল্পের সূত্রগুলোর তথ্য অনুযায়ী, গত অক্টোবরের শেষ দিক থেকে ইউক্রেনের নতুন করে চালানো ড্রোন হামলায় রাশিয়ার তেল শোধনাগারগুলোর কার্যকর পরিশোধন সক্ষমতা প্রায় ৪৫ শতাংশ কমে গেছে।
ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, মস্কো তাদের ভূখণ্ডে হামলা বন্ধ করলেই কেবল রাশিয়ার জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ করা হবে।
যুদ্ধ বন্ধের উদ্যোগের মধ্যেও লড়াই তীব্র
যুক্তরাষ্ট্রের সমর্থনে যুদ্ধ বন্ধে নতুন কূটনৈতিক উদ্যোগ শুরু হলেও মাঠের লড়াই এখনো থামেনি।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু হয়েছিল, সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে ভয়াবহ সংঘাতে পরিণত হয়েছে।
বর্তমানে রুশ বাহিনীর ক্রমবর্ধমান আক্রমণ এবং ইউক্রেনের জ্বালানি ব্যবস্থার ওপর ধারাবাহিক হামলার মধ্যে কিয়েভ পাল্টা চাপ তৈরির কৌশল নিয়েছে। তারই অংশ হিসেবে রাশিয়ার গভীর অভ্যন্তরে থাকা বিমানঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থা, নৌযান ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

