Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » রোহিঙ্গা গণহত্যার রায়ে নৈতিক সংকটে চীন
    আন্তর্জাতিক

    রোহিঙ্গা গণহত্যার রায়ে নৈতিক সংকটে চীন

    নিউজ ডেস্কনভেম্বর 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    ২০২৬ সালের জুন মাসে বেইজিং-এ চীনের রাষ্ট্রপতি শি জিনপিং মিয়ানমারের নেত্রী মিন অং হ্লাইং-এর সঙ্গে হাঁটছেন। ছবি: সংগৃহীত
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    এশিয়া টাইমস

    রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে ২০১৭ সালে মিয়ানমারের চালানো হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে চিহ্নিত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় চীনকে অর্থনৈতিক ও রাজনৈতিক- উভয় দিক থেকেই কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

    মিয়ানমারের ঘনিষ্ঠ কৌশলগত অংশীদার চীন। দেশটির পশ্চিম উপকূলীয় রাখাইন রাজ্যে বেইজিংয়ের উল্লেখযোগ্য অর্থনৈতিক স্বার্থ রয়েছে। এই রাখাইনেই রোহিঙ্গাদের বিরুদ্ধে নৃশংসতা সংঘটিত হয়েছিল।

    রাখাইনের উপকূল থেকে চীন পর্যন্ত বিস্তৃত তেল ও গ্যাসের পাইপলাইন। এসব পাইপলাইনের সূচনা মাদে দ্বীপ ও কিয়াউকফিউ এলাকা থেকে, যা গণহত্যার মামলার কেন্দ্রবিন্দুতে থাকা অঞ্চলগুলোর আরও দক্ষিণে অবস্থিত। মিয়ানমারের সঙ্গে চীনের দীর্ঘদিনের ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্কও রয়েছে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির সেনাবাহিনী ক্ষমতা দখল করার পরও বেইজিং সেই সম্পর্ক বজায় রেখেছে।

    ২০২৬ সালে মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং রাষ্ট্রীয় সফরে চীনে যান। ওই সফরে দুই দেশ রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার করে। ফলে এসব সম্পর্ক থেকে সরে আসতে হলে বেইজিংকে উল্লেখযোগ্য মূল্য দিতে হবে।

    আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায়ে চীনকে মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়নি। আদালতের রায়ের আইনগত বাধ্যবাধকতা কেবল মামলার পক্ষগুলোর জন্য প্রযোজ্য।

    তবে এই রায় চীনের সঙ্গে মিয়ানমারের সম্পর্কের আইনগত প্রেক্ষাপট বদলে দিয়েছে। কারণ, আন্তর্জাতিক বিচার আদালত এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী করেছে।

    এতে চীন এক কঠিন দ্বিধার মুখে পড়েছে। আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতি নিজেদের ঘোষিত সমর্থন অক্ষুণ্ন রেখে বেইজিং কত দূর পর্যন্ত তার কৌশলগত অংশীদার ও নিজস্ব স্বার্থ রক্ষা করতে পারবে?

    গণহত্যার রায় ও চীনের সার্বভৌমত্বের যুক্তি

    ১৯শে নভেম্বর নেদারল্যান্ডসের হেগ শহরে, গাম্বিয়ার দায়ের করা মিয়ানমারের গণহত্যা মামলার রায় ঘোষণা করছেন আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রেসিডেন্ট ইওয়াসাওয়া ইউজি (মাঝে)। ছবি: সংগৃহীত

    আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে চলমান যেকোনো ধরনের আইন লঙ্ঘন বন্ধ করতে, ভবিষ্যতে একই ধরনের অপরাধ প্রতিরোধ করতে এবং গণহত্যায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে আসার সুযোগ দেওয়া এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

    ১৯ নভেম্বর রায় ঘোষণার দিনই প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী সংস্থা জানায়, ১৩ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। তাঁদের অধিকাংশ বর্তমানে বাংলাদেশে বসবাস করছেন। অন্যদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যের ভেতরেই দুই লাখের বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন।

    রায়ের প্রতিক্রিয়ায় চীন আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব স্বীকার করেছে। তবে একই সঙ্গে বেইজিং উদ্বেগ প্রকাশ করেছে যে আন্তর্জাতিক বিচার আদালত নিজের এখতিয়ারের সীমা অতিক্রম করেছেন এবং আইনের ব্যাখ্যার ক্ষেত্রেও অতিরিক্ত বিস্তৃত অবস্থান নিয়েছেন।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এ ধরনের অবস্থানের সমালোচনা করে বলেছেন, এটি ‘বিরোধ নিষ্পত্তির জন্য সহায়ক নয়’।

    চীনের এই প্রতিক্রিয়া দেশটির দীর্ঘদিনের পররাষ্ট্রনীতির একটি মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সেটি হলো অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা।

    রাষ্ট্রের সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতা রক্ষার উদ্দেশ্যে আন্তর্জাতিক আইনেও অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি স্বীকৃত।

    কিন্তু গণহত্যা নিষিদ্ধ করার বিধানও আন্তর্জাতিক আইনের অংশ।

    চীন ১৯৪৮ সালের গণহত্যা কনভেনশনের স্বাক্ষরকারী পক্ষগুলোর একটি। এই কনভেনশন অনুযায়ী গণহত্যা প্রতিরোধ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করার দায়িত্ব সদস্যরাষ্ট্রগুলোর রয়েছে।

    ফলে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর কেবল রাষ্ট্রীয় সার্বভৌমত্বের যুক্তি দেখিয়ে মিয়ানমারের বিষয়ে কূটনৈতিক সংযম বজায় রাখার অবস্থানকে সমর্থন করা বেইজিংয়ের জন্য আরও কঠিন হয়ে উঠেছে।

    চীন চাইলে মিয়ানমারের সামরিক নেতৃত্বকে তাদের নিজস্ব বাহিনীর মাধ্যমে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ তদন্তের আহ্বান জানাতে পারে। কিন্তু এ ধরনের চাপ দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও বিনিয়োগসংক্রান্ত সহযোগিতায় প্রায় নিশ্চিতভাবেই টানাপোড়েন সৃষ্টি করবে।

    এরই মধ্যে মিয়ানমার আন্তর্জাতিক বিচার আদালতের রায় প্রত্যাখ্যান করেছে এবং একে ‘অন্যায্য’ বলে অভিহিত করেছে।

    নিরাপত্তা পরিষদে ভেটোর প্রশ্ন

    ২০১৯ সালে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল আফ্রিকার দেশ গাম্বিয়া।

    মিয়ানমার আদালতের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে গাম্বিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে ব্যবস্থা গ্রহণের আবেদন জানাতে পারবে।

    জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীনের গুরুত্বপূর্ণ প্রস্তাবে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। অতীতেও মিয়ানমারের পক্ষে এই ক্ষমতা ব্যবহার করেছে বেইজিং।

    ২০০৭ সালে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতির সমালোচনা করে নিরাপত্তা পরিষদে উত্থাপিত একটি খসড়া প্রস্তাবে চীন ও রাশিয়া যৌথভাবে ভেটো দিয়েছিল।

    ভবিষ্যতেও মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের সম্ভাব্য নিষেধাজ্ঞা আটকে দিতে পারে চীন। তবে এমন পদক্ষেপ আন্তর্জাতিক বিচার আদালতের রায় বাস্তবায়নের পক্ষে থাকা সরকারগুলোর সঙ্গে বেইজিংয়ের কূটনৈতিক বিভাজন আরও গভীর করবে।

    যুক্তরাজ্য ও কানাডাসহ ১৪টি দেশ ইতিমধ্যে মিয়ানমারকে আন্তর্জাতিক বিচার আদালতের রায় সম্পূর্ণভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

    তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে আদালতের নির্দেশ কার্যকর করার উদ্যোগ চীন বাধাগ্রস্ত করলেও গণহত্যার প্রতিকার নিশ্চিত করার বিষয়ে মিয়ানমারের আইনগত বাধ্যবাধকতা বহাল থাকবে।

    রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সামনে নতুন পরীক্ষা

    ২০১৭ সালে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকেরা। ছবি: সংগৃহীত

    আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের প্রতিক্রিয়ায় বেইজিং রাখাইন রাজ্যে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবর্তনের প্রক্রিয়া সহজ করতে ‘গঠনমূলক ভূমিকা’ পালনের অঙ্গীকার করেছে।

    এই অবস্থান থেকে ধারণা করা যায়, চীন মধ্যস্থতার মাধ্যমে মিয়ানমারকে গণহত্যার প্রতিকারসংক্রান্ত আন্তর্জাতিক বাধ্যবাধকতা পালনে সহায়তা করার বিষয়টি সামনে আনতে পারে।

    কিন্তু রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে শুধু মিয়ানমারের সামরিক নেতৃত্বের সহযোগিতা যথেষ্ট হবে না।

    মিয়ানমারের অসংখ্য জাতিগত সশস্ত্র গোষ্ঠীর অন্যতম আরাকান আর্মি বর্তমানে রাখাইনের বিস্তীর্ণ অঞ্চল নিয়ন্ত্রণ করছে। এসব অঞ্চলের অনেক জায়গাতেই বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফিরে যাওয়ার কথা।

    ফলে প্রত্যাবর্তনকারী রোহিঙ্গা পরিবারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে চীনকে মিয়ানমারের সামরিক বাহিনী এবং আরাকান আর্মি—উভয় পক্ষের কাছ থেকেই প্রতিশ্রুতি আদায় করতে হবে।

    অথচ এই দুই পক্ষ বর্তমানে রাখাইনজুড়ে তীব্র সংঘাতে লিপ্ত।

    এমনকি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হলেও শুধু তাঁদের প্রত্যাবর্তনের মাধ্যমে আন্তর্জাতিক বিচার আদালতের সব নির্দেশ বাস্তবায়িত হবে না। কারণ, গণহত্যার তদন্ত ও ক্ষতিপূরণসংক্রান্ত আদালতের নির্দেশগুলো তখনো অপূর্ণ থেকে যাবে।

    মিয়ানমারের ওপর চীনের উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। এখন আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর বেইজিংয়ের অবস্থানই স্পষ্ট করবে, গণহত্যার জন্য দায়ী সাব্যস্ত হওয়া একটি কৌশলগত অংশীদারের জবাবদিহি নিশ্চিত করতে চীন সেই প্রভাব কাজে লাগাতে কতটা প্রস্তুত।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    কিমের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পঙ্গু করে দিতে পারে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি?

    নভেম্বর 26, 2026
    বিশ্ব অর্থনীতি

    আগামী ১০ বছরে গাড়ির বাজারে আধিপত্য বিস্তার করবে কারা?

    নভেম্বর 26, 2026
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রকে ছাড়া একাই ইরানে হামলা চালানোর ঘোষণা ইসরায়েলের

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.