Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice বৃহস্পতি, নভে. 26, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » কিমের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পঙ্গু করে দিতে পারে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি?
    আন্তর্জাতিক

    কিমের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র পঙ্গু করে দিতে পারে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি?

    নিউজ ডেস্কনভেম্বর 26, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    পিয়ংটেকে অবস্থিত এই কেন্দ্রটি সহ স্যামসাং-এর প্রধান সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্রগুলো সবই উত্তর কোরিয়া সীমান্তের কাছে গিয়ংগি প্রদেশে অবস্থিত। এটি একটি নিরাপত্তা সমস্যা তৈরি করে। ছবি: স্যামসাং ইলেকট্রনিক্স
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    দক্ষিণ কোরিয়ার অর্থনীতি মূলত কয়েকটি কৌশলগত শিল্প খাতের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। ২০২৫ সালে দেশটির মোট রপ্তানি আয় ছিল প্রায় ৭০০ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৩০০ বিলিয়ন ডলারেরও বেশি এসেছে মাত্র চারটি খাত থেকে- সেমিকন্ডাক্টর, মোটরগাড়ি, জাহাজ নির্মাণ ও ইস্পাতশিল্প।

    গুটিকয়েক শিল্প খাতের ওপর অর্থনীতির এমন অতিরিক্ত নির্ভরশীলতা কেবল গুরুতর কাঠামোগত ভারসাম্যহীনতাই তৈরি করেনি, বরং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করেছে। সামরিক সংঘাতের পরিস্থিতিতে উত্তর কোরিয়া কিংবা চীন দক্ষিণ কোরিয়ার শক্তিশালী সশস্ত্র বাহিনীর সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়ানোর পরিবর্তে দেশটির গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্রগুলোকে আক্রমণের লক্ষ্যবস্তু করতে পারে।

    তাদের হিসাব হতে পারে, এসব শিল্পকেন্দ্র ধ্বংস কিংবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারলে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি কার্যত পঙ্গু হয়ে পড়বে। এর ফলে দীর্ঘ সময় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সক্ষমতাও দুর্বল হয়ে যাবে। প্রতিপক্ষের বিবেচনায় এ ধরনের কৌশল সরাসরি সামরিক সংঘাতের তুলনায় দ্রুত ও কার্যকরভাবে কৌশলগত বিজয় অর্জনের পথ তৈরি করতে পারে।

    উত্তর কোরিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অগ্রগতি এই ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে। দেশটি ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রব্যবস্থার পাশাপাশি ড্রোন সক্ষমতাও সম্প্রসারণ করছে। এসব অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ শিল্প স্থাপনাগুলোতে সমন্বিত হামলা চালানো হলে দেশটির সামগ্রিক অর্থনীতি মারাত্মকভাবে বিপর্যস্ত হতে পারে। এর ধারাবাহিক প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো অঞ্চলেও।

    দক্ষিণ কোরিয়ার শিল্পশক্তির প্রধান ভিত্তি

    দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে ক্রমেই দুই ধরনের প্রবৃদ্ধির চিত্র স্পষ্ট হয়ে উঠছে। একদিকে সেমিকন্ডাক্টর, মোটরগাড়ি, জাহাজ নির্মাণ ও ইস্পাতের মতো কৌশলগত শিল্পগুলো রপ্তানি, উৎপাদন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশটিকে এগিয়ে নিচ্ছে। অন্যদিকে অধিকাংশ শিল্প খাত গুরুতর কাঠামোগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে।

    অর্থনৈতিক প্রবৃদ্ধির এই অসম চিত্র শুধু অর্থনীতির জন্যই উদ্বেগজনক নয়, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রেও বড় ধরনের ঝুঁকি তৈরি করছে। দক্ষিণ কোরিয়ার অর্থনৈতিক শক্তির প্রধান ভিত্তি যে শিল্পগুলো, সেগুলোর উৎপাদনব্যবস্থা মূলত অল্প কয়েকটি অত্যন্ত বিশেষায়িত কারখানা ও নির্দিষ্ট ভৌগোলিক শিল্পাঞ্চলে কেন্দ্রীভূত।

    নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম আধুনিক ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং উন্নত ড্রোনের যুগে শিল্প উৎপাদনের এমন কেন্দ্রীকরণ দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তা ও সংকট মোকাবিলার সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

    দক্ষিণ কোরিয়ার অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত ভিত্তি সম্ভবত সেমিকন্ডাক্টর শিল্প। বৈশ্বিক ইলেকট্রনিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত প্রযুক্তির সরবরাহব্যবস্থায় এই শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৫ সালে দক্ষিণ কোরিয়ার প্রায় ৭০০ বিলিয়ন ডলারের মোট রপ্তানির মধ্যে সেমিকন্ডাক্টর থেকে এসেছে প্রায় ১৭৬ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির প্রায় ২৫ শতাংশ।

    এই শিল্পে মূলত দুটি প্রতিষ্ঠানের আধিপত্য রয়েছে- স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্স।

    স্যামসাংয়ের প্রধান সেমিকন্ডাক্টর উৎপাদনকেন্দ্রগুলো অবস্থিত গিয়ংগি প্রদেশের পিয়ংটেক, হোয়াসং ও গিহেউং এলাকায়। অন্যদিকে এসকে হাইনিক্সের গুরুত্বপূর্ণ উৎপাদন স্থাপনা রয়েছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে গিয়ংগি প্রদেশের সীমান্তবর্তী ইনচন এবং মধ্যাঞ্চলের চংজুতে। প্রতিষ্ঠানটি নতুন একটি বৃহৎ সেমিকন্ডাক্টর উৎপাদন কমপ্লেক্সও নির্মাণ করছে। সেটিও গিয়ংগি প্রদেশের ইয়ংইনে অবস্থিত।

    উত্তর কোরিয়ার সীমান্ত থেকে খুব বেশি দূরে নয়, এমন অল্প কয়েকটি স্থানে সেমিকন্ডাক্টর উৎপাদন কেন্দ্রীভূত হওয়ায় দক্ষিণ কোরিয়ার জন্য উল্লেখযোগ্য সামরিক ঝুঁকি তৈরি হয়েছে।

    মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ উৎপাদনকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে শুধু দক্ষিণ কোরিয়ার সবচেয়ে মূল্যবান রপ্তানি খাতই বিপর্যস্ত হবে না, বৈশ্বিক প্রযুক্তি সরবরাহব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশও ক্ষতিগ্রস্ত হতে পারে।

    বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিং প্রযুক্তিতে উন্নত মেমোরি চিপের অপরিহার্য ভূমিকা বিবেচনায় নিলে এ ধরনের হামলার প্রভাব কোরীয় উপদ্বীপের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হতে পারে।

    দক্ষিণ কোরিয়ার উৎপাদনভিত্তিক অর্থনীতির আরেকটি প্রধান স্তম্ভ মোটরগাড়ি শিল্প। ২০২৫ সালে এ খাত থেকে দেশটির রপ্তানি আয় হয়েছে প্রায় ৭২ বিলিয়ন ডলার।

    এ শিল্পে প্রধানত দুটি বৃহৎ প্রতিষ্ঠানের আধিপত্য রয়েছে- হুন্দাই মোটর ও কিয়া।

    হুন্দাইয়ের প্রধান উৎপাদনকেন্দ্রগুলো রয়েছে দক্ষিণ-পূর্ব উপকূলের উলসান, পশ্চিমাঞ্চলের আসান এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জিওনজুতে। অন্যদিকে কিয়ার বড় কারখানাগুলো অবস্থিত সিউল মহানগর অঞ্চলের গোয়াংমিয়ং ও হোয়াসং এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গোয়াংজুতে।

    এ ছাড়া গুরুত্বপূর্ণ মোটরগাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে জিএম কোরিয়া, যার কারখানা ইনচন মহানগর এলাকার বুপিয়ং ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চ্যাংওনে অবস্থিত। রেনল্ট কোরিয়ার প্রধান উৎপাদনকেন্দ্র রয়েছে দক্ষিণ-পূর্ব উপকূলের বুসানে। আর কেজি মোবিলিটির কারখানা রয়েছে সিউলের দক্ষিণে পিয়ংটেকে।

    মোটরগাড়ি উৎপাদনের বড় স্থাপনাগুলো অল্প কয়েকটি ভৌগোলিক অঞ্চলে কেন্দ্রীভূত হওয়ায় উত্তর কোরিয়ার উন্নত নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্রের জন্য এগুলো তুলনামূলক সহজ লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে।

    এ ধরনের কয়েকটি স্থাপনায় উৎপাদন ব্যাহত হলেও দক্ষিণ কোরিয়ার অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়তে পারে। ক্ষতির পরিধি শুধু মোটরগাড়ি শিল্পে সীমাবদ্ধ থাকবে না। এর সঙ্গে যুক্ত অন্যান্য শিল্প, কর্মসংস্থান, অভ্যন্তরীণ সরবরাহব্যবস্থা এবং সামগ্রিক উৎপাদন খাতের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

    দক্ষিণ কোরিয়ার শিল্পশক্তির তৃতীয় প্রধান ভিত্তি জাহাজ নির্মাণশিল্প। ২০২৫ সালে এ খাত থেকে দেশটির রপ্তানি আয় হয়েছে প্রায় ৩২ বিলিয়ন ডলার।

    বিশেষ করে উচ্চমূল্যের জাহাজ নির্মাণে দক্ষিণ কোরিয়ার অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহনকারী এলএনজি জাহাজ, কনটেইনারবাহী জাহাজ, তেলবাহী ট্যাংকার, সমুদ্রভিত্তিক শিল্প স্থাপনা এবং বিশেষায়িত সামরিক নৌযান।

    এই শিল্পে প্রধানত তিনটি বৃহৎ শিল্পগোষ্ঠীর আধিপত্য রয়েছে- এইচডি হুন্দাই, হানওয়া ওশান এবং স্যামসাং হেভি ইন্ডাস্ট্রিজ।

    তাদের প্রধান জাহাজ নির্মাণ স্থাপনাগুলো মূলত দক্ষিণ-পূর্ব উপকূলের উলসান, দক্ষিণ উপকূলবর্তী গোজে দ্বীপ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইয়ংআম এলাকায় কেন্দ্রীভূত। এ ছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলের বুসান ও জিনহে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হেনামেও গুরুত্বপূর্ণ জাহাজ নির্মাণ কারখানা রয়েছে।

    দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ যদি তুলনামূলক সীমিত ভৌগোলিক এলাকায় কেন্দ্রীভূত এসব জাহাজ নির্মাণ শিল্পাঞ্চলে হামলা চালায়, তাহলে এর অর্থনৈতিক ও কৌশলগত পরিণতি অত্যন্ত গুরুতর হতে পারে।

    উন্নত বাণিজ্যিক জাহাজের বৈশ্বিক বাজারে দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ অবস্থান এবং সামরিক নৌযান নির্মাণে দেশটির ক্রমবর্ধমান উচ্চাকাঙ্ক্ষার কারণে এ শিল্পে বড় ধরনের বিপর্যয় বৈশ্বিক সামুদ্রিক অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে।

    এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য, জাহাজ পরিবহন সক্ষমতা এবং বৃহত্তর বৈশ্বিক সরবরাহব্যবস্থায় সুদূরপ্রসারী সংকট দেখা দিতে পারে।

    দক্ষিণ কোরিয়ার উৎপাদনভিত্তিক অর্থনীতির অন্যতম মৌলিক ভিত্তি ইস্পাতশিল্প। মোটরগাড়ি, জাহাজ নির্মাণ, প্রতিরক্ষা, নির্মাণ এবং ভারী যন্ত্রপাতি শিল্পে প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করে এই খাত।

    ২০২৫ সালে দক্ষিণ কোরিয়া প্রায় ৩০ বিলিয়ন ডলারের ইস্পাত ও ইস্পাতজাত পণ্য রপ্তানি করেছে।

    দেশটির অন্যান্য প্রধান শিল্পের মতো ইস্পাত খাতেও অল্প কয়েকটি প্রতিষ্ঠানের আধিপত্য রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো পসকো, হুন্দাই স্টিল ও ডংকুক স্টিল। পাশাপাশি সেআহ ও কিসকোর মতো বিশেষায়িত উৎপাদনকারী প্রতিষ্ঠানও রয়েছে।

    ইস্পাত উৎপাদনের প্রধান স্থাপনাগুলো তুলনামূলক সীমিত কয়েকটি অঞ্চলে কেন্দ্রীভূত। এর মধ্যে দক্ষিণ-পূর্ব উপকূলের পোহাং, দক্ষিণ উপকূলের গোয়াংইয়াং, পশ্চিম উপকূলের ডাংজিন, উত্তর-পশ্চিমাঞ্চলের ইনচন এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের চ্যাংওন বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

    পসকোর প্রধান সমন্বিত ইস্পাত কারখানাগুলো রয়েছে পোহাং ও গোয়াংইয়াংয়ে। হুন্দাই স্টিলের প্রধান উৎপাদনকেন্দ্র ডাংজিনে অবস্থিত। প্রতিষ্ঠানটির অতিরিক্ত উৎপাদন স্থাপনা রয়েছে ইনচন ও পোহাংয়েও। অন্যদিকে ডংকুক স্টিল, সেআহ ও কিসকো বিভিন্ন শিল্পাঞ্চলে গুরুত্বপূর্ণ উৎপাদন কার্যক্রম পরিচালনা করে।

    ইস্পাতশিল্পের কৌশলগত গুরুত্ব শুধু এর নিজস্ব রপ্তানি আয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি প্রায় প্রতিটি প্রধান উৎপাদনশিল্পের অপরিহার্য কাঁচামাল।

    ফলে ইস্পাত উৎপাদনে বড় ধরনের বিপর্যয় দেখা দিলে মোটরগাড়ি, জাহাজ নির্মাণ, নির্মাণশিল্প, ভারী যন্ত্রপাতি এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনেও ধারাবাহিক নেতিবাচক প্রভাব পড়তে পারে।

    এ ধরনের পরিস্থিতিতে প্রয়োজনীয় শিল্প উপকরণের সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি সামরিক সরঞ্জামের ঘাটতি পূরণ এবং সামগ্রিক প্রতিরক্ষাশিল্পের উৎপাদন সক্ষমতা বজায় রাখাও কঠিন হয়ে পড়তে পারে।

    সব মিলিয়ে এই চারটি শিল্প খাত দক্ষিণ কোরিয়ার অর্থনীতির শক্তি এবং দুর্বলতা—উভয় দিকই তুলে ধরে।

    অত্যন্ত বিশেষায়িত উৎপাদনব্যবস্থা অল্প কয়েকটি স্থাপনায় কেন্দ্রীভূত থাকায় সীমিতসংখ্যক শিল্পকেন্দ্র ক্ষতিগ্রস্ত হলেও তার প্রভাব পুরো জাতীয় অর্থনীতিতে ছড়িয়ে পড়তে পারে।

    উত্তর কোরিয়া ও চীনের ক্রমবর্ধমান উন্নত নির্ভুল লক্ষ্যভেদী ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার প্রেক্ষাপটে এই শিল্পকেন্দ্রীকরণ বিশেষ কৌশলগত গুরুত্ব বহন করছে।

    অল্প কয়েকটি শিল্পের ওপর অতিনির্ভরতা: নতুন নিরাপত্তা সংকট

    দক্ষিণ কোরিয়ার প্রধান শিল্প খাতগুলো বিশ্লেষণ করলে একটি অভিন্ন কাঠামোগত দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে।

    দেশটির অর্থনৈতিক শক্তি মূলত অল্প কয়েকটি শিল্প খাতের ওপর নির্ভরশীল। এসব শিল্পের অত্যন্ত বিশেষায়িত উৎপাদন স্থাপনাগুলো পরিচালনা করে সীমিতসংখ্যক বৃহৎ করপোরেশন। পাশাপাশি উৎপাদনব্যবস্থাও নির্দিষ্ট কয়েকটি শিল্পাঞ্চলে কেন্দ্রীভূত।

    নির্ভুল লক্ষ্যভেদী আধুনিক যুদ্ধপ্রযুক্তির যুগে এই কেন্দ্রীকরণ গুরুত্বপূর্ণ শিল্প অবকাঠামোর সুরক্ষা এবং সংকট মোকাবিলার সক্ষমতার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে।

    উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অগ্রগতি এই দুর্বলতাকে ক্রমেই জরুরি জাতীয় নিরাপত্তা উদ্বেগে পরিণত করছে।

    পিয়ংইয়ংয়ের আরও উন্নত ব্যালিস্টিক ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, কঠিন জ্বালানিচালিত ক্ষেপণাস্ত্রব্যবস্থা এবং ক্রমবর্ধমান উন্নত চালকবিহীন আকাশযান তৈরির উদ্যোগ দক্ষিণ কোরিয়ার বিদ্যমান নিরাপত্তাকাঠামোর পর্যাপ্ততা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

    এখন আর হুমকিকে শুধু সামরিক স্থাপনা ও জনবসতিপূর্ণ এলাকার নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ রেখে বিবেচনা করার সুযোগ নেই।

    সেমিকন্ডাক্টর উৎপাদনকেন্দ্র, মোটরগাড়ি নির্মাণ কমপ্লেক্স, বড় জাহাজ নির্মাণ কারখানা এবং ইস্পাত উৎপাদনকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামোকেও জাতীয় প্রতিরক্ষা পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

    এ ক্ষেত্রে কৌশলগত চ্যালেঞ্জ শুধু শিল্প স্থাপনার সম্ভাব্য ভৌত ধ্বংসের মধ্যে সীমাবদ্ধ নয়। গুরুত্বপূর্ণ কোনো কারখানায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ হয়ে গেলেও তার অর্থনৈতিক পরিণতি ক্ষতির তুলনায় অনেক বেশি হতে পারে।

    আধুনিক শিল্প উৎপাদনব্যবস্থা অত্যন্ত সমন্বিত উৎপাদনপ্রক্রিয়া, বিশেষায়িত যন্ত্রপাতি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, উন্নত পরিবহন ও সরবরাহব্যবস্থা এবং আন্তর্জাতিক সরবরাহকারীদের ওপর নির্ভরশীল।

    ফলে এই ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত কিংবা ব্যাহত হলেও তার প্রভাব একাধিক আন্তঃসংযুক্ত শিল্পে ছড়িয়ে পড়তে পারে। এতে সামরিক সংকটের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি বহুগুণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

    নতুন জাতীয় শিল্পনিরাপত্তা কৌশল গ্রহণের সময়

    দক্ষিণ কোরিয়াকে জাতীয় নিরাপত্তার প্রচলিত সামরিককেন্দ্রিক ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। শিল্প উৎপাদনব্যবস্থার সুরক্ষাকেও জাতীয় প্রতিরক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে।

    অর্থনীতির বহুমুখীকরণকে এখন জরুরি জাতীয় অগ্রাধিকারে পরিণত করা প্রয়োজন।

    দক্ষিণ কোরিয়া আর অল্প কয়েকটি শিল্প খাতের ওপর দেশের অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভরশীল রাখতে পারে না। অন্যান্য শিল্প খাতকে শক্তিশালী করা গেলে সীমিতসংখ্যক রপ্তানিনির্ভর শিল্পের ওপর অতিরিক্ত নির্ভরতা কমবে। একই সঙ্গে আরও ভারসাম্যপূর্ণ ও সংকটসহনশীল অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা সম্ভব হবে।

    এই কৌশলের আরেকটি গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে আন্তর্জাতিক পর্যায়ে কৌশলগত সহযোগিতা সম্প্রসারণ।

    বিকল্প উৎপাদনব্যবস্থা গড়ে তোলা, সরবরাহব্যবস্থায় বৈচিত্র্য আনা এবং আঞ্চলিক অর্থনীতির সংকট মোকাবিলার সক্ষমতা বাড়াতে দক্ষিণ কোরিয়াকে বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো ও ভারতের সঙ্গে শিল্প সহযোগিতা গভীর করতে হবে।

    দক্ষিণ কোরিয়ার স্থিতিশীলতার সঙ্গে এসব দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ জড়িত।

    শিল্প খাতে বৃহত্তর সহযোগিতার মাধ্যমে বিকল্প উৎপাদনের সুযোগ সৃষ্টি করা সম্ভব। একই সঙ্গে সীমিত কয়েকটি শিল্পকেন্দ্রে উৎপাদনের অতিরিক্ত নির্ভরশীলতাও কমানো যাবে।

    তাই এ ধরনের সহযোগিতাকে কেবল অর্থনৈতিক সুযোগ হিসেবে দেখলে চলবে না। বরং দক্ষিণ কোরিয়ার দীর্ঘমেয়াদি জাতীয় নিরাপত্তা কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

    দক্ষিণ কোরিয়ার শিল্প উৎপাদনব্যবস্থাকে ঘিরে জাতীয় নিরাপত্তার একটি নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণের সময় এসেছে।

    গুরুত্বপূর্ণ উৎপাদনশিল্পের সুরক্ষা, সংকট মোকাবিলার সক্ষমতা এবং উৎপাদনের ধারাবাহিকতাকে শুধু অর্থনৈতিক বিষয় হিসেবে না দেখে কৌশলগত অগ্রাধিকার দিতে হবে।

    বিকল্প উৎপাদন সক্ষমতা তৈরির মাধ্যমে শিল্পব্যবস্থার স্থিতিস্থাপকতা বাড়ানো গেলে কোনো একটি বড় কারখানা ক্ষতিগ্রস্ত হলেও পুরো শিল্প খাতের উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি কমবে।

    একইভাবে গুরুত্বপূর্ণ শিল্প উৎপাদনকে আরও বিস্তৃত ভৌগোলিক অঞ্চলে ছড়িয়ে দেওয়া গেলে অল্প কয়েকটি স্থানে উৎপাদন কেন্দ্রীভূত থাকার ঝুঁকিও হ্রাস পাবে।

    এখানে কৌশলগত সতর্কবার্তাটি স্পষ্ট। দক্ষিণ কোরিয়া তার শিল্পশক্তিকেই অর্থনৈতিক দুর্বলতার প্রধান কারণ হয়ে উঠতে দিতে পারে না।

    ভবিষ্যতের কোনো সংঘাত মোকাবিলার সক্ষমতা শুধু দেশটির সশস্ত্র বাহিনীর শক্তির ওপর নির্ভর করবে না। বরং অর্থনীতিকে সচল রাখা শিল্পভিত্তিগুলোর স্থিতিস্থাপকতা এবং উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখার সক্ষমতাও সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

    শিল্পনিরাপত্তাই জাতীয় নিরাপত্তা।

    তাই দক্ষিণ কোরিয়ার শিল্পভিত্তিকে বহুমুখী করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সীমিতসংখ্যক শিল্প খাতের ওপর অতিরিক্ত নির্ভরতা কমানোকে ভবিষ্যৎ জাতীয় প্রতিরক্ষা কৌশলের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে।

    • লাখবিন্দর সিং, দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত এশিয়া ইনস্টিটিউটের শান্তি ও নিরাপত্তা অধ্যয়ন বিভাগের পরিচালক। সূত্র: এশিয়া টাইমস
    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    বিশ্ব অর্থনীতি

    আগামী ১০ বছরে গাড়ির বাজারে আধিপত্য বিস্তার করবে কারা?

    নভেম্বর 26, 2026
    ব্যাংক

    ব্যাংকে পরিবারতন্ত্রে লাগাম, ফিরবে কি আমানতকারীর আস্থা?

    নভেম্বর 26, 2026
    আন্তর্জাতিক

    রোহিঙ্গা গণহত্যার রায়ে নৈতিক সংকটে চীন

    নভেম্বর 26, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.