গত ১২ নভেম্বর খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েল। এতে ছয়জন ফিলিস্তিনি নিহত হন এবং আহত হন আরও কয়েক ডজন মানুষ।
নিহতদের মধ্যে ছিলেন সাইফ আবু হাতাব। তিনি অস্ত্রোপচারের অপেক্ষায় ছিলেন। নিহত হন হাসপাতালটির সার্জন চিকিৎসক রিজক আবু শাইরাও। আহতদের মধ্যে ছিলেন আরও কয়েকজন সার্জন, রোগী এবং তাঁদের স্বজনেরা।
মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিবেদন এবং পরিচিত নিন্দা বিবৃতি ছাড়া এই হামলায় তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। এমনকি ইসরায়েলের ওপর কার্যকর রাজনৈতিক চাপ সৃষ্টির মতো কোনো পদক্ষেপও চোখে পড়েনি।
কিন্তু বিষয়টি কি সত্যিই বিস্ময়কর?
২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইসরায়েল যখন পরিকল্পিতভাবে গাজার স্বাস্থ্যব্যবস্থায় হামলা চালিয়ে সেটিকে কার্যত ধ্বংস করে দিয়েছে, তখন আরেকটি হাসপাতালে আরেকটি হামলা কেন ভিন্ন কোনো প্রতিক্রিয়া তৈরি করবে?
তবু আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থা এবং গাজায় ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিশ্ব কী ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছে, তা নিয়ে গুরুতর কিছু প্রশ্ন তোলার এটাই সঠিক সময়।
কীভাবে আমরা এমন এক বাস্তবতায় পৌঁছালাম, যেখানে একটি হাসপাতালে হামলা চালিয়ে রোগী ও তাঁদের চিকিৎসাকারী চিকিৎসকদের হত্যা করা হলেও তা প্রায় নির্বিঘ্নে উপেক্ষিত থেকে যেতে পারে?
ক্রমবর্ধমান উদাসীনতা
গণহত্যার তিন বছর পার হতে চলেছে। গাজার মানুষের প্রতি বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অসাড়তা ও উদাসীনতা এখন আর উপেক্ষা করার সুযোগ নেই। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ১ হাজার ৬০০-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজার ৮৩৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, মানবিক পরিস্থিতি এখনো বিপর্যয়কর।
গাজার বিশাল অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্বাস্থ্যব্যবস্থা বিধ্বস্ত এবং কয়েক লাখ ফিলিস্তিনি এখনো বাস্তুচ্যুত অবস্থায় রয়েছেন। শীত আসার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত মানুষের শিবিরগুলো প্লাবিত হয়েছে। ফলে ঘরবাড়ি হারানো পরিবারগুলো শুকনো ও নিরাপদ জায়গায় রাত কাটানোর জন্যও সংগ্রাম করছে।
এসব পরিস্থিতি মোটেও অপ্রত্যাশিত ছিল না। কিন্তু জরুরি পণ্য সরবরাহে ইসরায়েলের অব্যাহত বিধিনিষেধ এবং অবকাঠামো ধ্বংসের কারণে মানুষ এমন সব পরিস্থিতির মুখোমুখি হচ্ছে, যা চাইলেই এড়ানো সম্ভব ছিল।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, ফিলিস্তিনিরা এখন এসব দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, অথচ আগের তুলনায় আন্তর্জাতিক মনোযোগ পাচ্ছে আরও কম।
যুদ্ধবিরতি এমন একটি ধারণা তৈরি করতে সাহায্য করেছে যে সবচেয়ে খারাপ সময় বুঝি শেষ হয়ে গেছে। এর ফলে ফিলিস্তিনিদের জীবন ও অস্তিত্বের ওপর ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকা সত্ত্বেও বিভিন্ন দেশের সরকার ও রাজনৈতিক নেতারা পুনর্গঠন এবং শান্তির কথা বলার সুযোগ পাচ্ছেন।
অন্যদিকে, ইসরায়েলের নির্বাচনকে ঘিরে রাজনৈতিক মনোযোগ ক্রমেই দেশটির অভ্যন্তরীণ রাজনীতি, নির্বাচনী জোট এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর সম্ভাবনার দিকে সরে যাচ্ছে।
অনেকের কাছে এত ধ্বংসযজ্ঞের জন্য দায়ী সরকারের পরিবর্তনের সম্ভাবনা নতুন আশা ও রাজনৈতিক তৎপরতার জন্ম দিয়েছে। সরকার পরিবর্তন হলে কিছুটা স্বস্তি আসতে পারে। কিন্তু সেটিকেই ফিলিস্তিনিদের জন্য একটি ঐতিহাসিক পরিবর্তনের সূচনা হিসেবে বিবেচনা করার মধ্যে বিপদ রয়েছে।
গাজার অবরোধ নেতানিয়াহু, বেন গাভির কিংবা স্মোত্রিচের হাত ধরে শুরু হয়নি। ফিলিস্তিনিদের দখলদারত্ব ও বাস্তুচ্যুত করার নীতিও তাঁদের সময় থেকে শুরু হয়নি।
বরং অপেক্ষাকৃত উদার হিসেবে পরিচিত সরকারগুলোসহ ইসরায়েলের একের পর এক সরকার এসব নীতি অনুসরণ ও অব্যাহত রেখেছে। অথচ এখন ইসরায়েলের পরবর্তী শাসক কে হবেন, সেই বিতর্কের মধ্যে ফিলিস্তিনিদের জন্য, বিশেষ করে গাজার মানুষের জন্য বাস্তবে কী পরিবর্তন আসবে, সেই প্রশ্নটি আড়ালে পড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।
গাজার প্রতি ক্রমবর্ধমান উদাসীনতাকে কেবল সংবাদমাধ্যমের মনোযোগ কমে যাওয়া কিংবা জনসাধারণের মানসিক ক্লান্তির ফল হিসেবে ব্যাখ্যা করা যায় না।
গণহত্যার প্রথম বছরে লাখ লাখ মানুষ রাস্তায় নেমেছিলেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোতে প্রতিবাদী অবস্থান ও তাঁবু স্থাপন করেছিলেন। শ্রমিকেরা সংগঠিত হয়েছিলেন। ইসরায়েলের সঙ্গে সামরিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে বিভিন্ন আন্দোলনও গতি পেয়েছিল।
গাজা তখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে ছিল। ইসরায়েলের নৃশংসতার প্রমাণগুলো উপেক্ষা করার কোনো সুযোগ ছিল না। অথচ এসবের কোনোটিই গণহত্যা বন্ধ করতে পারেনি।
বাস্তব কোনো পরিবর্তন আসেনি
এমন একটি বাস্তবতার মুখোমুখি হওয়া আমাদের জন্য জরুরি। সমস্যাটি কেবল এই নয় যে মানুষ এখন আর গাজার দিকে মনোযোগ দিচ্ছে না।
দীর্ঘ সময় ধরে মানুষ পরিস্থিতির দিকে নজর রেখেছে, প্রতিবাদ করেছে এবং পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। তারপরও বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর কয়েকটি সরকারের রাজনৈতিক ও সামরিক সমর্থন নিয়ে ইসরায়েল হামলা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছে।
এর অর্থ এই নয় যে এসব গণআন্দোলনের গুরুত্ব ছিল না। বিশ্ববিদ্যালয়, শ্রমিক সংগঠন এবং অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ও তাদের সংশ্লিষ্টতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার কিছু উদ্যোগ বাস্তবায়িত হয়েছে।
কিছু আন্দোলন সুনির্দিষ্ট পরিবর্তন আনতে পেরেছে। অন্যগুলো এখনো এমন কিছু লক্ষ্য অর্জনের জন্য সংগঠিত হচ্ছে, যেগুলো বাস্তবায়নে কয়েক বছরও লেগে যেতে পারে।
রাজনৈতিক সংগ্রামের সব ফলাফল রাতারাতি আসে না। আবার কোনো আন্দোলনের গুরুত্বও কেবল তাৎক্ষণিক সাফল্য দিয়ে বিচার করা উচিত নয়।
তবে এসব অর্জন স্বীকার করার পাশাপাশি এটাও উপলব্ধি করতে হবে যে বিশ্বজুড়ে ব্যাপক গণসংহতি ও গাজার ফিলিস্তিনিদের বাস্তব পরিস্থিতির মধ্যে বিশাল ব্যবধান রয়ে গেছে।
গণহত্যার তিন বছর পার হয়েছে। নৃশংসতার বিস্তৃত তথ্যপ্রমাণ, গণহত্যার বিরুদ্ধে ব্যাপক জনমত এবং আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া চলমান থাকার পরও ইসরায়েল এমন কোনো পরিণতির মুখোমুখি হয়নি, যা সহিংসতা বন্ধ করতে পারে। এদিকে তাঁবু, কম্বল, গদি এবং অন্যান্য জরুরি সামগ্রীবোঝাই ট্রাকগুলো এখনো গাজার বাইরে আটকে রয়েছে। ইসরায়েলের বিধিনিষেধের কারণে এসব ত্রাণসামগ্রী গাজায় প্রবেশ করতে পারছে না।
এই বাস্তবতা আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলা উচিত। কারণ, গণআন্দোলনগুলো অর্থহীন ছিল বলে নয়, বরং সেগুলো গণহত্যা থামাতে না পারার মধ্য দিয়ে বৃহত্তর রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার এমন কিছু সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে, যা এই ধ্বংসযজ্ঞ অব্যাহত রাখতে সহায়তা করেছে।
সমস্যাটি এই নয় যে গাজায় কী ঘটছে, তা বিশ্ব বুঝতে পারেনি। বরং সমস্যা হলো, এই বাস্তবতা সম্পর্কে জানার পরও সহিংসতা বন্ধ করার মতো রাজনৈতিক সদিচ্ছা তৈরি হয়নি।
আরও উদ্বেগজনক বিষয় হলো, ফিলিস্তিনিদের ব্যাপক হারে হত্যার ঘটনা কমে এলেই গাজা কত দ্রুত জনসাধারণের মনোযোগ থেকে হারিয়ে যায়। অথচ যে পরিস্থিতি এমন সহিংসতার জন্ম দিয়েছে, তার কোনো পরিবর্তন হয়নি।
ব্যাপক হত্যাকাণ্ডই যেন প্রতিবাদ ও আন্দোলনের একমাত্র উপলক্ষ হয়ে উঠতে পারে না। কোনো নির্দিষ্ট সময়ে ফিলিস্তিনিদের দুর্ভোগের মাত্রার ওপরও গাজার প্রতি আমাদের মনোযোগ নির্ভর করা উচিত নয়।
অব্যাহত রাজনৈতিক অঙ্গীকার
এখানেই আরেকটি কঠিন প্রশ্ন সামনে আসে: গণহত্যার তিন বছর, রাজনৈতিক ক্লান্তি এবং ব্যাপক আন্দোলন সত্ত্বেও সহিংসতা বন্ধ করতে না পারার পর গাজার প্রতি সংহতি প্রকাশের অর্থ কী?
আর যখন ফিলিস্তিনিদের এক দিনে শত শত মানুষ হত্যা করা হচ্ছে না, কিন্তু ইসরায়েলের নিয়মিত বিমান হামলা, স্বাস্থ্যব্যবস্থার পতন এবং জীবনধারণের মৌলিক অবকাঠামো ধ্বংসের কারণে মানুষ প্রতিনিয়ত মারা যাচ্ছে, তখন কীভাবে এই সংহতি অব্যাহত রাখা সম্ভব?
বিশ্বকে আবার রাস্তায় নামানোর জন্য ফিলিস্তিনিদের আরেকটি গণহত্যার শিকার হতে হওয়া উচিত নয়। একইভাবে, ফিলিস্তিনিদের মৃত্যু ও ধ্বংসযজ্ঞের ধারাবাহিক ছবি এবং প্রত্যক্ষ বর্ণনার ওপরও সংহতির প্রকাশ নির্ভর করা উচিত নয়।
গত তিন বছর আমাদের দেখিয়েছে, আকস্মিক ধাক্কা ও ক্ষণস্থায়ী ক্ষোভের ওপর নির্ভরশীল রাজনীতি দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখা যায় না।
এটি বিক্ষোভের বিরুদ্ধে কোনো যুক্তি নয়। বরং সংহতিকে নির্দিষ্ট কিছু সহিংস ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবে না দেখে কীভাবে দীর্ঘমেয়াদি রাজনৈতিক অঙ্গীকারে রূপ দেওয়া যায়, তা আরও গভীরভাবে ভাবার আহ্বান।
যেসব পরিবর্তন আনতে কয়েক বছর লেগে যেতে পারে, সেগুলোর জন্য আমরা কীভাবে সংগঠিত হব, অথচ ফিলিস্তিনিদের জীবন সুরক্ষিত করার জন্য কয়েক বছর অপেক্ষা করতে হবে—এমন ধারণা মেনে নেব না? এখন পর্যন্ত অনুসরণ করা কৌশলগুলোর সীমাবদ্ধতার মুখোমুখি হয়েও কীভাবে রাজনৈতিক চাপ অব্যাহত রাখা সম্ভব?
এসব প্রশ্নের সহজ কোনো উত্তর নেই। কিন্তু গাজাকে জনসাধারণের মনোযোগের কেন্দ্রে ফিরিয়ে আনতে আরেকটি গণহত্যার জন্য অপেক্ষা না করে আমাদের ঠিক এই প্রশ্নগুলোর মুখোমুখি হওয়া প্রয়োজন।
সংহতিকে কেবল ফিলিস্তিনিদের দুর্ভোগ প্রত্যক্ষ করার মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না।
এর সঙ্গে ফিলিস্তিনিদের রাজনৈতিক দাবিগুলোকে গুরুত্ব দেওয়া এবং যে পরিস্থিতি এই ধ্বংসযজ্ঞকে সম্ভব করে তুলেছে, তার বিরুদ্ধে অবস্থান নেওয়াও জরুরি।
নাসের হাসপাতালে হামলার ঘটনাটি কোনোভাবেই মেনে নেওয়ার মতো ছিল না। যুদ্ধবিরতির পরও ফিলিস্তিনিদের হত্যা এবং বাস্তুচ্যুত মানুষের শিবিরগুলোতে বৃষ্টির পানি ঢুকে পড়ার ঘটনাও মেনে নেওয়ার মতো নয়।
তিন বছর ধরে এমন বিপুল দুর্ভোগ প্রত্যক্ষ করার পর মানসিক ক্লান্তি আসা স্বাভাবিক। কিন্তু এই ক্লান্তির অভিজ্ঞতা সবার জন্য এক নয়।
আমাদের কেউ কেউ পরিস্থিতি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সুযোগ পেলেও গাজার ফিলিস্তিনিদের এমন বাস্তবতার মধ্যেই বেঁচে থাকতে হচ্ছে, যা বিশ্বের অন্যরা চাইলে দেখা বন্ধ করে দিতে পারে।
হয়তো সংহতির অর্থ এটাও উপলব্ধি করা যে এই অসম বোঝা কার কাঁধে কতটা চাপছে। একই সঙ্গে নিজেদের নিরাপত্তা ও স্বাধীনতার সুযোগ যাঁদের তুলনামূলক বেশি, তাঁদের দায়িত্ব আরও বেশি করে নেওয়া উচিত। সময়ের তাৎক্ষণিক উত্তেজনা ও জরুরিতা কমে গেলেও কীভাবে রাজনৈতিক মনোযোগ ও কার্যক্রম অব্যাহত রাখা যায়, তা ভাবতে হবে।
গণহত্যার তিন বছর পর হয়তো প্রশ্নটি আর শুধু এই নয় যে কীভাবে গাজাকে বিশ্বের মনোযোগের কেন্দ্রে ফিরিয়ে আনা যায়। বরং এখন আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বিশ্বের সেই মনোযোগের ওপর নির্ভর না করেই কীভাবে সংহতির রাজনীতিকে দীর্ঘস্থায়ী করা যায়।

