Close Menu
Citizens VoiceCitizens Voice
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp Telegram
    Citizens VoiceCitizens Voice শুক্র, নভে. 27, 2026
    • প্রথমপাতা
    • অর্থনীতি
    • বাণিজ্য
    • ব্যাংক
    • পুঁজিবাজার
    • বিমা
    • কর্পোরেট
    • বাংলাদেশ
    • আন্তর্জাতিক
    • আইন
    • অপরাধ
    • মতামত
    • অন্যান্য
      • খেলা
      • শিক্ষা
      • স্বাস্থ্য
      • প্রযুক্তি
      • ধর্ম
      • বিনোদন
      • সাহিত্য
      • বিশ্ব অর্থনীতি
      • ভূ-রাজনীতি
      • জলবায়ু ও পরিবেশ
      • লাইফস্টাইল
      • বিশ্লেষণ
      • কৃষি
      • রাজনীতি
      • ভিডিও
      • বিশেষ বিশ্লেষণ
    Citizens VoiceCitizens Voice
    Home » শীতের বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাঁবু, আশ্রয়হীন হাজারো ফিলিস্তিনি
    আন্তর্জাতিক

    শীতের বৃষ্টিতে তলিয়ে যাচ্ছে তাঁবু, আশ্রয়হীন হাজারো ফিলিস্তিনি

    নিউজ ডেস্কনভেম্বর 27, 2026
    Facebook Twitter Email Telegram WhatsApp Copy Link
    Share
    Facebook Twitter LinkedIn Telegram WhatsApp Email Copy Link

    যুদ্ধের ধ্বংসযজ্ঞ কাটিয়ে ওঠার আগেই গাজাবাসীর জীবনে নতুন বিপর্যয় নিয়ে এসেছে শীতের বৃষ্টি। টানা বৃষ্টিতে প্লাবিত হচ্ছে বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী তাঁবু ও আশ্রয়শিবির। কোথাও তাঁবুর ভেতরে পানি ঢুকে নষ্ট হচ্ছে খাবার ও বিছানাপত্র, কোথাও আবার আশ্রয়কেন্দ্রের ওপর ধসে পড়ছে ক্ষতিগ্রস্ত ভবনের অংশ। ফলে প্রাণ বাঁচাতে এক জায়গা থেকে অন্য জায়গায় ছুটতে হচ্ছে হাজারো ফিলিস্তিনিকে।

    নভেম্বরের শুরুতে মধ্য গাজার আজ-জাওয়াইদা এলাকায় ভারী বৃষ্টির সময় জাবের আল-কাসিহের তাঁবুতে পানি ঢুকে পড়ে। এতে তাঁর পরিবারের বিছানাপত্র ভিজে যায় এবং খাবার নষ্ট হয়ে যায়। উত্তর গাজার বেইত লাহিয়া থেকে পালিয়ে আসা এই ফিলিস্তিনি জানান, গত শীতেও তাঁর আশ্রয়শিবির তিন থেকে চারবার পানিতে ডুবে গিয়েছিল। বন্যার কারণে তখন তাঁর অনেক প্রতিবেশীও এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন।

    জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক দপ্তরের তথ্য অনুযায়ী, গাজার প্রায় ১৩ লাখ ৬০ হাজার ফিলিস্তিনি বর্তমানে তাঁবু ও অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন। যা উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় ৬৫ শতাংশ।

    গত ৬ নভেম্বর সন্ধ্যা থেকে শুরু হওয়া ঝড়ে মাত্র ১২ ঘণ্টার মধ্যে প্রায় ৭০ হাজার তাঁবু প্লাবিত হয় বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়। জাতিসংঘের প্রাথমিক হিসাব অনুযায়ী, এতে প্রায় ২ লাখ ২৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আশ্রয়হীন হয়ে পড়েছে ৫ হাজারের বেশি পরিবার। নতুন করে স্থানান্তরিত হতে বাধ্য হয়েছে প্রায় ৬০০ পরিবার।

    বৃষ্টির কারণে প্রাণহানির ঘটনাও ঘটেছে। ৮ নভেম্বর দেইর আল-বালাহর দক্ষিণে একটি বাস্তুচ্যুত মানুষের শিবিরে বালুর বাঁধ ধসে পাঁচজন নিহত হন। তাঁদের মধ্যে শিশুও ছিল। একই ঝড়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়। পরে ১৩ নভেম্বর অতিরিক্ত ঠান্ডায় প্রাণ হারায় মাত্র নয় মাস বয়সী আরেক শিশু।

    গাজা উপত্যকার পৌরসভাগুলোর ইউনিয়ন বুধবার সতর্ক করে জানিয়েছে, চলতি শীতে প্রায় ১ হাজার আশ্রয়শিবির ও অস্থায়ী বসতি বন্যার ঝুঁকিতে রয়েছে। তাদের হিসাবে, ২ লাখ পুরোনো ও ক্ষতিগ্রস্ত তাঁবু বদলানো জরুরি। পাশাপাশি ২ হাজারের বেশি ক্ষতিগ্রস্ত ভবন যেকোনো সময় ধসে পড়তে পারে।

    নিরাপদ আশ্রয়ে যাওয়ার সুযোগও সীমিত

    বৃষ্টির পানি থেকে বাঁচতে চাইলেও গাজার বাসিন্দাদের সামনে নিরাপদ আশ্রয়ের বিকল্প খুবই সীমিত। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বিধিনিষেধের কারণে গাজার বিস্তীর্ণ এলাকায় মানুষের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ফলে তুলনামূলক নিরাপদ জায়গায় যাওয়ার সুযোগও কমে গেছে।

    ১৭ নভেম্বর আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও বিশ্ব খাদ্য কর্মসূচি জানায়, গাজার বাসিন্দারা উপত্যকার ৪০ শতাংশেরও কম এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়েছেন। প্রায় ১ হাজার ৭০০টি বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থলের অর্ধেকেরও বেশি বন্যাপ্রবণ এলাকায় অবস্থিত।

    এর মধ্যে নতুন করে সামরিক অভিযানের হুমকিও দিয়েছেন ইসরায়েলের অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। বৃহস্পতিবার তিনি হুমকি দেন, হামাস নিরস্ত্র না হলে প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণাঞ্চলে সরিয়ে নেওয়ার মতো অভিযান চালানো হতে পারে। তবে তিনি কোনো আনুষ্ঠানিক স্থানত্যাগের নির্দেশ দেননি।

    অন্যদিকে, যুদ্ধের কারণে ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হওয়ায় অনেকের পক্ষেই নিজেদের বাড়িতে ফিরে যাওয়া সম্ভব হচ্ছে না। জাতিসংঘের উপগ্রহচিত্র বিশ্লেষণ অনুযায়ী, গত জুনের মাঝামাঝি পর্যন্ত গাজার প্রায় ৮২ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত অথবা সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল।

    মধ্য গাজার নুসেইরাতে বসবাসকারী নাসের আল-হাজ্জ জানান, নভেম্বরের প্রথম দিকের ঝড়ের সময় তাঁর ফ্ল্যাটের ছাদ থেকে ধ্বংসাবশেষ খসে পড়তে শুরু করলে তিনি সন্তানদের নিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন। ইসরায়েলি হামলায় আগেই ক্ষতিগ্রস্ত হয়েছিল তাঁর বাসা। তিনি বলেন, যাওয়ার মতো জায়গা কোথায়? বাড়িভাড়া অনেক বেশি, আবার তাঁবুও নিরাপদ নয়।

    পানি নিষ্কাশনব্যবস্থা ধ্বংস, বাড়ছে বন্যার ঝুঁকি

    গাজায় বন্যার ভয়াবহতার অন্যতম কারণ হচ্ছে যুদ্ধের ফলে পানি নিষ্কাশন ও পয়োনিষ্কাশনব্যবস্থার ব্যাপক ক্ষতি। স্বাভাবিক সময়ে বৃষ্টির পানি সরিয়ে নিতে যেসব নালা, পাম্প ও জলাধার ব্যবহার করা হতো, সেগুলোর বড় অংশ এখন অকার্যকর।

    গাজা সিটির পৌরসভার মুখপাত্র হোসনি মুহান্না জানান, নভেম্বরের প্রথম ঝড়ের সময় শহরের আটটি পানি নিষ্কাশন পাম্পকেন্দ্র এবং বৃষ্টির পানি জমা রাখার তিনটি প্রধান জলাধার বন্ধ ছিল। অবশিষ্ট ব্যবস্থাগুলোও স্বাভাবিক অবস্থায় মোট বৃষ্টির পানির মাত্র এক-পঞ্চমাংশ নিষ্কাশন করতে সক্ষম।

    জাতিসংঘের তথ্য অনুযায়ী, শহরের অন্যতম প্রধান পানি সংরক্ষণ এলাকা শেখ রাদওয়ান জলাধারে ঝড়ের সময় পানির উচ্চতা প্রায় ১ দশমিক ৫ মিটার বা পাঁচ ফুট বেড়ে যায়। সেখানকার পাম্পকেন্দ্রটি বর্তমানে তার নির্ধারিত সক্ষমতার ৪০ শতাংশেরও কম ক্ষমতায় কাজ করছে।

    মধ্য গাজার ওয়াদি গাজা এলাকায় পানির উচ্চতা হঠাৎ বেড়ে আল-মুগরাকা ও আজ-জাহরা এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবাদানকারী সংস্থাগুলো হিমশিম খাচ্ছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ৭ নভেম্বর তারা ২ হাজার ১৬৬টি বিপদের বার্তা পেয়েছিল। কিন্তু কর্মী ও সরঞ্জামের সংকটে মাত্র ২১৮টি স্থানে উদ্ধারকারী দল পাঠানো সম্ভব হয়। বাকিদের অধিকাংশকে মুঠোফোনে পরামর্শ দিয়ে সহায়তা করা হয়।

    দূষিত পানি ও অস্বাস্থ্যকর পরিবেশে বাড়ছে রোগের ঝুঁকি

    বন্যার পানি শুধু মানুষের আশ্রয়ই কেড়ে নিচ্ছে না, বরং তৈরি করছে গুরুতর স্বাস্থ্যঝুঁকি। নভেম্বরের শুরুর বৃষ্টির পর জাতিসংঘের কর্মীরা ৫৮টি আশ্রয়কেন্দ্র থেকে পয়োবর্জ্য মিশ্রিত পানি অপসারণে বিশেষ যান ব্যবহার করেন।

    গাজা সিটির পেশেন্টস ফ্রেন্ডস বেনেভোলেন্ট সোসাইটি হাসপাতালে পানি ঢুকে পড়ে। এতে হাসপাতালের নিচতলায় থাকা শিশু বিভাগ, ওষুধাগার ও রোগ নির্ণয়ের সেবাকেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে, রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় অনেক রোগী ও চিকিৎসাকর্মী স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছাতে পারেননি।

    অতিরিক্ত মানুষের ভিড় এবং বিশুদ্ধ পানির সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ছোট ছোট তাঁবুতে গাদাগাদি করে বসবাস করায় পরিবারগুলো প্রয়োজনীয় পরিচ্ছন্নতা বজায় রাখার মতো পর্যাপ্ত পানি পাচ্ছে না। এতে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ১ অক্টোবর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত গাজায় মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার সন্দেহে ৬৯২টি ঘটনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের অধিকাংশের বয়স এক বছরের কম।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ নভেম্বর রোগটির প্রাদুর্ভাব নিয়ে সতর্কতা জারি করে। মন্ত্রণালয়ের হিসাবে, অক্টোবরে ২৭২ জনের মধ্যে এ রোগের লক্ষণ পাওয়া গেছে। অথচ স্বাভাবিক সময়ে প্রতি মাসে এ ধরনের আক্রান্তের সংখ্যা থাকে ৩০ থেকে ৫০ জনের মধ্যে।

    পর্যাপ্ত তাঁবু ও শীতবস্ত্র পৌঁছাচ্ছে না

    গাজায় বাস্তুচ্যুত মানুষের জন্য আশ্রয় ও শীতকালীন সহায়তার প্রয়োজন বাড়লেও পর্যাপ্ত ত্রাণ পৌঁছাচ্ছে না। জাতিসংঘের মানবিক সহায়তা দল ১৩ নভেম্বর জানায়, বিভিন্ন সাহায্য সংস্থা ও সরকার কেনা ১ লাখ ৫০ হাজারের বেশি তাঁবু গাজার বাইরে আটকে রয়েছে। এর অধিকাংশই মিসরের আল-আরিশ এলাকায়।

    ইউরোপীয় কমিশন বুধবার জানায়, তাঁবু ও সেগুলো স্থাপনের প্রয়োজনীয় সরঞ্জামবাহী ট্রাকগুলো এখনো সীমান্তে অপেক্ষা করছে। ইসরায়েল এসব সরঞ্জাম গাজায় প্রবেশের অনুমতি দেয়নি।

    মিসর থেকে আসা পণ্য সরাসরি রাফাহ সীমান্ত দিয়ে প্রবেশের পরিবর্তে কারেম আবু সালেম সীমান্ত দিয়ে পরিদর্শনের জন্য পাঠানো হচ্ছে। এ ছাড়া আশ্রয় নির্মাণের কিছু সরঞ্জামকে দ্বৈত ব্যবহারের উপযোগী পণ্য হিসেবে বিবেচনা করায় সেগুলো প্রবেশেও বিধিনিষেধ রয়েছে।

    ইসরায়েলি সামরিক সংস্থা কোঅর্ডিনেশন অব গভর্নমেন্ট অ্যাকটিভিটিজ ইন দ্য টেরিটরিজ জানিয়েছে, তাদের শীতকালীন কর্মসূচির আওতায় প্রায় ১ লাখ তাঁবু গাজায় প্রবেশ করেছে। আরও ৬৭ হাজারের বেশি তাঁবু ও শীতকালীন সহায়তার সরঞ্জাম প্রবেশের অনুমোদন দেওয়া হয়েছে। তবে সেগুলো এখনো গাজায় পৌঁছায়নি।

    অন্যদিকে, নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল বুধবার জানিয়েছে, গাজার ভেতরে আশ্রয় সহায়তাকারী সংস্থাগুলোর কাছে বর্তমানে ৬ হাজার ৫০০টিরও কম তাঁবু মজুত রয়েছে।

    সরবরাহ সংকটের কারণে শীতকালীন প্রয়োজনীয় সামগ্রীর দামও বেড়ে গেছে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের তথ্য অনুযায়ী, গাজার ভেতরে ছয় সদস্যের একটি পরিবারের জন্য প্রয়োজনীয় সাধারণ শীতকালীন সামগ্রী কিনতে ৬ হাজার ডলারের বেশি খরচ হতে পারে। অথচ সাহায্য সংস্থাগুলো বিদেশ থেকে কিনে গাজায় পৌঁছে দিতে এসব সামগ্রীর জন্য প্রায় ৭০০ ডলার ব্যয় করে।

    এদিকে, শীতকালীন আশ্রয় সহায়তার জন্য প্রয়োজনীয় ২৮ কোটি ৩০ লাখ ডলারের মধ্যে দাতারা এখন পর্যন্ত মাত্র ৩৫ শতাংশ অর্থের জোগান দিয়েছেন।

    পরবর্তী ঝড় মোকাবিলায় প্রস্তুতি কতটা?

    গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় মঙ্গলবার জানিয়েছে, কয়েক দিনের মধ্যেই নতুন একটি ঝড় আঘাত হানতে পারে। সম্ভাব্য বিপর্যয় মোকাবিলায় সাহায্যকর্মীরা নালা পরিষ্কার, তাঁবু মজবুত করা এবং বন্যা প্রতিরোধক দেয়াল নির্মাণের কাজ করছেন।

    তবে জাতিসংঘের ২০ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের পর্যবেক্ষণে থাকা বন্যাপ্রবণ ৩৫৬টি স্থানের মধ্যে মাত্র ১৬২টিতে এ ধরনের প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে।

    আন্তর্জাতিক অভিবাসন সংস্থা সোমবার জানিয়েছে, প্রায় ১ হাজার ২০০ পরিবারের জন্য শক্তিশালী জরুরি আশ্রয়কেন্দ্র নির্মাণে ৭০ হাজার কাঠের টুকরা এবং ১ হাজার ২০০টির বেশি সরঞ্জামের বাক্স প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

    এ ছাড়া পানি নিষ্কাশনের পাম্প ও বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র প্রবেশের অনুমোদনের কথা জানিয়েছে ইসরায়েল। শেখ ইজলিন ও শেখ রাদওয়ানের পয়োনিষ্কাশন স্থাপনায় আংশিক মেরামতের অনুমতিও দেওয়া হয়েছে। তবে এসব সরঞ্জাম গাজায় পৌঁছেছে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি।

    ইসরায়েলি কর্তৃপক্ষের বক্তব্য, হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত পুনর্গঠনের কাজে ব্যবহৃত সরঞ্জাম প্রবেশ করতে দেওয়া হবে না। অন্যদিকে, গাজার পৌরসভাগুলো পানি নিষ্কাশনের পাম্প, বিকল্প বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র এবং জ্বালানির জন্য আবেদন জানিয়ে যাচ্ছে।

    প্রায় ১৫ বার বাস্তুচ্যুত হওয়া উম্মে হানি হামুদের পরিবারের জন্য এখন সবচেয়ে বড় উদ্বেগ, পরবর্তী বৃষ্টিতে তাঁরা কোথায় আশ্রয় নেবেন। আজ-জাওয়াইদায় তাঁর তাঁবু প্লাবিত হওয়ার পর তিনি বলেন, তাঁরা চান তাঁবুর পরিবর্তে তাঁদের জন্য ছোট আবাসিক কাঠামো দেওয়া হোক। তাঁর মতে, সাধারণ মানের একটি ছোট ঘরও বর্তমান তাঁবুর চেয়ে অনেক বেশি নিরাপদ হবে।

    যুদ্ধের ধ্বংসস্তূপ, আশ্রয়ের সংকট, অবকাঠামোর বিপর্যয় এবং পর্যাপ্ত মানবিক সহায়তার অভাবে গাজার মানুষের কাছে শীতকাল এখন আর শুধু আবহাওয়ার পরিবর্তন নয়; বরং বেঁচে থাকার আরেক কঠিন লড়াই।

    Share. Facebook Twitter LinkedIn Email Telegram WhatsApp Copy Link

    সম্পর্কিত সংবাদ

    আন্তর্জাতিক

    পুতিনকে ‘রাজনীতির মহান ব্যক্তিত্ব’ বললেন ট্রাম্পের জামাতা কুশনার

    নভেম্বর 27, 2026
    আন্তর্জাতিক

    ইউরোপে আঘাত হানার সক্ষমতা আছে ইরানের ক্ষেপণাস্ত্রের, পারমাণবিক বিপর্যয়ের আশঙ্কা ট্রাম্পের

    নভেম্বর 27, 2026
    আন্তর্জাতিক

    পারমাণবিক নীতি থেকে সরবে না উত্তর কোরিয়া, অস্ত্রের সক্ষমতা বাড়াতে চান কিম

    নভেম্বর 27, 2026
    একটি মন্তব্য করুন Cancel Reply

    সর্বাধিক পঠিত

    ইস্পাত শিল্প তীব্র সংকটে উৎপাদন বন্ধের পথে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    আইএমএফের রিপোর্টে ঋণের নতুন রেকর্ড পৌছালো ১০০ ট্রিলিয়ন ডলারে

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    নতুন বাণিজ্য কৌশলে আরসেপে যুক্ত হতে চায় বাংলাদেশ

    অর্থনীতি অক্টোবর 16, 2024

    অর্থনীতিতে নোবেল পুরস্কার পেলেন তিন আমেরিকান অর্থনীতিবিদ

    অর্থনীতি অক্টোবর 16, 2024
    সংযুক্ত থাকুন
    • Facebook
    • Twitter
    • Instagram
    • YouTube
    • Telegram

    EMAIL US

    contact@citizensvoicebd.com

    FOLLOW US

    Facebook YouTube X (Twitter) LinkedIn
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement
    • About Us
    • Contact Us
    • Terms & Conditions
    • Comment Policy
    • Advertisement

    WhatsApp

    01339-517418

    Copyright © 2026 Citizens Voice All rights reserved

    Type above and press Enter to search. Press Esc to cancel.