রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘রাজনীতির গ্র্যান্ডমাস্টার’ ও ‘ঐতিহাসিক ব্যক্তিত্ব’ হিসেবে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার। ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলার মধ্যে পুতিন সম্পর্কে তাঁর এমন প্রশংসা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
জার্মান গণমাধ্যম গোষ্ঠী অ্যাক্সেল স্প্রিঙ্গারের প্রধান নির্বাহী ম্যাথিয়াস ডপফনারের ‘এমডি মিটস’ পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে কুশনার এসব মন্তব্য করেন।
সাক্ষাৎকারে কুশনার বলেন, পুতিনের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে একমত হওয়া বা তাঁর সমালোচনা করার বিষয়টি আলাদা। তবে তিনি একজন সুশৃঙ্খল ও বিচক্ষণ রাজনীতিক। বৈঠকে পুতিন সব সময় যথেষ্ট প্রস্তুতি নিয়ে আসেন, মনোযোগ দিয়ে কথা শোনেন এবং বিস্তারিত নোট নেন। বিভিন্ন বিষয়ে তাঁর গভীর ধারণা রয়েছে বলেও মন্তব্য করেন কুশনার।
কুশনারের দাবি, পুতিন শুধু ইউক্রেন যুদ্ধের অবসান চান না, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কেরও নতুন সূচনা করতে আগ্রহী। তাঁর সঙ্গে আলোচনায় অংশ নেওয়া আরেক মার্কিন দূত স্টিভ উইটকফের মূল্যায়নও একই রকম বলে জানান তিনি।
পুতিনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে কুশনার বলেন, রুশ প্রেসিডেন্ট এখন পর্যন্ত যথেষ্ট সংযম দেখিয়েছেন এবং পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার বিষয়ে যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা সত্ত্বেও পুতিন তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে আগ্রহী নন বলেও স্বীকার করেন তিনি।
কুশনারের ভাষ্য অনুযায়ী, ভূখণ্ডের মালিকানা ও আঞ্চলিক বিরোধ নিয়ে রাশিয়া ও ইউক্রেনের শান্তি আলোচনা বর্তমানে অচলাবস্থায় রয়েছে। তিনি ইউক্রেন যুদ্ধকে ইউরোপের একটি ‘প্রক্সি যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে যুদ্ধ বন্ধে ইউরোপের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই বলে মন্তব্য করেন।
সূত্র: সিএনএন।

