থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি তেল শোধনাগার ও সংরক্ষণাগারে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় অন্তত নয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে স্থাপনাটির আশপাশের বাসিন্দাদের সাময়িকভাবে সরিয়ে নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ব্যাংককের পূর্বাঞ্চলে অবস্থিত শোধনাগারটিতে বিস্ফোরণ ঘটে। এরপর সেখানে আগুন ছড়িয়ে পড়ে এবং আকাশে ঘন কালো ধোঁয়া দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও আগুন ও ধোঁয়ার দৃশ্য দেখা গেছে।
ব্যাংককের ইরাওয়ান মেডিকেল সেন্টার জানিয়েছে, আহতদের অধিকাংশই দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্কবার্তা পাঠিয়ে ঘটনাস্থল এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়।
তবে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে নগর কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানায়। এরপর আশপাশের বাসিন্দাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়। তবে শোধনাগারের পাঁচ কিলোমিটারের মধ্যে বসবাসকারীদের সম্ভাব্য বায়ুদূষণ সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।
শোধনাগারটির মালিক প্রতিষ্ঠান ব্যাংচাক করপোরেশন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে স্থাপনাটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
থাইল্যান্ডের জ্বালানিমন্ত্রী আকানাত প্রমফান প্রাথমিকভাবে ধারণা করছেন, শোধনাগারের একটি ইউনিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ইউনিটটি তেল সংরক্ষণাগার থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত। দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ভবিষ্যতে নতুন কোনো ঝুঁকি রয়েছে কি না, তা যাচাই করার কথাও জানিয়েছেন তিনি।
জ্বালানিমন্ত্রী বলেন, তেল সংরক্ষণাগার শতভাগ নিরাপদ বলে নিশ্চিত না হওয়া পর্যন্ত শোধনাগারটির উৎপাদন কার্যক্রম শুরুর অনুমতি দেওয়া হবে না।
তবে এ দুর্ঘটনার কারণে দেশের জ্বালানি সরবরাহে সংকট তৈরি হওয়ার আশঙ্কা নাকচ করেছেন আকানাত। তাঁর ভাষ্য, থাইল্যান্ডে আরও পাঁচটি তেল শোধনাগার রয়েছে। তা ছাড়া দুর্ঘটনাকবলিত স্থাপনাটি দেশের বৃহত্তম শোধনাগারগুলোর একটি নয়।
শোধনাগারটির প্রতিদিন ১ লাখ ২০ হাজার ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে। আয়তনের দিক থেকে এটি থাইল্যান্ডের পঞ্চম বৃহত্তম শোধনাগার এবং দেশটির নগরাঞ্চলে অবস্থিত একমাত্র তেল শোধনাগার।
এর আগে ২০১২ সালের জুলাই মাসেও একই স্থাপনায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। তখন আশপাশের আবাসিক এলাকায় ক্ষয়ক্ষতি হয়। শোধনাগারটির মেরামতকাজ শেষ করতে প্রায় দুই সপ্তাহ সময় লেগেছিল।

