যুক্তরাষ্ট্রে কর্মরত হাজার হাজার বিদেশি কর্মীকে ভিসা ও গ্রিন কার্ডের স্পন্সরশিপ দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএম। এতে এইচ-১বি ভিসাধারী এবং গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা কর্মীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ভারতীয় প্রযুক্তি পেশাজীবীরা এ সিদ্ধান্তে বেশি প্রভাবিত হতে পারেন।
আইবিএমের কনসাল্টিং বিভাগের অধিকাংশ পদে নতুন করে কর্মভিসা ও গ্রিন কার্ডের স্পন্সরশিপ বন্ধ করা হচ্ছে। বিশ্বজুড়ে বিভাগটিতে দেড় লাখের বেশি কর্মী কাজ করেন। প্রভাবিত কর্মীদের যুক্তরাষ্ট্রের বাইরে অন্য দেশে বদলি হয়ে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে তাদের তিন সপ্তাহ সময় দিয়েছে প্রতিষ্ঠানটি।
যারা অন্য দেশে যেতে রাজি হবেন না, তাদের ৩১ ডিসেম্বর শেষ কর্মদিবস হবে। এ ক্ষেত্রে তিন মাসের সমপরিমাণ আর্থিক ক্ষতিপূরণ বা সেভারেন্স প্যাকেজ দেওয়া হবে বলে জানানো হয়েছে।
আইবিএমের ভাষ্য, ব্যবসায়িক প্রয়োজন, দক্ষ কর্মীর প্রাপ্যতা এবং গ্রাহকদের চাহিদা পরিবর্তনের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, দক্ষ কর্মীর ঘাটতি পূরণে এতদিন যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসাব্যবস্থার ওপর নির্ভর করত আইবিএম। তবে কয়েক বছর ধরে এ ধরনের কর্মীর চাহিদা কমছে। ফলে কনসাল্টিং বিভাগের অধিকাংশ ক্ষেত্রে ভিসা ও গ্রিন কার্ডের স্পন্সরশিপ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানের সব বিভাগের ক্ষেত্রে এ সিদ্ধান্ত কার্যকর হবে না।
বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসনের কর্মভিত্তিক অভিবাসননীতি কঠোর করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তির বিস্তারের প্রভাবও প্রযুক্তি খাতের নিয়োগনীতিতে পড়ছে।
মেডিকেয়ার সুবিধা হারাতে পারেন তিন লাখ অভিবাসী
এদিকে যুক্তরাষ্ট্রে প্রায় তিন লাখ বৈধ অভিবাসী ২০২৭ সাল থেকে মেডিকেয়ার স্বাস্থ্যসেবা সুবিধা হারাতে পারেন। নতুন আইনের কারণে এ পরিবর্তন আসছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের চিঠিও পাঠানো হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।
প্রভাবিত ব্যক্তিদের মধ্যে বয়স্ক ও প্রতিবন্ধী অভিবাসীরা রয়েছেন। তালিকায় এমন ব্যক্তিও আছেন, যারা বহু বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং শেষ পর্যায়ের কিডনি রোগে আক্রান্ত। শরণার্থী, আশ্রয়প্রাপ্ত ব্যক্তি, অস্থায়ী সুরক্ষার মর্যাদা পাওয়া অভিবাসী এবং মানব পাচারের শিকার ব্যক্তিরাও এ সিদ্ধান্তের আওতায় পড়তে পারেন।
তাদের অনেকেই মেডিকেয়ার সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় কর্ম-অভিজ্ঞতার শর্ত পূরণ করেছেন। দীর্ঘদিন ধরে কর ও অর্থ দেওয়ার পরও নতুন আইনের কারণে তাদের স্বাস্থ্যসেবা সুবিধা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, সিএসবি নিউজ ও সিএনএন।

