মধ্যপ্রাচ্য এবং রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের অভিঘাত পৌঁছে যাচ্ছে বিশ্বের ক্ষুধার্ত মানুষের খাবারের থালায়। খাদ্য সরবরাহে বিঘ্ন ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে অতিরিক্ত ৭৩ লাখ মানুষের খাদ্যসহায়তা অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।
গত ২৩ নভেম্বর নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সংস্থাটির নির্বাহী পরিচালক লুক লিন্ডবার্গ বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ২০২৭ সালের মাঝামাঝি পর্যন্ত ডব্লিউএফপির অতিরিক্ত ব্যয় হতে পারে ৭২ কোটি ৭০ লাখ ডলার। গত বছর সংস্থাটির মোট ব্যয় ছিল প্রায় ১ হাজার ২২০ কোটি ডলার। সে হিসাবে বাড়তি অঙ্কটি ওই ব্যয়ের প্রায় ৬ শতাংশ।
লিন্ডবার্গের ভাষ্য, হরমুজ প্রণালি, বাব আল-মান্দেব প্রণালি ও কৃষ্ণসাগর দিয়ে খাদ্য ও কৃষি উপকরণ পরিবহনে বাধা তৈরি হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে এল নিনোর মতো জলবায়ুজনিত ঝুঁকি। ফলে বিশ্বের খাদ্যনিরাপত্তা পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠছে।
বর্তমানে প্রায় ২৬ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্যসংকটে রয়েছে। সুদান, দক্ষিণ সুদান ও সোমালিয়ার কিছু এলাকায় দেখা দিয়েছে দুর্ভিক্ষের আশঙ্কা। অথচ এমন সময়ে সহায়তার পরিধি সংকুচিত করতে হচ্ছে ডব্লিউএফপিকে। চলতি বছরে ১১ কোটি মানুষকে সহায়তার লক্ষ্য থাকলেও ২০২৭ সালের জন্য তা কমিয়ে ৯ কোটি ১০ লাখে নামানো হয়েছে। ব্যয় আরও বাড়লে এ সংখ্যা আরও কমতে পারে।
সংকট কাটাতে ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য রপ্তানির জন্য কৃষ্ণসাগরে একটি মানবিক করিডর চালুর আহ্বান জানিয়েছেন লিন্ডবার্গ। তাঁর মতে, ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত কার্যকর থাকা জাতিসংঘের মধ্যস্থতার কৃষ্ণসাগর শস্য উদ্যোগের আদলে এ ব্যবস্থা গড়ে তোলা যেতে পারে। কূটনৈতিক সমাধান হলে দুই দেশ থেকেই শস্য পরিবহনে প্রস্তুত রয়েছে ডব্লিউএফপি।
লিন্ডবার্গ জানান, দুই দেশের গুদামে প্রায় ১ কোটি টন শস্য পড়ে আছে, যা দ্রুত বাজারে পৌঁছানো দরকার। ইউক্রেন, পোল্যান্ড ও আশপাশের অঞ্চলের গুদাম শস্যে ভরা থাকবে, অথচ বিশ্বের অন্য প্রান্তে মানুষ অনাহারে থাকবে, এমন অবস্থা গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তিনি।
২০২২ সালের জুলাইয়ে চালু হওয়া আগের উদ্যোগের আওতায় ইউক্রেন থেকে প্রায় ৩ কোটি ৩০ লাখ টন খাদ্যশস্য নিরাপদে রপ্তানি সম্ভব হয়েছিল। নিজেদের খাদ্য ও সার রপ্তানিতে বাধার অভিযোগ তুলে ২০২৩ সালে চুক্তি থেকে সরে যায় রাশিয়া। নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি দেশ লাটভিয়ার প্রেসিডেন্ট এডগারস রিনকেভিচ নতুন উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন।
কৃষ্ণসাগরের শস্য সোমালিয়া ও ইয়েমেনের মতো আমদানিনির্ভর দেশের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ইয়েমেনের প্রয়োজনীয় খাদ্যের প্রায় ৯০ শতাংশই আসে বিদেশ থেকে। অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বসফরাস প্রণালি দিয়ে গম ও ভুট্টাবাহী জাহাজ চলাচল আগের বছরের একই সময়ের তুলনায় ৬৩ শতাংশ কম ছিল।
লিন্ডবার্গের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর অঞ্চলটিতে ৩০০টির বেশি হামলার ঘটনা ঘটেছে এবং অন্তত ৪০ জন নাবিক প্রাণ হারিয়েছেন। রাশিয়া ও ইউক্রেনের প্রায় ১ কোটি টন গম এ বছর বিশ্ববাজারে না-ও পৌঁছাতে পারে। অথচ এই গমে ৪ কোটি ৪০ লাখ মানুষের খাবারের সংস্থান সম্ভব।
সংকটের আঁচ লেগেছে বাজারেও। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) খাদ্য মূল্যসূচক গত সেপ্টেম্বরে প্রায় চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। জানুয়ারির তুলনায় গমের দাম বেড়েছে প্রায় ১০ শতাংশ। জ্বালানি ও পরিবহন খরচ বৃদ্ধিতে আমদানিনির্ভর দেশগুলোতে নিত্যপণ্যও ব্যয়বহুল হয়ে উঠছে।
সামনে রয়েছে আরেক উদ্বেগ। বিশ্বের সার সরবরাহের প্রায় ৩০ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে যায়। সেখানে বিঘ্ন অব্যাহত থাকলে আগামী মৌসুমে ফলন কমার আশঙ্কা রয়েছে। অর্থাৎ আজকের পরিবহন সংকট আগামী দিনের উৎপাদন সংকটেও রূপ নিতে পারে। তাই নৌপথ নিরাপদ রাখা ও মানবিক সহায়তার অর্থায়ন নিশ্চিত করতে দ্রুত আন্তর্জাতিক উদ্যোগ জরুরি।

