স্প্লাশ২৪৭
আন্তর্জাতিক সমুদ্র প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের ওপর বাধ্যতামূলক টোল বা ট্রানজিট ফি আরোপের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করতে বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছে আটটি আন্তর্জাতিক শিপিং সংগঠন। তাদের সতর্কবার্তা, হরমুজ প্রণালিতে টোল আদায়ের ব্যবস্থা চালু হলে তা শুধু একটি নৌপথের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং বৈশ্বিক বাণিজ্যে বিপজ্জনক নজির তৈরি করবে।
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান কাজা কালাস এবং ইইউর সদস্য ও অংশীদার দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে পাঠানো এক খোলা চিঠিতে এ আহ্বান জানানো হয়। এতে সামুদ্রিক পথে ট্রানজিট ফি আরোপের বিরোধিতা করে ব্রাসেলসের নেওয়া আন্তর্জাতিক উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সংগঠনগুলো।
চিঠিতে স্বাক্ষরকারী আটটি সংগঠন হলো—ইউরোপীয় শিপওনার্স (ইসিএসএ), বিমকো, ইন্টারন্যাশনাল চেম্বার অব শিপিং, ইন্টারকার্গো, ইন্টারট্যাঙ্কো, ইন্টারফেরি, ওয়ার্ল্ড শিপিং কাউন্সিল এবং ক্রুজ লাইনস ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন (সিএলআইএ)।
সংগঠনগুলো বলেছে, জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক সনদ (আনক্লস) অনুযায়ী আন্তর্জাতিক সমুদ্র প্রণালিতে জাহাজ চলাচলের অবাধ অধিকার অক্ষুণ্ণ রাখতে হবে। একই সঙ্গে বাণিজ্যিক জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকারগুলোর প্রতিশ্রুতিকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে।
টোলের বিকল্প নামেও মাশুল আদায়ের বিরোধিতা
আন্তর্জাতিক শিপিং সংগঠনগুলো শুধু সরাসরি ট্রানজিট টোল নয়, এর বিকল্প বা ছদ্মাবরণ হিসেবে বাধ্যতামূলক কোনো ‘সেবা মাশুল’ বা সার্ভিস চার্জ আরোপের বিরুদ্ধেও সতর্ক করেছে।
তাদের মতে, নাম পরিবর্তন করে কোনো চার্জ আরোপ করা হলেও সেটি মূলত অবাধ জাহাজ চলাচলের অধিকারের ওপর আর্থিক শর্ত চাপিয়ে দেওয়ারই শামিল।
খোলা চিঠিতে সংগঠনগুলো বলেছে, ‘আমরা সরকারগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেন এই অধিকারগুলো ধারাবাহিকভাবে সমুন্নত রাখে এবং অর্থ প্রদানের শর্তে এই অধিকার প্রয়োগের যেকোনো প্রচেষ্টা প্রতিহত করে।’
হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ক্রমবর্ধমান চাপের মধ্যেই শিপিং খাতের এই অবস্থান সামনে এল। ইরান ইতিমধ্যে এই গুরুত্বপূর্ণ নৌপথে নিজস্ব ট্রানজিট শর্ত আরোপ করেছে এবং নিষিদ্ধ জাহাজের তালিকাও সম্প্রসারণ করেছে।
ফলে আন্তর্জাতিক জাহাজ চলাচলের স্বাধীনতা, নাবিকদের নিরাপত্তা এবং সামুদ্রিক বাণিজ্যের ব্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে।
‘নো ফিস, নো টোলস’ উদ্যোগে ৬০টির বেশি দেশ
আন্তর্জাতিক সমুদ্রপথে টোল আরোপের বিরোধিতা করে গত অক্টোবর মাসে ‘নো ফিস, নো টোলস’ উদ্যোগ চালু করে ইউরোপীয় ইউনিয়ন।
ইইউর সব সদস্য রাষ্ট্রসহ ইতিমধ্যে ৬০টিরও বেশি দেশ এই উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছে। চলতি মাসের শুরুর দিকে কুয়েতও এতে যুক্ত হয়েছে।
এই অঙ্গীকারের মূল লক্ষ্য হলো, আন্তর্জাতিক সমুদ্র প্রণালি দিয়ে চলাচলের ক্ষেত্রে কোনো দেশ যেন জাহাজের ওপর বাধ্যতামূলক ট্রানজিট ফি বা টোল চাপিয়ে দিতে না পারে।
উদ্যোগটির আওতায় অঙ্গীকারবদ্ধ দেশগুলোর পতাকাবাহী কিংবা সংশ্লিষ্ট জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের জন্য ইরানকে কোনো টোল দেবে না।
আটটি আন্তর্জাতিক শিপিং সংগঠনের এই যৌথ অবস্থান আন্তর্জাতিক সমুদ্রপথের অবাধ চলাচল নিয়ে কূটনৈতিক চাপ আরও বাড়াতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালির মতো বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্যের গুরুত্বপূর্ণ নৌপথে টোল আরোপের প্রশ্নটি এখন আন্তর্জাতিক শিপিং খাতের অন্যতম উদ্বেগের বিষয়ে পরিণত হয়েছে।

