ইন্ডিপেন্ডেন্ট
তাইওয়ানে সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি হিসেবে বেসামরিক জাহাজ ব্যবহার করে সেনা ও ভারী সামরিক সরঞ্জাম উপকূলে নামানোর নতুন কৌশল পরীক্ষা করছে চীন। এ লক্ষ্যে তাইওয়ান-সংলগ্ন ফুজিয়ান প্রদেশের দাচেং উপসাগরে কয়েক সপ্তাহ ধরে উভচর সামরিক মহড়া চালিয়েছে দেশটি।
স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, একাধিক জাহাজ পাশাপাশি যুক্ত করে প্রায় ৮০০ মিটার দীর্ঘ অস্থায়ী ভাসমান সেতু তৈরি করছে চীনা বাহিনী। সামরিক বিশ্লেষকদের মতে, যুদ্ধের সময় প্রচলিত অবতরণ অবকাঠামোর ওপর নির্ভরতা কমিয়ে বেসামরিক জাহাজ ব্যবহার করে সেনা ও ভারী সরঞ্জাম উপকূলে পৌঁছে দেওয়ার সক্ষমতা বাড়ানোই এই মহড়ার অন্যতম উদ্দেশ্য।
চীন গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে। তবে বেইজিংয়ের এই দাবি প্রত্যাখ্যান করে দ্বীপটির সরকার। তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে শক্তি প্রয়োগের পথও খোলা রেখেছে চীন।
বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা স্যাটেলাইট ছবি এবং ভূস্থানিক তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ইঞ্জেনিস্পেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১ নভেম্বর দাচেং উপসাগরে এই মহড়ার বিষয়টি প্রথম নজরে আসে। ১ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত ধারণ করা ছবিতে দেখা গেছে, জাহাজগুলো উপসাগরে চলাচল করে অস্থায়ী ভাসমান সেতু তৈরি করেছে এবং পরে তা ভেঙে ফেলেছে।
ইঞ্জেনিস্পেসের প্রধান পরিচালন কর্মকর্তা জেসন ওয়াং বলেন, ‘পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এমন কিছু কম দৃশ্যমান পদ্ধতির অনুশীলন করছে বলে মনে হচ্ছে, যার মাধ্যমে প্রথম দ্বীপপুঞ্জ এলাকায় সম্ভাব্য অভিযানে অংশ নেওয়া সেনাদের রসদ সরবরাহ করা সম্ভব। গভীর পানি থেকে ভারী সরঞ্জাম ও সামরিক উপকরণ উপকূলে নেওয়ার জন্য বেসামরিক জাহাজ ব্যবহার করলে তাইওয়ানের উপকূলজুড়ে আরও বেশি জায়গা ব্যবহারের সুযোগ তৈরি হবে।’
তাইওয়ানের মূল ভূখণ্ড থেকে প্রায় ২৮০ কিলোমিটার দূরের দাচেং উপসাগরে শুক্রবারও মহড়া চলছিল বলে জানিয়েছেন এ বিষয়ে অবহিত এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা।
আটটি বেসামরিক জাহাজ নিয়ে ভাসমান সেতু
ইঞ্জেনিস্পেসের বিশ্লেষণ অনুযায়ী, মহড়ায় অংশ নেয় আটটি বেসামরিক জাহাজ। এর মধ্যে ছিল চারটি বার্জ, দুটি সেমি-সাবমার্সিবল জাহাজ এবং দুটি ইঞ্জিনচালিত জাহাজ। পাশাপাশি চারটি ল্যান্ডিং ক্রাফট, ছোট সহায়ক নৌযান এবং কাছাকাছি অবস্থানে চীনা নৌবাহিনীর জাহাজও দেখা গেছে।
তবে মহড়াস্থলে বিশেষভাবে তৈরি সেতু নির্মাণের কোনো সরঞ্জাম দেখা যায়নি। বিশ্লেষকদের ধারণা, এর মাধ্যমে যুদ্ধের সময় অবতরণ অবকাঠামো তৈরিতে আগে থেকেই বিদ্যমান বেসামরিক জাহাজ ব্যবহারের সক্ষমতা বাড়াচ্ছে চীন।
ওই ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা জানান, ছোট ছোট দ্বীপ দ্রুত দখলের কৌশল অনুশীলন করাই ছিল মহড়ার অন্যতম উদ্দেশ্য। জাপান থেকে তাইওয়ান হয়ে ফিলিপাইন পর্যন্ত বিস্তৃত দ্বীপমালাকে সামরিক পরিভাষায় প্রথম দ্বীপপুঞ্জ বলা হয়।
তাঁর ধারণা, এই মহড়া চীনের সামরিক বাহিনীর চলতি বছরের ‘অল-মিলিটারি স্ট্র্যাটেজিক এক্সারসাইজ’-এর অংশ। নিয়মিতভাবে অনুষ্ঠিত এই মহড়া আগের বছরগুলোর তুলনায় এবার কিছুটা দেরিতে শুরু হয়েছে।
এ বিষয়ে মন্তব্য জানতে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেয়নি। তবে বৃহস্পতিবার অঞ্চলটিতে পিএলএর সাম্প্রতিক সামরিক মহড়া নিয়ে প্রশ্ন করা হলে চীন জানায়, তাদের প্রশিক্ষণ কার্যক্রম ‘সম্পূর্ণ বৈধ ও যুক্তিসংগত’।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দাচেং উপসাগরে বেসামরিক জাহাজের অংশগ্রহণসহ চীনের সামরিক তৎপরতা সম্পর্কে তারা অবগত। তাইওয়ান প্রণালির নিরাপত্তা এবং আঞ্চলিক শান্তির ওপর এসব তৎপরতার সম্ভাব্য প্রভাব পর্যালোচনা করা হচ্ছে।
তাইওয়ান প্রণালি পেরোনোর সক্ষমতা বাড়াচ্ছে চীন
এশিয়ায় অবস্থানরত সামরিক অ্যাটাশেদের মতে, তাইওয়ান প্রণালির মতো বিস্তৃত জলরাশি অতিক্রম করে উভচর সামরিক অভিযান পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলায় চীন উপকূলীয় সামরিক মহড়ার কৌশল ক্রমাগত উন্নত করছে। প্রতিদ্বন্দ্বী দেশগুলোর সামরিক বাহিনীও এসব মহড়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
দাচেং উপসাগরের কাছেই রয়েছে দংশান দ্বীপ। ২০২৪ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বীপটি পরিদর্শন করেছিলেন। শীতল যুদ্ধের সময় এখানে পিএলএর একটি উল্লেখযোগ্য সামরিক বিজয় হয়েছিল।
১৯৫৩ সালে চীনা সামরিক বাহিনী তাইওয়ানে আশ্রয় নেওয়া রিপাবলিক অব চায়নার বাহিনীর একটি আক্রমণ প্রতিহত করে। ১৯৪৯ সালে মাও সেতুংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট বাহিনীর কাছে গৃহযুদ্ধে পরাজিত হওয়ার পর ওই বাহিনী তাইওয়ানে পালিয়ে গিয়েছিল।
এদিকে, মহড়াস্থলে যোগাযোগব্যবস্থায় জ্যামিং বা বেতার সংকেত বাধাগ্রস্ত করার তৎপরতাও দেখা গেছে বলে জানিয়েছেন জেসন ওয়াং। এ বিষয়ে তিনি একটি অস্পষ্ট সিনথেটিক অ্যাপারচার রাডার ছবির উল্লেখ করেন।
এর আগে ২০২৩ ও ২০২৪ সালে দাচেং উপসাগরে বেসামরিক রো-রো পণ্যবাহী জাহাজ ব্যবহার করে উভচর অবতরণ মহড়া চালিয়েছিল চীন। গত বছরের আগস্টে গুয়াংডং প্রদেশের দক্ষিণ উপকূলেও একই ধরনের মহড়ার তথ্য প্রকাশ করেছিল রয়টার্স।
ওই ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা মনে করেন, সাম্প্রতিক মহড়াটি থেকে বোঝা যায়, চীনের সামরিক বাহিনী দ্বীপপুঞ্জভিত্তিক অভিযানের ওপর ক্রমেই বেশি গুরুত্ব দিচ্ছে। তবে এই কৌশল বাস্তব যুদ্ধক্ষেত্রে কতটা কার্যকর হবে, তা নিয়ে অতিরিক্ত আশাবাদী না হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
তিনি বলেন, ‘নতুনত্ব আর কল্পনার মধ্যে এখনো যথেষ্ট দূরত্ব রয়েছে।’
যুদ্ধের পরিস্থিতিতে এসব বার্জ ও বেসামরিক জাহাজ সহজেই শত্রুপক্ষের হামলার লক্ষ্যবস্তু হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেছেন ওই কর্মকর্তা।

