আগামী বছরের জন্য কে কতটুকু তেল উৎপাদন করতে পারবে, তা নির্ধারণে আজ রোববার (২৯ নভেম্বর) অনলাইনে বৈঠকে বসছে তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস। সৌদি আরব ও রাশিয়াসহ জোটের দেশগুলোর অংশগ্রহণে এই বৈঠকে ২০২৭ সালের উৎপাদন লক্ষ্যমাত্রার পাশাপাশি প্রতিটি দেশের সর্বোচ্চ টেকসই উৎপাদন সক্ষমতাও আলোচনায় আসবে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি অবকাঠামোয় হামলা, বিশ্ববাজারে চাহিদার অনিশ্চয়তা এবং সদস্যদেশগুলোর মধ্যে উৎপাদন কোটা নিয়ে মতবিরোধের কারণে সিদ্ধান্ত চূড়ান্ত করা কঠিন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
ওপেক ও রাশিয়াসহ সহযোগী তেল উৎপাদনকারী দেশগুলোকে নিয়ে গঠিত ওপেক প্লাসের এই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন উৎপাদন সক্ষমতার মানদণ্ড নির্ধারণ। সাধারণত একটি দেশের কতটুকু তেল উৎপাদনের সক্ষমতা রয়েছে, তার ভিত্তিতে উৎপাদন কোটা নির্ধারণ করা হয়। এ জন্য প্রথমবারের মতো স্বাধীনভাবে সদস্যদেশগুলোর সর্বোচ্চ টেকসই উৎপাদন সক্ষমতা যাচাই করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ডিগোলিয়ার অ্যান্ড ম্যাকনটন। প্রায় দুই বছর ধরে করা এই মূল্যায়ন ২০২৭ সালের উৎপাদন কোটা নির্ধারণে ভিত্তি হিসেবে ব্যবহারের কথা রয়েছে।
বৈঠকটি এমন সময়ে হচ্ছে, যখন বিশ্ববাজারে তেলের সরবরাহ ও চাহিদার হিসাব নতুন করে বদলাচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নভেম্বরের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার চেয়ে বেশি হতে পারে। ২০২৭ সালেও সরবরাহ বাড়ার সম্ভাবনা রয়েছে, অথচ চাহিদা বাড়বে তুলনামূলক কম। ফলে বাজারে তেলের উদ্বৃত্ত তৈরি হলে দাম ধরে রাখতে উৎপাদন কমানোর প্রয়োজন হতে পারে।
গ্লোবাল রিস্ক ম্যানেজমেন্টের বিশ্লেষক আর্নে লোহমান রাসমুসেনের মতে, আগামী বছর বিশ্ববাজারে বড় ধরনের তেল উদ্বৃত্ত তৈরি হলে ওপেক প্লাসকে উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিতে হতে পারে। কিন্তু এখানে বড় প্রশ্ন হলো, কোন দেশ কতটা উৎপাদন কমাতে রাজি হবে। কারণ সদস্যদেশগুলোর অনেকেই নিজেদের উৎপাদন সক্ষমতা অনুযায়ী বেশি কোটা পাওয়ার পক্ষে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বছরের প্রথম প্রান্তিকে বর্তমান উৎপাদন লক্ষ্যমাত্রা অপরিবর্তিত রাখার বিষয়ে জোটের মধ্যে নীতিগত সমঝোতা হয়েছে বলে কয়েকটি সূত্র জানিয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইরান যুদ্ধের কারণে উৎপাদন ও রপ্তানি ব্যাহত হওয়া এবং নতুন উৎপাদন সক্ষমতার হিসাব নিয়ে মতবিরোধই সিদ্ধান্তকে জটিল করে তুলছে।
নতুন উৎপাদন সক্ষমতার হিসাব নিয়ে সদস্যদেশগুলোর মধ্যে ইতোমধ্যে বিরোধ দেখা দিয়েছে। ইরাকের ক্ষেত্রে প্রাথমিক মূল্যায়নে দৈনিক উৎপাদন সক্ষমতা ৪৯ লাখ ব্যারেল নির্ধারণ করা হয়েছে। তবে দেশটি এই হিসাব নিয়ে সন্তুষ্ট নয় এবং আরও বেশি উৎপাদন কোটার জন্য আলোচনা করছে। ইরাকের তেলমন্ত্রী বাসেম মোহাম্মদ খুদাইর জানিয়েছেন, দেশটির জ্বালানি অবকাঠামো উন্নয়নের জন্য উৎপাদনসীমা বাড়ানো প্রয়োজন। কাজাখস্তানও নিজেদের উৎপাদন সক্ষমতার মূল্যায়ন বাড়ানোর দাবি জানিয়েছে।
এদিকে উৎপাদন কোটা নিয়ে অসন্তোষের জেরে চলতি বছরের ১ মে ওপেক ও ওপেক প্লাস উভয় জোট থেকেই বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটি জানিয়েছে, জাতীয় স্বার্থ এবং নিজস্ব উৎপাদন সক্ষমতা অনুযায়ী তেল উৎপাদনে আরও স্বাধীনতা প্রয়োজন। সৌদি আরবের পর ওপেকের অন্যতম বড় অব্যবহৃত উৎপাদন সক্ষমতার অধিকারী ছিল দেশটি। ফলে সংযুক্ত আরব আমিরাতের প্রস্থানের পর অন্য সদস্যদের মধ্যেও বেশি উৎপাদন কোটা পাওয়ার দাবি জোরালো হওয়ার আশঙ্কা রয়েছে।
রিস্ট্যাড এনার্জির বিশ্লেষক হোর্হে লিওনের মতে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি ওপেক প্লাসের সবচেয়ে জটিল বৈঠকগুলোর একটি হতে পারে। তাঁর ধারণা, সদস্যদেশগুলোর উৎপাদন সক্ষমতা নিয়ে মতবিরোধ এবং বিশ্ববাজারের অনিশ্চয়তার কারণে সবার জন্য গ্রহণযোগ্য উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা কঠিন হবে। ফলে আজকের বৈঠকের সিদ্ধান্ত শুধু আগামী বছরের তেল সরবরাহ নয়, বিশ্ববাজারে জ্বালানির দাম কোন দিকে যাবে, তার ওপরও প্রভাব ফেলতে পারে।

