রয়টার্স
নিজেদের তৈরি স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তিই শেষ পর্যন্ত মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করেছে ইরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার জবাবে মার্কিন সেনাদের লক্ষ্য করে পরিচালিত অভিযানে ইলন মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের ‘স্টারলিংক’ সেবা ব্যবহার করেছে তেহরান। বিষয়টি জানার পর ক্ষোভে ফেটে পড়েন স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। সংশ্লিষ্ট সূত্র এবং স্পেসএক্সের অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনীর বিরুদ্ধে ইরানের অভিযানে স্টারলিংকের অননুমোদিত ব্যবহারের অন্তত দুটি ঘটনা শনাক্ত করেছে প্রতিষ্ঠানটির কারিগরি দল।
প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ আলোচনার সঙ্গে যুক্ত দুজন ব্যক্তির ভাষ্য অনুযায়ী, এ তথ্য জানার পর মাস্ক তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ইরানের ব্যবহার শনাক্ত, মার্কিন বাহিনীর বিরুদ্ধেও স্টারশিল্ড
ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু ইরানই নয়, মার্কিন সামরিক বাহিনীও স্পেসএক্সের স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করেছে। তবে তারা স্টারলিংকের সামরিক সংস্করণ ‘স্টারশিল্ড’ ব্যবহার করে একমুখী আত্মঘাতী ড্রোন পরিচালনা করেছে।
একটি সূত্র জানিয়েছে, মার্কিন বাহিনী স্থল অভিযানের জন্য নির্ধারিত তুলনামূলক কম ব্যয়ের একটি পরিকল্পনার আওতায় এই প্রযুক্তি ব্যবহার করেছিল। বিষয়টি মাস্ককে অবহিত করা হয়।
এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলেও স্পেসএক্স কিংবা ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।
ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে পাঠানো অত্যন্ত গোপনীয় একটি নথিতে ইরানি সামরিক বাহিনীর স্টারলিংক ব্যবহারের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়েছে।
তবে রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জানিয়েছে, ‘প্রতিরক্ষামন্ত্রীর দপ্তরে এই সংক্রান্ত কোনো প্রতিবেদনের বিষয়ে তারা অবগত নয়।’
ইরানে আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই সক্রিয় স্টারলিংক
ইরানে আনুষ্ঠানিকভাবে ইন্টারনেট সেবা দেওয়ার জন্য স্টারলিংকের কোনো লাইসেন্স বা সরকারি অনুমোদন নেই। তা সত্ত্বেও দেশটিতে এই স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ সক্রিয় রয়েছে বলে আগেই জানিয়েছিলেন ইলন মাস্ক।
গত জানুয়ারিতে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ও রাজনৈতিক অস্থিরতার সময় ইরানের কর্তৃপক্ষ সাধারণ মানুষের ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছিল। সে সময় বিকল্প যোগাযোগব্যবস্থা হিসেবে স্টারলিংকের ব্যবহার আলোচনায় আসে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ওই সময় মার্কিন সরকার গোপনে হাজার হাজার স্টারলিংক রিসিভার টার্মিনাল ইরানে পাঠিয়েছিল। এর মাধ্যমে দেশটির ইন্টারনেট বিচ্ছিন্নতার মধ্যেও কিছু মানুষের যোগাযোগ বজায় রাখার সুযোগ তৈরি হয়।
তবে এখন একই প্রযুক্তি ইরানের সামরিক অভিযানে ব্যবহারের অভিযোগ নতুন উদ্বেগ তৈরি করেছে।
গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বর্তমান সামরিক সংঘাত শুরু করার পর থেকেই দেশটির সরকার ইন্টারনেট ব্যবহারের ওপর অত্যন্ত কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির নিয়ন্ত্রণ নিয়ে নতুন প্রশ্ন
ইউক্রেন ও ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সংঘাতপূর্ণ অঞ্চলে স্টারলিংকের ব্যবহার নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে মার্কিন সরকারের নিয়ন্ত্রণের আওতার বাইরে পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা দেশ বা গোষ্ঠীগুলো কীভাবে এই প্রযুক্তি ব্যবহার করতে পারে, তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্যাটেলাইট ইন্টারনেট এখন শুধু সাধারণ মানুষের যোগাযোগের মাধ্যম নয়; সামরিক যোগাযোগ, ড্রোন পরিচালনা এবং যুদ্ধক্ষেত্রে তথ্য আদান-প্রদানের ক্ষেত্রেও এর গুরুত্ব বাড়ছে।
ফলে একই প্রযুক্তি প্রতিদ্বন্দ্বী পক্ষগুলোর হাতে পৌঁছে গেলে তার নিয়ন্ত্রণ ও ব্যবহার নিয়ে জটিলতা তৈরি হতে পারে। স্টারলিংককে ঘিরে সাম্প্রতিক অভিযোগ সেই বাস্তবতাকেই সামনে এনেছে।
বিশেষ করে ইরানের মতো নিষেধাজ্ঞার আওতায় থাকা একটি দেশের সামরিক অভিযানে মার্কিন প্রযুক্তি ব্যবহারের অভিযোগ স্পেসএক্সের জন্য নতুন নিরাপত্তা ও নিয়ন্ত্রণসংক্রান্ত প্রশ্ন তৈরি করেছে। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রে বেসরকারি প্রযুক্তি প্রতিষ্ঠানের ভূমিকা এবং তাদের প্রযুক্তির অপব্যবহার ঠেকানোর সক্ষমতা নিয়েও নতুন বিতর্কের জন্ম দিয়েছে ঘটনাটি।

