সামরিক সহায়তা স্থগিতের পর এবার ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহও বন্ধ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রাম্প প্রশাসন ইউক্রেনের সঙ্গে সম্পর্কের বিভিন্ন দিক পুনর্মূল্যায়ন করছে। সূত্র: বিবিসি
এ অবস্থায় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, ইউরোপকে এখন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিতে হবে।
গত সপ্তাহে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প প্রশাসন ইউক্রেনের সামরিক সহায়তা স্থগিতের ঘোষণা দেয়। ইউক্রেনকে গোয়েন্দা তথ্য আদান-প্রদান পুরোপুরি বন্ধ করা হয়েছে নাকি সীমিত করা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে সিআইএ পরিচালক জন র্যাটক্লিফ বলেছেন, ট্রাম্প ইউক্রেনে শান্তি প্রক্রিয়ায় দেশটির প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। এর ফলশ্রুতিতে আলোচনার সুযোগ তৈরি করতে সামরিক ও গোয়েন্দা সহায়তা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াল্টজ জানিয়েছেন, আলোচনা সফল হলে সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য বিনিময় পুনরায় শুরু হতে পারে।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন দীর্ঘদিন ধরে মার্কিন সামরিক সহায়তার ওপর নির্ভরশীল। এ সিদ্ধান্ত দেশটির প্রতিরক্ষাকে দুর্বল করতে পারে এবং রাশিয়াকে আরও আগ্রাসী হতে উৎসাহিত করতে পারে।

