যুক্তরাষ্ট্র সমর্থিত গাজার ত্রাণ কার্যক্রম “মূলত অনিরাপদ” এবং এটি “মানুষের মৃত্যুর কারণ হচ্ছে বলে শুক্রবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস জানিয়েছেন।” তিনি জানান, জাতিসংঘের নেতৃত্বে পরিচালিত মানবিক ত্রাণ কার্যক্রম “শ্বাসরোধ” করা হচ্ছে, ত্রাণকর্মীরা নিজেরাই ক্ষুধায় ভুগছেন এবং ইসরায়েল, দখলদার শক্তি হিসেবে, ফিলিস্তিনি এলাকায় এবং এর সর্বত্র ত্রাণ সরবরাহে সম্মতি দেওয়া ও সহায়তা করার জন্য বাধ্য।
গুতেরেস সাংবাদিকদের বলেন, “মানুষ কেবল নিজেদের এবং তাদের পরিবারকে খাওয়ানোর চেষ্টা করতে গিয়ে নিহত হচ্ছে। খাবারের সন্ধান কখনো মৃত্যুদণ্ডের কারণ হওয়া উচিত নয়।” তিনি আরো বলেন, “গাজায় যুদ্ধবিরতির জন্য রাজনৈতিক সাহস খুঁজে বের করার সময় এসেছে।”
ইসরায়েল ১৯ মে গাজার উপর ১১ সপ্তাহের ত্রাণ অবরোধ তুলে নেওয়ার পর থেকে, জাতিসংঘের তথ্য অনুযায়ী, জাতিসংঘ এবং গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ কার্যক্রম থেকে ত্রাণ সংগ্রহের চেষ্টাকালে ৪০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। রবিবার একজন জ্যেষ্ঠ জাতিসংঘ ত্রাণ কর্মকর্তা জানান, এই হতাহতের অধিকাংশই জিএইচএফের ত্রাণ কেন্দ্রে পৌঁছানোর চেষ্টাকালে ঘটেছে।
গুতেরেসের মন্তব্যের বিষয়ে জিএইচএফ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে এই সপ্তাহের শুরুতে তারা বলেছিল, “আমাদের ত্রাণ নিরাপদে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশ থেকে বিতর্ক করা এবং অপমান ছুড়ে দেওয়ার পরিবর্তে, আমরা জাতিসংঘ এবং অন্যান্য মানবিক গোষ্ঠীকে আমাদের সঙ্গে যোগ দিয়ে গাজার মানুষকে খাওয়ানোর জন্য স্বাগত জানাব।” জিএইচএফ মার্কিন যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা ও লজিস্টিক ফার্ম ব্যবহার করে কার্যক্রম পরিচালনা করে। তারা ২৬ মে থেকে গাজায় কার্যক্রম শুরু করে এবং শুক্রবার জানায়, এ পর্যন্ত তারা ৪৮ মিলিয়নের বেশি খাবার বিতরণ করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বৃহস্পতিবার জানায়, তারা জিএইচএফের জন্য ৩০ মিলিয়ন ডলার তহবিল অনুমোদন করেছে এবং অন্যান্য দেশকেও এই গ্রুপকে সমর্থন করার আহ্বান জানিয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র হামাসের বিরুদ্ধে জাতিসংঘের নেতৃত্বাধীন ত্রাণ কার্যক্রম থেকে ত্রাণ চুরির অভিযোগ তুলেছে, যা হামাস অস্বীকার করেছে।
ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র জাতিসংঘকে বিতর্কিত নতুন গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছে কিন্তু জাতিসংঘ এটি প্রত্যাখ্যান করেছে, এই কার্যক্রমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে এবং এটিকে ত্রাণের সামরিকীকরণ এবং জোরপূর্বক স্থানচ্যুতির জন্য দায়ী করেছে। গুতেরেস বলেন, “যে কোনো কার্যক্রম যা মরিয়া সাধারণ মানুষকে সামরিকীকৃত এলাকায় প্রবেশ করতে বাধ্য করে তা মূলত অনিরাপদ। এটি মানুষের মৃত্যুর কারণ হচ্ছে।”

