পাকিস্তানে আবারও অনুভূত হলো শক্তিশালী ভূমিকম্প। রোববার (২৯ জুন) ভোররাতে দেশটির মধ্যাঞ্চল ও বেলুচিস্তান প্রদেশে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫, তবে এখন পর্যন্ত এতে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (GFZ) জানিয়েছে, রোববার ভোরে এই ভূমিকম্প আঘাত হানে পাকিস্তানের মধ্যাঞ্চলে। একই তথ্য নিশ্চিত করেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)। সংস্থাটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় ভোর ৩টা ৩০ মিনিটের দিকে কম্পনটি হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বেলুচিস্তানের বারখান শহরের প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পূর্বে, মাত্র ১০ কিলোমিটার গভীরে।
বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু ভূমিকম্পটি খুব অগভীরে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ঘটেছে—তাই এর কম্পন আশপাশে প্রবলভাবে অনুভূত হয়। ইউরো-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, কম্পনের কেন্দ্র মুলতান শহর থেকে প্রায় ১৪৯ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ছিল।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মুসাখেল জেলা ও আশপাশের এলাকাগুলোতে কম্পন টের পাওয়া যায়। পাকিস্তানের ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, কেন্দ্রস্থল ছিল মুসাখেলের উত্তর-পূর্ব দিকে, প্রায় ২৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পরপরই স্থানীয় প্রশাসন এলাকা পর্যবেক্ষণ শুরু করেছে। প্রাথমিকভাবে হতাহত বা বড় কোনো ক্ষতির খবর না থাকলেও, নিরাপত্তার স্বার্থে বিভিন্ন অঞ্চলে সতর্কতা জারি রাখা হয়েছে।
পাকিস্তান এমন এক অঞ্চলে অবস্থিত, যা ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে। ফলে দেশটিতে প্রায়ই ভূমিকম্প ঘটে থাকে। ইতিহাস বলছে, ২০০৫ সালে আজাদ কাশ্মীরে ভয়াবহ ৭.৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ৭৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। ২০১৫ সালে পাকিস্তান ও আফগানিস্তানে আরও একটি শক্তিশালী ভূমিকম্পে মারা যান প্রায় ৪০০ জন। সর্বশেষ ২০২১ সালের অক্টোবরে বেলুচিস্তানের হরনাই জেলায় ৫.৯ মাত্রার ভূমিকম্পে নিহত হন অন্তত ২০ জন।
রোববারের ভূমিকম্পটি যদিও অতীতের বড় ভূমিকম্পগুলোর মতো প্রাণঘাতী নয়, তবু এটি আবারও মনে করিয়ে দিল—পাকিস্তান এখনো ভূমিকম্পের উচ্চঝুঁকিতে রয়েছে। দেশটির ভূমিকম্প প্রস্তুতি এবং দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার এখনই উপযুক্ত সময়।

