পাকিস্তানে টানা ভারী বৃষ্টিপাতে চারটি প্রদেশে হঠাৎ বন্যা ও ঘরবাড়ি ধসে আরও অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১৩ জন। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, রবিবার দিনভর বিভিন্ন দুর্ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
এর আগে শুক্রবার ও শনিবার টানা বৃষ্টিতে সৃষ্ট হড়কা বানে এবং ঘরবাড়ি ধসে প্রাণ হারিয়েছেন অন্তত ৩২ জন। এর মধ্যে কেউ কেউ বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মারা গেছেন বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ডন।
রবিবার শুধুমাত্র লাহোর শহরেই বৃষ্টিজনিত বিভিন্ন ঘটনায় প্রাণ গেছে দুইজনের, আহত হয়েছেন অন্তত ১২ জন। শহরের একাংশে দেয়াল ধসে পড়ে প্রাণ হারান এক নারী, আহত হন আরও ১০ জন। এছাড়া প্রবল ঝড়ো হাওয়ায় একটি বিলবোর্ড ছিঁড়ে গিয়ে পড়ে এক মোটরসাইকেল আরোহী পরিবারের ওপর। ঘটনাস্থলেই নিহত হন চালক, গুরুতর আহত হন তার স্ত্রী ও সন্তান। আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচিতেও দুইজনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। তাদের একজন পিপিপির এক নেতার ছোট ভাই, যিনি একসময় দেশটির সংসদ সদস্য ছিলেন। আরেকজন শহরের ক্লিফটন এলাকায় রাস্তায় হাঁটার সময় একটি ভেজা বৈদ্যুতিক খুঁটির সংস্পর্শে এসে মারা যান। বয়স ছিল ত্রিশের কোঠায়।
উত্তরাঞ্চলের গিলগিট বালতিস্তানে গিলগিট শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে ঐতিহাসিক পর্যটন এলাকা কার্গাহ নালায় হঠাৎ বন্যায় ভেসে যান দুই বোন। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
পাঞ্জাব প্রদেশের শরিফপুরা এলাকায় মাটির তৈরি একটি ঘর ধসে পড়লে মারা যান দুইজন। আহত হন আরও একজন। এদিকে রোববারের ২৪ ঘণ্টায় পাঞ্জাবজুড়ে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। লাহোর বিমানবন্দরে রেকর্ড হয়েছে ৬৫ মিলিমিটার বৃষ্টি।
লাহোরের বিভিন্ন এলাকায় প্রচণ্ড বাতাসে গাছ উপড়ে পড়েছে। তবে আশ্চর্যজনকভাবে এসব ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পাকিস্তানের বিভিন্ন এলাকায় বৃষ্টির সঙ্গে বজ্রপাত, হঠাৎ বন্যা, ঘর ধস ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানি যেন এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় ঘাটতির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে বলে মনে করছেন স্থানীয়রা।

