ইউনিভার্সিটি অব লন্ডনের হোলোওয়ে কলেজের অর্থনীতিবিদ ও সহিংস সংঘাতে মৃত্যু বিষয়ে গবেষক অধ্যাপক মাইকেল স্পাগাটের একটি গবেষণায় বলা হয়েছে, গাজায় প্রায় ১০ হাজার মানুষের ওপর জরিপ চালিয়ে দেখা গেছে, ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত সেখানে ৭৫ হাজার ২০০ জনের সহিংস মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন, যার ৫৬ শতাংশ নারী ও ১৮ বছরের কম বয়সী শিশু। তিনি এই ঘটনাকে একবিংশ শতাব্দীর সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত হিসেবে চিহ্নিত করেছেন।
তিনি বলেন, ‘গাজার মোট জনসংখ্যার প্রায় চার শতাংশ ইতোমধ্যে নিহত হয়েছে। এমন মৃত্যুর হার একুশ শতকে অন্য কোনো সংঘাতে দেখা যায়নি।’ গাজায় নারী ও শিশুদের মৃত্যুর হার কসোভো, উত্তর ইথিওপিয়া, সিরিয়া বা সুদানের তুলনায় অনেক বেশি।
গত শনিবার গাজায় ইসরায়েলি হামলায় এক দিনে ৬০ জন নিহত হন। গাজা শহরের তুফাহ এলাকায় দুই দফা বিমান হামলায় কয়েকটি আবাসিক ভবন ধ্বংস হয়ে ২০ জন নিহত হন, যাদের মধ্যে নয়জন শিশু ছিল।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত তিন লাখ ৭৭ হাজার মানুষ ‘নিখোঁজ’ হয়েছেন, যাদের অর্ধেক শিশু। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, ইসরায়েল গাজায় ‘জাতিগত নিধন’ চালাচ্ছে।
নেদারল্যান্ডসের দ্য হেগে সংস্থার মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ইসরায়েল জেনোসাইড কনভেনশনে নিষিদ্ধ পাঁচটি কর্মকাণ্ডের অন্তত তিনটি ঘটিয়েছে, যার মধ্যে রয়েছে হত্যাকাণ্ড, শারীরিক ও মানসিক ক্ষতি এবং সুরক্ষিত গোষ্ঠীকে ধ্বংসের জন্য ইচ্ছাকৃতভাবে জীবনমানের ক্ষতি। তিনি আরো বলেন, তথ্যপ্রমাণ ও ইসরায়েলি কর্মকর্তাদের বিবৃতি পর্যালোচনায় প্রমাণিত হয়েছে যে, জাতিগত নিধনের উদ্দেশ্য নিয়েই এই অভিযান শুরু হয়েছিল।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর ইহুদি নিধনের পর ১৯৪৮ সালে জাতিগত হত্যাকাণ্ড সনদ প্রণয়ন করা হয়। এই সনদে বলা হয়েছে, কোনো জাতি, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নির্মূলের লক্ষ্যে পরিচালিত কার্যক্রমকে জাতিগত নিধন বলা হয়। হারেৎজের প্রতিবেদন এই বিষয়টিকে আরো সুস্পষ্ট করে।
ইসরায়েলি হামলায় সরাসরি হত্যার পাশাপাশি অনাহার, ঠান্ডা ও রোগে অনেকে প্রাণ হারিয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় খাদ্য, পানি ও জ্বালানি সরবরাহে বাধা দিয়েছে, মানবিক সহায়তা প্রবেশে বাধা সৃষ্টি করেছে, কৃষিজমি ধ্বংস করেছে এবং দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করেছে। হাসপাতালগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং লক্ষ্যবস্তু হত্যাকাণ্ড চলছে।
গত রোববার ফিলিস্তিনি কর্তৃপক্ষের বরাতে আল-জাজিরা জানায়, ইসরায়েলের অবরোধে শিশুদের দুধ ও পুষ্টিকর খাবার সরবরাহে বাধার কারণে গাজায় পুষ্টিহীনতায় অন্তত ৬৬ শিশু মারা গেছে। ইউনিসেফ জানায়, মে মাসে তীব্র অপুষ্টির শিকার ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ৫,১১৯ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়।
হিউম্যান রাইটস ওয়াচ ২০২৩ সালের ডিসেম্বরে জানায়, ইসরায়েল বেসামরিক মানুষকে ক্ষুধার মুখে ফেলাকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করছে। এমনকি ত্রাণকেও হত্যার কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। ২ মার্চ থেকে ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। তিন মাস পর মে মাসের শেষে যুক্তরাষ্ট্রের অর্থায়নে গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামে একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে সীমিত ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে জিএইচএফের বিতরণকেন্দ্রে ত্রাণ নিতে আসা শত শত ফিলিস্তিনিকে প্রায় প্রতিদিন গুলি করে হত্যা করা হচ্ছে।
শনিবার জানা যায়, জিএইচএফের মাধ্যমে বিতরণ করা আটার বস্তায় অক্সিকোডন নামে আফিমজাত ওষুধ পাওয়া গেছে, যা অত্যন্ত আসক্তিকর এবং প্রাণঘাতী। মিডল ইস্ট আই জানায়, এটি সাধারণত ক্যানসার রোগীদের দেওয়া হয়।
ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’কে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, যা ইতালি থেকে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের জন্য ত্রাণ নিয়ে এসেছিল।
ইসরায়েলের হারেৎজ পত্রিকার শুক্রবারের প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রায় এক লাখ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যা জনসংখ্যার প্রায় চার শতাংশ। হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ৫৬ হাজার ৩০০ জনের বেশি নিহত হয়েছেন।
ফিলিস্তিনি কবি মাহমুদ দারবিশ গাজার শিশুদের নিয়ে লিখেছিলেন, ‘প্রতিদিন জন্ম নেওয়া নতুন শিশুরা ঘুমাতে যাওয়ার আগেই মৃত্যুতে ঘুমিয়ে পড়ে। তাদের গণনা মূল্যহীন।’ উর্দু কবি ফয়েজ আহমদ ফয়েজ তাঁর ‘ঘুমপাড়ানি গানে’ লিখেছেন, মায়ের কোলে শিশুর কপালে চুমু এঁকে দেওয়ার জন্য চাঁদ খুঁজে পাননি, কারণ চাঁদ মৃতদের সমাহিত করতে ব্যস্ত ছিল। তিনি বেঁচে থাকা শিশুদের সান্ত্বনা দিয়ে বলেন, ‘না বাছা, কেঁদো না! তোমার বাসভূমে সূর্য মৃতদের গোসল দিয়েছে, চাঁদ দিয়েছে কবর।’
ফিলিস্তিনি জাতির আকার কমাতে প্রায় আট দশক ধরে ইসরায়েলি বন্দুক-বোমার প্রধান লক্ষ্য ছিল শিশু ও নারীরা। গত ২১ মাসে ইসরায়েলি হামলায় ১৬ হাজারের বেশি শিশু নিহত হয়েছে, অর্থাৎ প্রতি ৪০ মিনিটে একটি শিশুর মৃত্যু হয়েছে। গাজায় মাতৃগর্ভে শিশুরা হত্যার শিকার হচ্ছে। হাসপাতাল, স্কুল ও শরণার্থী শিবিরেও নির্বিচারে হামলা চলছে। এমন পরিকল্পিত হত্যাকাণ্ডকে জাতিগত নিধন ছাড়া আর কী বলা যায়?

