ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসলামিক বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ইরানি জনগণের প্রতি অপমানজনক ও অশোভন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাগায়ি সোমবার তাঁর সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, “এই ধরনের নীচ বক্তব্য সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানযোগ্য এবং নিন্দনীয়।” সূত্র: মেহর নিউজ
শুক্রবার ট্রাম্প তাঁর আগ্রাসী ভাষায় আয়াতুল্লাহ খামেনির বিরুদ্ধে সমালোচনা করে দাবি করেন যে, তিনি ইসরায়েলি সরকার এবং মার্কিন সশস্ত্র বাহিনীকে খামেনিকে হত্যা করা থেকে বিরত রেখেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই মন্তব্য শুধু আন্তর্জাতিক রীতিনীতি ও জাতিসংঘের সনদের মৌলিক নীতি, যেমন জাতিগুলোর আত্মনিয়ন্ত্রণের অধিকার, লঙ্ঘন করে না বরং এটি একটি সম্মানিত সভ্যতা এবং বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মুসলমানের অনুভূতির প্রতি অবমাননা।
বিবৃতিতে আরো বলা হয়, ইরান ও বিশ্বব্যাপী মুসলমানদের দ্বারা সম্মানিত রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে এই অপমানজনক ও হুমকিমূলক বক্তব্য যুক্তরাষ্ট্রের অদূরদর্শী নীতির প্রতি বিদ্বেষ ও ঘৃণাকে আরও উসকে দেবে এবং সংলাপ ও সম্পৃক্ততার প্রস্তাবের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করবে। মন্ত্রণালয় মার্কিন কর্মকর্তাদের আক্রমণাত্মক বক্তব্য ও অস্থির নীতি পরিবর্তন থেকে বিরত থাকার এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় অবৈধ হামলা ও ইসরায়েলের অপরাধে সমর্থনের জন্য জবাবদিহি করার পরামর্শ দিয়েছে।
রবিবার রাতে গ্র্যান্ড আয়াতুল্লাহ মাকারেম শিরাজি একটি ফতোয়া জারি করেন, যাতে তিনি সর্বোচ্চ নেতাকে হুমকি দেওয়া ব্যক্তিদের আল্লাহর শত্রু ঘোষণা করেছেন এবং ইসলামী শিক্ষা অনুসারে তাদের বিরুদ্ধে লড়াই করার নির্দেশ দিয়েছেন।

