মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেন গত এক দশকেরও বেশি সময় ধরে ভয়াবহ গৃহযুদ্ধের কবলে। এই সংঘাত ২০১১ সালের ‘আরব বসন্ত’-এর ছায়ায় শুরু হলেও, এর শিকড় অনেক গভীরে। রাজনৈতিক অস্থিরতা, ধর্মীয় বিভাজন, বিদেশি হস্তক্ষেপ এবং জ্বালানিনির্ভর ভূ-রাজনীতি—সব মিলিয়ে ইয়েমেন আজ বিশ্বের সবচেয়ে গভীর মানবিক সংকটের মুখে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, সরাসরি সংঘাতে এবং দুর্ভিক্ষ-রোগে প্রায় সাড়ে তিন লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখো মানুষ।
হুতিদের উত্থান: ধর্মীয় আন্দোলন থেকে সশস্ত্র বিদ্রোহ
১৯৯০ সালে উত্তর ও দক্ষিণ ইয়েমেন একত্রিত হলে আলি আবদুল্লাহ সালেহ প্রেসিডেন্ট হন। শুরুতে তিনি হুতি আন্দোলনকে সহনশীলভাবে দেখতেন। হুতিরা মূলত জাইদি শিয়া সম্প্রদায়ের অনুসারী, যারা আনসারুল্লাহ নামেও পরিচিত। নব্বইয়ের দশকে তাদের নেতা হুসেইন আল-হুতি এক ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলন শুরু করেন। কিন্তু আন্দোলনটি সরকারবিরোধী রূপ নেয়ায় সালেহের সাথে দ্বন্দ্ব শুরু হয়।
২০০৪ সালে সরকার হুসেইনকে হত্যা করে। এতে বিদ্রোহ আরও জোরালো হয়। তরুণদের একটি বড় অংশ সামরিকভাবে হুতিদের দলে যোগ দেয়। তারা উত্তর ইয়েমেনের সাআদা প্রদেশে নিজেদের শক্ত ঘাঁটি গড়ে তোলে।
আরব বসন্তের ঢেউ: রাষ্ট্র ক্ষমতার ছন্দপতন
২০১১ সালের গণজাগরণে সালেহ সরকার পড়ে যায়। ক্ষমতা হস্তান্তর হয় উপ-রাষ্ট্রপতি আব্দ-রাব্বু মনসুর হাদির কাছে। তবে ক্ষমতা বদল হলেও স্থিতিশীলতা আসে না। দুর্নীতি, দুর্বল প্রশাসন ও ক্ষমতার ভারসাম্যহীনতায় সরকার নড়বড়ে হয়ে পড়ে।
২০১৪ সালে হুতিরা রাজধানী সানা দখলে নেয় এবং হাদির বাসভবন ঘিরে ফেলে। ২০১৫ সালের শুরুতে হাদি সৌদি আরবে পালিয়ে যান। এরপরই শুরু হয় আন্তর্জাতিক জোটের হস্তক্ষেপ।
২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন সাতটি সুন্নি আরব রাষ্ট্র হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। তারা অভিযোগ করে, হুতিদের সমর্থন দিচ্ছে শিয়া রাষ্ট্র ইরান। ফলে ইয়েমেন হয়ে ওঠে রিয়াদ-তেহরান ছায়াযুদ্ধের ময়দান। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স এই জোটকে অস্ত্র ও গোয়েন্দা সহায়তা দেয়।
এ যুদ্ধ শুধু রাজনীতিক নয়, মানবিক বিপর্যয়ের জন্ম দেয়। দেশটির হাসপাতাল, সড়ক, পানি সরবরাহ ব্যবস্থা—সব ধ্বংস হয়। লাখো শিশু অপুষ্টিতে ভোগে। চিকিৎসা, খাদ্য ও শিক্ষা প্রায় অনুপস্থিত হয়ে পড়ে।
জাতিসংঘ এই যুদ্ধকে “বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকট” হিসেবে আখ্যায়িত করেছে। সংস্থাটির তথ্য অনুযায়ী:
- ২৪ মিলিয়নের বেশি মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল।
- ১ কোটি ২০ লাখ শিশু জরুরি সাহায্যের অপেক্ষায়।
- ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত।
- কলেরা, ডেঙ্গু ও অন্যান্য রোগে হাজারো মৃত্যু হয়েছে চিকিৎসার অভাবে।
যুদ্ধের ছায়ায় বৈশ্বিক স্বার্থ
সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বিপুল পরিমাণ অস্ত্র আমদানি করে পশ্চিমা দেশগুলো থেকে। ইয়েমেন যুদ্ধ হয়ে উঠেছে এই অস্ত্র বাণিজ্যের অঘোষিত পরীক্ষাক্ষেত্র। অপরদিকে, হুতিরা ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র পায় বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। তবে ইরান এ অভিযোগ অস্বীকার করেছে।
অন্যদিকে ইয়েমেনের নিজস্ব সম্পদ—বিশেষ করে তেল ও গ্যাসের ভাণ্ডার—বিভিন্ন বাহিনীর জন্য লাভজনক নিয়ন্ত্রণের বিষয় হয়ে উঠেছে।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হুতি ও হাদি-পন্থী সরকারের মধ্যে ছয় মাসের যুদ্ধবিরতি চুক্তি হয়। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা আর নবায়ন হয়নি। যদিও পূর্ণাঙ্গ সংঘাত শুরু হয়নি, তবু মাঝে মাঝেই সীমান্তে গোলাগুলি, ড্রোন হামলা ও বিক্ষিপ্ত সংঘর্ষ চলছে।
বর্তমানে হুতিরা উত্তরাঞ্চলের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা চায় সৌদি আরবের সঙ্গে একটি স্থায়ী চুক্তি, যাতে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে এবং তারা বৈধ রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃতি পায়।
শান্তির সম্ভাবনা কতটা?
শান্তির পথে বড় বাধা হলো—পারস্পরিক অবিশ্বাস। হাদি সরকার (বর্তমানে হাদির উত্তরসূরি ও প্রেসিডেন্ট কাউন্সিল), হুতি বিদ্রোহী গোষ্ঠী এবং আন্তর্জাতিক শক্তিগুলোর ভিন্ন ভিন্ন স্বার্থ থাকায় একটি সম্মিলিত সমাধানে পৌঁছানো কঠিন।
তবে ইউএন ও ওমানে মধ্যস্থতায় সীমিত পরিসরে আলোচনা চলছে। মানবিক সহায়তা প্রবাহ অব্যাহত রাখতে সাময়িক শর্তে কিছু সমঝোতা হচ্ছে।
ইয়েমেন যুদ্ধ এখন শুধু একটি দেশের অভ্যন্তরীণ সংকট নয়। এটি একটি বৈশ্বিক ব্যর্থতা, যেখানে মানবতা বারবার পরাজিত হয়েছে রাজনীতি, ধর্মীয় বিভাজন ও অর্থনৈতিক স্বার্থের কাছে। এই যুদ্ধের সমাপ্তি শুধু অস্ত্রবিরতিতে নয় বরং একটি অন্তর্ভুক্তিমূলক, অংশীদারিত্বমূলক রাজনৈতিক সমঝোতায় নিহিত। তা না হলে, পরবর্তী প্রজন্মের জন্য ইয়েমেন হয়ে থাকবে শুধুই ধ্বংসস্তূপের প্রতীক।

