যদি সমুদ্র কথা বলতে পারত, তাহলে হয়তো প্রথমেই বলত—“তোমরা আমার ওপর অনেক আশা করো, অথচ আমাকে বিন্দুমাত্র শ্রদ্ধা করো না।”
এই কথাটি শুনতে কিছুটা কল্পনার মতো লাগলেও বাস্তবতা থেকে দূরে নয়। কারণ, সমুদ্র আমাদের জলবায়ু সংকট মোকাবিলায় এখনো সবচেয়ে বড় মিত্র। তবুও সেই মিত্রকে আমরা প্রতিনিয়ত নীরবে ধ্বংস করে চলেছি।
আমাদের চোখে সমুদ্র মানেই ছুটি, রোমাঞ্চ, মাছ, নৌকা, আর হয়তো কিছু পর্যটন শিল্প। কিন্তু এর গভীরে যে রয়েছে বিশ্বের বৃহত্তম কার্বন শোষক ব্যবস্থা, বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণকারী যন্ত্র এবং লক্ষ কোটি প্রাণীর আবাসস্থল—তা নিয়ে ভাবি কয়জন?
সমুদ্রের সঙ্গে মানবসভ্যতার সম্পর্ক:
যখন মানুষ প্রথম সভ্যতার সোপান ছুঁয়েছিল, তখনই তার পাশে ছিল জল। নদী আর সাগরের ধারেই গড়ে উঠেছিল মিশরীয়, মেসোপটেমিয়ান, সিন্ধু আর চীনের সভ্যতা। সমুদ্রের উপকূলেই বিস্তার পেয়েছে গ্রিক ও রোমান সাম্রাজ্য। সমুদ্র শুধু জীবিকা নয়, জ্ঞান-বিজ্ঞান, সংস্কৃতি ও বাণিজ্যেরও এক অসীম দিগন্ত।
আজকের দিনে দাঁড়িয়ে সেই প্রাচীন বন্ধন আরও দৃঢ় হওয়া দরকার ছিল। কিন্তু বাস্তবতা হলো, আমরা সমুদ্রকে আজ কেবলমাত্র একটি সম্পদ হিসেবে দেখি, সম্পর্কের অংশ হিসেবে নয়। তাই তার ভার বহনের ক্ষমতার বাইরে ঠেলে দিচ্ছি, যেমনটি আমরা করেছি বন, বায়ুমণ্ডল আর জীববৈচিত্র্যের সঙ্গে।
আধুনিক বিশ্ব ও সমুদ্র: নির্ভরতার বাস্তবতা
বর্তমানে সমুদ্রপথে হয় বিশ্বের মোট পণ্য পরিবহনের প্রায় ৯০ শতাংশ। অথচ সেই সমুদ্রপথের পানির মান, জৈবিক ভারসাম্য, রাসায়নিক গঠন আজ চরম হুমকির মুখে। সমুদ্রের উপর নির্ভর করেই খাদ্য, খনিজ, জ্বালানি এবং প্রযুক্তির অনেক উৎস গড়ে উঠেছে। কিন্তু সেই ব্যবস্থার নিরাপত্তা, পরিবেশগত স্থায়িত্ব ও নৈতিকতা আজও নিশ্চিত হয়নি।
বিশ্বের প্রায় ৪০ শতাংশ জনসংখ্যা বাস করে উপকূলবর্তী এলাকায়। অথচ এই এলাকাগুলোই জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় শিকার। ঘূর্ণিঝড়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার বিস্তার, প্রাকৃতিক বিপর্যয়—সবই বেড়ে চলেছে সমুদ্রের রূপান্তরের সঙ্গে সঙ্গে।
জলবায়ু পরিবর্তনে সমুদ্র কতটা বলি দিচ্ছে নিজেকে?
আমরা প্রায়ই বলছি- বায়ুমণ্ডলে কার্বন বাড়ছে, পৃথিবী উষ্ণ হয়ে উঠছে। কিন্তু কীভাবে এই উষ্ণতা সামলানো হচ্ছে, সেই প্রশ্নে সমুদ্রের ভূমিকাকে খুব কম আলোচনায় আনা হয়। বাস্তবতা হলো, বিশ্বের অতিরিক্ত তাপের প্রায় ৯০ শতাংশ শোষণ করে নেয় সমুদ্র। শুধু তাই নয়, প্রতি বছর নির্গত কার্বনের প্রায় ৩০ শতাংশ শোষণ করে নিচ্ছে এই জলীয় দেহ।
এই শোষণের মূল্য দিতে হচ্ছে সমুদ্রের বাস্তুতন্ত্রকে। প্রবাল প্রাচীর ধ্বংস হচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে পানিতে, সাগরের অম্লতা বাড়ছে, যা সামুদ্রিক প্রাণীদের জন্য বিষাক্ত হয়ে উঠছে। এর ফলে সামুদ্রিক খাদ্য শৃঙ্খল ভেঙে যাচ্ছে, যার প্রভাব মানব খাদ্য নিরাপত্তার উপরও পড়ছে।
UNOC3: সমুদ্রের জন্য একটি ঐতিহাসিক সম্মেলন
২০২৫ সালের জুনে ফ্রান্সের নিস শহরে অনুষ্ঠিত জাতিসংঘ মহাসাগর সম্মেলন (UNOC3) ছিল একটি মোড় পরিবর্তনের সম্ভাবনা। এতে ১২০টিরও বেশি দেশের অংশগ্রহণ, ৫০ জন রাষ্ট্রপ্রধানের উপস্থিতি এবং ১০ হাজার প্রতিনিধি যেন প্রমাণ করল—সমুদ্রকে আর উপেক্ষা করা যাবে না।
এই সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যে বক্তব্য রাখেন তা ছিল চোখে আঙুল দিয়ে দেখানো বাস্তবতা—“পৃথিবী জ্বলছে, সমুদ্র ফুটছে।”
এই কথার মধ্যে রয়েছে একাধিক অর্থ—সাংকেতিকও, বৈজ্ঞানিকও। কারণ, ২০২৪ সাল ছিল ইতিহাসের উষ্ণতম বছর এবং সমুদ্রের তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে গিয়েছিল, যার ফলে সমুদ্রের উপর নির্ভরশীল অঞ্চলগুলো ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে।
সমুদ্র বনাম জলবায়ু সম্মেলন: অনুপস্থিতি ও অগ্রাহ্যতা
জাতিসংঘের জলবায়ু সম্মেলনগুলোতে (COP) প্যারিস চুক্তি বা কিয়োটো প্রটোকলের মতো গুরুত্বপূর্ণ দলিলের কোথাও সমুদ্রকে যথাযথ স্থান দেওয়া হয়নি। অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ প্রভাবই তো দেখা যাচ্ছে সমুদ্রেই—তাপমাত্রা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়া, বন্যা, চরম আবহাওয়া ইত্যাদি।
এই বৈসাদৃশ্য তুলে ধরেছেন Ocean & Climate Platform, Oceano Azul Foundation, IOC-UNESCO-এর মতো গুরুত্বপূর্ণ সংগঠন। তারা বলছেন, “জলবায়ু, জীববৈচিত্র্য এবং সমুদ্র—এই তিনটি বিষয়কে একসঙ্গে না ভাবলে বৈশ্বিক সংকটের সমাধান অসম্ভব।”
যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি: এক বিপজ্জনক নীরবতা
UNOC3-তে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি ছিল একটি তাৎপর্যপূর্ণ রাজনৈতিক সংকেত। জলবায়ু সংকট মোকাবিলায় নিজেদের নেতৃত্বের দাবি করা যুক্তরাষ্ট্রের এই গা-ছাড়া মনোভাব বৈশ্বিক কূটনীতিতে নেতিবাচক বার্তা পাঠায়। তারা শুধু যে নিজে অনুপস্থিত থেকেছে তাই নয় বরং সামুদ্রিক খনন, জ্বালানি তেল উত্তোলন, সামুদ্রিক সামরিক কার্যক্রমের মাধ্যমে বিশ্বসমুদ্রের ভারসাম্যকেই চ্যালেঞ্জের মুখে ঠেলে দিচ্ছে।
এই অবস্থাকে অনেকেই বলছেন ‘নীতিশূন্য দ্বিচারিতা’, যেখানে একদিকে পরিবেশ বাঁচানোর কথা বলা হয়, অন্যদিকে সমুদ্র ব্যবস্থার ওপর অসহনীয় চাপ প্রয়োগ করা হয়।
COP30 কি প্রতীক্ষার শেষ পর্ব?
এ বছরের শেষদিকে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠিতব্য COP30 সম্মেলন হতে পারে সেই প্রতীক্ষিত পর্ব, যেখানে প্রথমবারের মতো সমুদ্রকে জলবায়ু আলোচনার মূলধারায় আনার সুযোগ তৈরি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো—এই সুযোগ কি কাজে লাগানো হবে?
UNOC3-এর নথিপত্রে ‘ব্লু প্যারিস এগ্রিমেন্ট’-এর মতো একটি কাঠামো তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে জলবায়ু চুক্তির মতো একটি বিশেষ সমুদ্র চুক্তি তৈরি করে বাস্তবিক পরিবর্তন আনার চেষ্টা করা হবে।
সমুদ্র যদি প্রতিশোধ নেয়?
আজ আমরা যে সমুদ্রকে অবহেলা করছি, একদিন সেই সমুদ্রই আমাদের অবহেলার প্রতিশোধ নিতে পারে। সেটা হবে না ধ্বংসের উদ্দেশ্যে বরং তার নিজের অস্তিত্ব রক্ষার জন্য। আমরা যদি সমুদ্রের আত্মত্যাগ, তার ভূমিকা, তার সংকটের গভীরতা না বুঝি, তাহলে সমুদ্রও আর আমাদের বোঝার চেষ্টা করবে না।
সেই সময় হয়তো ঢেউ আর জলোচ্ছ্বাস দিয়ে সে বলবে—“আমি অনেক বলেছিলাম, তোমরা শুনো নি।”
এখনো সময় আছে—অবশ্য যদি আমরা তৎপর হই। আমাদের নীতিনির্ধারকদের, বিজ্ঞানীদের, নাগরিক সমাজের, এমনকি আমাদের মতো সাধারণ মানুষেরও উচিত হবে সমুদ্রের গুরুত্বকে হৃদয়ে ধারণ করা। কারণ, সমুদ্র শুধু একটা প্রাকৃতিক উপাদান নয়—এটি আমাদের অস্তিত্বের অনুবর্তী।
এই মুহূর্তে প্রয়োজন- সমুদ্র ভিত্তিক জলবায়ু নীতি, অর্থায়ন, গবেষণা ও সচেতনতা। আমাদের ভবিষ্যৎ নির্ভর করছে আমরা কতটা আন্তরিকভাবে সমুদ্রের পাশে দাঁড়াই।

