ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় ভারতে চিকিৎসা সহায়তার প্রয়োজন হলে তা জানাতে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানিয়েছে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন।
মঙ্গলবার (২২ জুলাই) ভারতীয় হাইকমিশন জানায়, দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে ভারত প্রস্তুত রয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে পাঠানো এক চিঠিতে তারা এই প্রস্তাব দিয়েছে।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার আশ্বাস দেন।
সোমবার দেওয়া শোকবার্তায় মোদি বলেন, “ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিতে- যাদের বেশিরভাগই কোমলমতি শিক্ষার্থী- গভীরভাবে মর্মাহত ও শোকাহত হয়েছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমাদের হৃদয় থেকে সমবেদনা।”
তিনি আরো বলেন, “বাংলাদেশের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতা দিতে প্রস্তুত। আহতদের দ্রুত সুস্থতার জন্য আমরা প্রার্থনা করছি।”
উল্লেখ্য, সোমবার সকালে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুলের মাঠে বিধ্বস্ত হলে স্কুলের একটি ভবনে আগুন ধরে যায়। এতে বেশ কিছু শিক্ষার্থী ও অভিভাবক আহত হন এবং একজন অভিভাবক এখনো নিখোঁজ রয়েছেন।

