যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ) জানিয়েছে, বাংলাদেশে চলমান রাজনৈতিক সংস্কারের অগ্রগতি সত্ত্বেও ধর্মীয় স্বাধীনতা নিয়ে এখনও উদ্বেগ রয়ে গেছে। গত ২১ জুলাই প্রকাশিত কমিশনের সর্বশেষ প্রতিবেদনে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান অন্তবর্তীকালীন সরকার রাজনৈতিক স্থিতিশীলতা, উত্তেজনা প্রশমন এবং ধর্মীয় স্বাধীনতা প্রসারে নানা ধরনের সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছে এবং তাতে কিছু অগ্রগতি লক্ষ্য করা গেছে। কিন্তু এর পরও বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি নিয়ে কমিশনের দুশ্চিন্তা এখনো পুরোপুরি কাটেনি।
প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের মে মাসে কমিশনের একটি দল বাংলাদেশে আসে। তারা জানান, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুস ধর্মীয় স্বাধীনতা রক্ষার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে অনেক মানুষ এখনও নিরাপত্তাহীনতা এবং স্বাধীনভাবে ধর্ম পালন করতে না পারার আশঙ্কা প্রকাশ করছেন।
কমিশন বলেছে, বাংলাদেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা থাকলেও ধর্ম অবমাননা-সংক্রান্ত আইন এবং ২০২৩ সালের নতুন সাইবার নিরাপত্তা আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির বিধান এখনও বহাল আছে, যা ধর্মীয় স্বাধীনতার পরিবেশকে বাধাগ্রস্ত করে।
প্রতিবেদনে সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ নিয়েও আলোচনা করা হয়। বিশেষ করে, সংবিধান থেকে “ধর্মনিরপেক্ষতা” শব্দ বাদ দিয়ে “বহুত্ববাদ” সংযোজনের প্রস্তাব বিএনপির পক্ষ থেকে প্রত্যাখ্যাত হয়েছে। তারা আবারো সংবিধানে “আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস” ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়গুলোর প্রতিনিধিরা অভিযোগ করেছেন, সংবিধান সংস্কার প্রক্রিয়ায় তাদের মতামত নেওয়া হয়নি।
নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়েও প্রতিবেদনটিতে উদ্বেগের বিষয় তুলে ধরা হয়। এতে বলা হয়, হেফাজতে ইসলাম কমিশনের ৪৩৩টি সুপারিশকে “ইসলামবিরোধী” হিসেবে অভিহিত করে প্রতিবাদ জানিয়েছে এবং মে মাসে ঢাকায় এক বিশাল সমাবেশের মাধ্যমে কমিশন বাতিলের দাবি তোলে।
ধর্মীয় প্রবণতা ও সহনশীলতা বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কমিশন জানিয়েছে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রক্ষণশীল ধর্মীয় দৃষ্টিভঙ্গির প্রসার ঘটছে, যার প্রভাব পড়ছে শিক্ষার্থীদের ওপর। এছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংস হামলার ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা যায়নি বলেও মন্তব্য করেছে তারা।
প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, হিন্দু, আদিবাসী, আহমদিয়া ও সুফি মুসলমানরা এখনও ধর্মীয় বৈষম্যের শিকার হচ্ছেন। এমনকি নির্বাচনের প্রাক্কালে সম্ভাব্য সহিংসতার আশঙ্কার কথাও বলা হয়েছে, তবে সে বিষয়ে সরকার এখনও কার্যকর কোনো কৌশল উপস্থাপন করেনি বলেও মন্তব্য করা হয়।
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন বলেছে, সব নাগরিক যেন স্বাধীনভাবে ও নির্ভয়ে তাদের ধর্ম পালন করতে পারে, সেটি নিশ্চিত করতে হবে এবং এজন্য সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

