শেখ হাসিনার ভাগনি ও যুক্তরাজ্যের লেবার পার্টির সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের বাংলাদেশি নাগরিকত্ব রয়েছে বলে দাবি করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী। তবে টিউলিপ নিজে এ দাবি অস্বীকার করেছেন। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস–কে দেওয়া সাক্ষাৎকারে দুদকের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ সুলতান মাহমুদ জানান, টিউলিপ প্রাপ্তবয়স্ক অবস্থায় বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেছেন এবং ভোটার তালিকায় নিবন্ধিত হয়েছেন।
চলতি সপ্তাহে পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে টিউলিপের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানির বিরতিতে সুলতান মাহমুদ বলেন, “টিউলিপের ঠিকানা, একাধিক পাসপোর্ট এবং ভোটার তালিকায় তার নাম পাওয়া গেছে। সময়মতো আদালতে সব নথি উপস্থাপন করা হবে।”
ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, এসব নথির অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছ থেকে তারা নিশ্চিত করেছে।
অন্যদিকে, টিউলিপ এই বিচার প্রক্রিয়াকে “হয়রানি ও প্রহসন” আখ্যা দিয়ে দাবি করেছেন, তিনি বাংলাদেশি নাগরিক নন। ২০১৭ সালেও সাংবাদিকদের তিনি বলেছিলেন, “আমি ব্রিটিশ… আমি বাংলাদেশি নই।” তার আইনি পরামর্শক প্রতিষ্ঠান স্টিফেনসন হারউডের এক মুখপাত্র অভিযোগ করেছেন, টিউলিপের কখনো জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি ছিল না এবং শিশু বয়স থেকে তিনি কোনো পাসপোর্টও নেননি।
আইন বিশেষজ্ঞরা বলছেন, নাগরিকত্বের প্রশ্নটি বাংলাদেশের আইনে তার বিচার হওয়ার যোগ্যতা প্রভাবিত করে না, তবে আনুষ্ঠানিক বিচার শুরুর আগে এ ধরনের বিতর্ক তার জন্য অস্বস্তিকর হতে পারে।
শেখ হাসিনা গত বছরের আগস্টে ছাত্রদের নেতৃত্বে দেশব্যাপী বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান। তার পতনের পর নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু করে। এই তদন্তের অংশ হিসেবেই টিউলিপ ও তার খালা, মা ও দুই ভাইবোনের বিরুদ্ধে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগ আনা হয়। দুদকের দাবি, তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে যোগ্যতার শর্ত এড়িয়েছেন।
ব্রিটিশ এমপি টিউলিপের অনুপস্থিতিতেই মামলার বিচার চলছে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, মামলার বিষয়ে কোনো প্রমাণ বা যোগাযোগ পাননি, এমনকি আইনজীবীদের বৈধ অনুরোধেও সাড়া দেওয়া হয়নি। দুদকের কৌঁসুলির দাবি, টিউলিপের ভোটার আইডিতে উল্লিখিত ঠিকানায় নোটিশ পাঠানো হয়েছে এবং তদন্ত দল একাধিকবার সেসব ঠিকানা পরিদর্শন করেছে।
ফিন্যান্সিয়াল টাইমস আরও জানিয়েছে, গত জুনে টিউলিপের আইনজীবীরা দুদককে পাঠানো চিঠিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার অভিযোগ করেছেন এবং সরাসরি যোগাযোগ না করার বিষয়টি উল্লেখ করেছেন। এদিকে, নির্বাচন কমিশন নিশ্চিত করেছে টিউলিপের একটি জাতীয় পরিচয়পত্র রয়েছে, যদিও সেটি নাগরিকত্বের প্রমাণ নয়।
টিউলিপ চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অধীন সিটি মিনিস্টারের পদ থেকে পদত্যাগ করেন। এই পদে থাকাকালীন আর্থিক খাতে দুর্নীতি রোধের দায়িত্বে ছিলেন তিনি। আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদ থেকে সুবিধা নেওয়ার অভিযোগে ফিন্যান্সিয়াল টাইমস–এর প্রতিবেদনের পর রাজনৈতিক চাপের মুখে পদত্যাগ করেন টিউলিপ। তিনি অভিযোগ অস্বীকার করে বলেছেন, ইউনূস সরকার ‘বিরোধীদের দমন’ করছে এবং তিনি এর শিকার।

