ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দাবি করেছে, বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) একজন সদস্যকে সীমান্ত অতিক্রমের পর আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যের সেপাহিজলা জেলার কামঠানা এলাকায় এ ঘটনা ঘটে। আটক বিজিবি সদস্যের নাম মোহাম্মদ মিরাজ ইসলাম।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার মাদলা এলাকায় দায়িত্ব পালনরত বিজিবির ৬০তম ব্যাটালিয়নের সদস্য মিরাজ ইসলাম সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। অভিযোগ অনুসারে, তিনি আরেক বিজিবি সদস্যকে সঙ্গে নিয়ে সীমান্তের ১৩৬-১৩৭ নম্বর গেট অতিক্রম করে প্রায় ১০০ মিটার ভেতরে চলে আসেন এবং একটি চা-বাগানে প্রবেশ করেন। পরে বিএসএফ সদস্যরা সেখানে উপস্থিত হয়ে তাকে আটক করে। তবে সঙ্গে থাকা অপর সদস্য বাংলাদেশে ফিরে যেতে সক্ষম হন।
বিএসএফ জানায়, আটক বিজিবি সদস্য অস্ত্রসজ্জিত ছিলেন। তার উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তাকে কামঠানা বিএসএফ ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘটনার পর বিএসএফ ও বিজিবির কমান্ডেন্টদের মধ্যে টেলিফোনে যোগাযোগ হয়েছে। শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির সম্ভাবনা রয়েছে।


