বাংলাদেশি বংশোদ্ভূত শরিফুল এম খান যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি লাভ করেছেন। মার্কিন সামরিক বাহিনীতে এই মর্যাদা অর্জনকারী তিনিই প্রথম বাংলাদেশি-আমেরিকান, যা প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের জন্য এক বিশেষ গৌরব হিসেবে বিবেচিত হচ্ছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তর গত ১৩ জুন এক প্রেস বিজ্ঞপ্তিতে এই পদোন্নতির বিষয়টি ঘোষণা করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোট ৫৫ জন সামরিক কর্মকর্তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করার অনুমোদন দিয়েছেন। এর মধ্যে শরিফুল এম খানও ছিলেন।
শরিফুল খান সম্প্রতি মার্কিন বিমানবাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হন। গত ২০ আগস্ট পেন্টাগনে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে শরিফুল খানসহ অন্যান্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের অভিষেক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম রাষ্ট্রদূত এম. ওসমান সিদ্দিক উপস্থিত ছিলেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়ে আনন্দ প্রকাশ করেন।
অনুষ্ঠানে মার্কিন বিমানবাহিনীর ভাইস চিফ জেনারেল শন ব্র্যাটোন নিজ হাতে শরিফুল খানকে শপথ পাঠ করান। নতুন দায়িত্ব হিসেবে তিনি এখন ‘গোল্ডেন ডোম ফর আমেরিকা’র স্টাফ ডিরেক্টর পদে কাজ করবেন।
এই অর্জন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের জন্য যেমন অনুপ্রেরণাদায়ক, তেমনি বাংলাদেশি বংশোদ্ভূতদের বৈশ্বিক সাফল্যের ধারাবাহিকতাকে আরো উজ্জ্বল করল।

