ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য আসামে সীমান্ত পেরিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে অন্তত ৫১ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তার অভিযান ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের শ্রীভূমি জেলা থেকে পরিচালিত হয়। মঙ্গলবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান।
মুখ্যমন্ত্রী শর্মা জানিয়েছেন, গত রোববার শ্রীভূমি জেলা থেকে ৩০ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার (২৬ আগস্ট) ওই জেলার সীমান্ত থেকে আরও ২১ বাংলাদেশিকে আটক করা হয়েছে। শর্মা লিখেছেন, পৃথক দুই ঘটনায় শ্রীভূমি সেক্টর থেকে গ্রেপ্তার ২১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, রাজ্য সরকার বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে অভিযান অব্যাহত রাখবে।
রোববার আসাম পুলিশ ৩৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। এদের মধ্যে ৩০ জন শ্রীভূমি এবং ছয়জন দক্ষিণ সালমারা মনকাচার জেলা থেকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই শিশু ছিল। সোমবার শর্মা জানান, এসব অনুপ্রবেশকারীরা স্থানীয় জনসংখ্যার কাঠামো বদলাতে এবং স্থানীয় অধিকার লঙ্ঘন করতে পারে। তাই যেখানে থাকা উচিত, তাদের সেখানে ফেরত পাঠানো হবে।
রাজ্য পুলিশের কর্মকর্তারা জানান, রোববার সকালের দিকে নারী ও শিশু সহ ৩০ বাংলাদেশি শ্রীভূমিতে আটক হন। পুলিশ ধারণা করছে, তারা সম্প্রতি ভারতে প্রবেশ করেছিলেন। জিজ্ঞাসাবাদ শেষে সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহায়তায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।
দক্ষিণ সালমারা মানকাচারে রোববার রাতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার করা হয়। জেলার জ্যেষ্ঠ পুলিশ সুপার হরেন টোকবি জানান, এদের মধ্যে দু’জন পুরুষ, দু’জন নারী এবং দুই শিশু (১ ও ৩ বছর বয়স) অন্তর্ভুক্ত ছিল। তারা জম্মু ও কাশ্মির থেকে ট্রেনে গুয়াহাটি আসেন এবং সেখান থেকে সড়কপথে সীমান্ত পেরোনার চেষ্টা করছিলেন। তবে পুলিশ তাদের আটক করে বাংলাদেশে ফেরত পাঠায়।

