যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কোকোয়া শহরে সড়ক চলমান একটি গাড়ির ওপর আছড়ে পড়েছে ছোট একটি উড়োজাহাজ। দুর্ঘটনা ঘটেছে সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে।
ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল পুলিশ জানিয়েছে, কোকোয়ার আই-১৯ মহাসড়কে জরুরি অবতরণের সময় একটি টয়োটা ক্যাম্রি গাড়ির ওপর আছড়ে পড়েছিল বিমানটি। গাড়িটি চালাচ্ছিলেন ৫৭ বছর বয়সী এক নারী। বিমানটিতে ছিলেন চালক ও এক যাত্রী, উভয়েরই বয়স ২৭ বছর।
দুর্ঘটনার পর গাড়ি ও বিমান থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। গাড়িচালক সামান্য আহত হয়েছেন। বিমান চালক ও যাত্রী অক্ষত আছেন।

পুলিশ জানায়, বিমানটির ইঞ্জিনে সমস্যার কারণে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছিলেন পাইলট। তিনি পরিকল্পনা করেছিলেন মহাসড়কের পাশে ফাঁকা ঝোপে অবতরণ করবেন। কিন্তু ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় তিনি সড়কের ওপারে যেতে পারেননি এবং বিমানটি সরাসরি গাড়ির ওপর আছড়ে পড়ে।
দুর্ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

