যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসে আগ্রহী ধনী ব্যক্তিদের জন্য ‘ট্রাম্প গোল্ড ভিসা’ নামে নতুন ভিসা কর্মসূচি চালু করেছে ট্রাম্প প্রশাসন। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন এবং পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় বিষয়টি নিশ্চিত করেন।
ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প লেখেন, “যোগ্য এবং যাচাইকৃত আগ্রহী ব্যক্তিদের জন্য দারুণ খবর! ট্রাম্প গোল্ড ভিসা চালু হয়েছে। এটি মার্কিন নাগরিকত্ব লাভের সরাসরি পথ হিসেবে কাজ করবে। আমাদের মহান মার্কিন কোম্পানিগুলো অবশ্যই তাদের মেধাবী কর্মীদের ধরে রাখতে পারবে।”
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই ভিসার জন্য আবেদন করতে হলে আগ্রহী ব্যক্তিদের প্রথমে ট্রাম্পকার্ড ডট গভ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে ‘অ্যাপ্লাই নাউ’ বাটনে চাপ দিলে আবেদন ফরম পাওয়া যাবে। ফরম পূরণ করে জমা দেওয়ার সময় আবেদনকারীকে দিতে হবে ১৫ হাজার ডলার, যা ভিসা প্রসেসিং বাবদ যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি) গ্রহণ করবে।
আবেদন যাচাই শেষে আবেদনকারীকে জানানো হবে তিনি পরবর্তী ধাপে উত্তীর্ণ হয়েছেন কিনা। এরপর ভিসা পাওয়ার শর্ত হিসেবে ‘চাঁদা’ বা উপহার হিসেবে দিতে হবে ১০ লাখ ডলার। ট্রাম্পকার্ড ডট গভ ওয়েবসাইটে এই অর্থকে স্পষ্টভাবে ‘গিফট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
ওয়েবসাইটে আরো বলা হয়েছে, ট্রাম্প গোল্ড ভিসার মর্যাদা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডের সমমান। গ্রিন কার্ডধারীরা যেমন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস এবং কাজের সুযোগ পান, এই ভিসাধারীরাও একই সুবিধা ভোগ করবেন।

