নোবেল শান্তি পুরস্কারজয়ী ইরানি মানবাধিকারকর্মী নার্গেস মোহাম্মাদিকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার (১২ ডিসেম্বর) এক আইনজীবীর স্মরণসভা থেকে তাকে আটক করা হয়। যাঁর স্মরণে এই সভা অনুষ্ঠিত হচ্ছিল, সেই আইনজীবী খসরু আলীকোর্দি চলতি মাসের শুরুতে মারা যান।
শুক্রবার নার্গেস মোহাম্মাদিসহ আরো কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তার স্বামী থাগি রহমানি। বর্তমানে প্যারিসে অবস্থানরত রহমানি জানান, ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাশাদ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
নার্গেস মোহাম্মাদি ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। সে সময় তিনি কারাবন্দি ছিলেন। পরবর্তীতে ২০২৪ সালের ডিসেম্বরে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। তবে মুক্তির এক বছরের মধ্যেই তাকে আবার গ্রেপ্তারের মুখে পড়তে হলো।
নার্গেস মোহাম্মাদি ইরানে নারীদের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সোচ্চার ভূমিকা রেখে আসছেন। বাক্স্বাধীনতা প্রতিষ্ঠা এবং মৃত্যুদণ্ড বাতিলের দাবিতে তিনি বছরের পর বছর আন্দোলন করে আসছেন। এই কারণে ইরানি কর্তৃপক্ষ তাকে একাধিকবার গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে।
নোবেল কমিটি জানিয়েছিল, ইরানে মানবাধিকার, স্বাধীনতা ও বিশেষ করে নারীদের অধিকারের জন্য নার্গেস মোহাম্মাদির নিরলস সংগ্রামের স্বীকৃতি হিসেবেই তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। কমিটির মতে, এই পুরস্কার ইরানের জনগণের, বিশেষ করে নারীদের মুক্তি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক।

