একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে তুর্কমেনিস্তানে অবস্থান করছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সম্মেলনে অংশ নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের মধ্যে ধারাবাহিক দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের বৈঠক নির্ধারিত ছিল। তবে ওই বৈঠকের আগে পুতিন ও এরদোয়ানের মধ্যে একটি রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়।
নির্ধারিত সময়ের চেয়ে পুতিন–এরদোয়ানের বৈঠক দীর্ঘায়িত হওয়ায় পাশের কক্ষে অপেক্ষায় থাকতে হয় পাকিস্তানের প্রধানমন্ত্রীকে। সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শেহবাজ শরীফকে প্রায় ৪০ মিনিটেরও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়। দীর্ঘ অপেক্ষায় তিনি কিছুটা বিরক্ত হয়ে পড়েন বলেও উল্লেখ করা হয়েছে।
আরটি ইন্ডিয়া জানিয়েছে, অপেক্ষার দীর্ঘ সময় পার হওয়ার পর শেহবাজ শরীফ পুতিন–এরদোয়ানের রুদ্ধদ্বার বৈঠকের কক্ষে প্রবেশ করেন। তবে তাকে ভেতরে যেতে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল নাকি তিনি নিজ উদ্যোগে কক্ষে প্রবেশ করেন—এ বিষয়ে সংবাদমাধ্যমটি স্পষ্ট কোনো তথ্য দেয়নি।
উল্লেখ্য, তুর্কমেনিস্তান প্রায় ৩০ বছর আগে নিজেকে স্থায়ীভাবে নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। ১৯৯৫ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ সর্বসম্মতিক্রমে দেশটির এই নিরপেক্ষ অবস্থানকে স্বীকৃতি দেয়। নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে তুর্কমেনিস্তান সামরিক জোটে যোগ না দেওয়া, আত্মরক্ষার বাইরে অন্য দেশের সংঘাতে জড়িত না হওয়া এবং নিজ ভূখণ্ডে বিদেশি সামরিক ঘাঁটি স্থাপন না করার অঙ্গীকার করে।

