ওমান উপসাগরের উপকূল থেকে তেলবাহী একটি ট্যাঙ্কার আটক করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, জাহাজটিতে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মোট ১৮ জন নাবিক রয়েছেন।
শুক্রবার দিনগত রাতে এই ঘটনা ঘটে। এ বিষয়ে এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।
ইরানের হরমুজগান প্রদেশের একজন কর্মকর্তার বরাত দিয়ে ফার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ওমান সাগরের উপকূলবর্তী এলাকা থেকে ৬০ লাখ লিটার ডিজেল বহনকারী একটি তেলের ট্যাঙ্কার জব্দ করা হয়েছে। ইরানের দাবি, ট্যাঙ্কারটি অবৈধভাবে জ্বালানি পাচারে জড়িত ছিল।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, আটকের আগে জাহাজটি ইচ্ছাকৃতভাবে তার সব নেভিগেশন সিস্টেম বন্ধ করে রেখেছিল, যা সন্দেহ আরও জোরালো করে তোলে।
ঘটনাটি নিয়ে জাহাজটির মালিকপক্ষ বা সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

