থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্ত এলাকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সীমান্তে থাইল্যান্ডের বোমাবর্ষণ অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছে কম্বোডিয়া।
এই অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো নতুন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একই সঙ্গে থাইল্যান্ডের কর্তৃপক্ষও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।
স্থানীয় সময় শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ১৩ ডিসেম্বর থাই সামরিক বাহিনী দুটি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে বিভিন্ন লক্ষ্যবস্তুতে মোট সাতটি বোমা নিক্ষেপ করেছে। মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এসব হামলায় হোটেল ও সেতু লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, থাই বাহিনী এখনো বোমাবর্ষণ বন্ধ করেনি এবং হামলা অব্যাহত রয়েছে। দেশটির অভিযোগ, থাইল্যান্ডের ধারাবাহিক হামলার কারণে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে চলমান সহিংসতা ষষ্ঠ দিনে গড়িয়েছে।
উল্লেখ্য, গত সোমবার শুরু হওয়া নতুন এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২০ জন নিহত হয়েছেন। বিরোধপূর্ণ সীমান্ত এলাকার উভয় পাশে প্রায় পাঁচ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন বলে জানানো হয়েছে।

