মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে ৫ বিলিয়ন ডলারের মানহানির মামলা করেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬১ হাজার কোটি টাকা। ট্রাম্প অভিযোগ করেছেন, বিবিসি তার বিরুদ্ধে একটি ভিডিও প্রতিবেদন তৈরি করেছে যা দেখিয়েছে, তিনি ক্যাপিটল হিলসে সমর্থকদের হামলার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সময় সোমবার (১৫ ডিসেম্বর) এই মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন জো বাইডেন, তবে ট্রাম্প তখন থেকেই দাবি করে আসছিলেন, নির্বাচনে কারচুপি করা হয়েছে। এর প্রেক্ষিতে ২০২১ সালের ৬ জানুয়ারি তার সমর্থকরা ক্যাপিটল হিলসে হামলা চালায়। এই ঘটনায় কয়েকজনের মৃত্যু হয়। ট্রাম্পকে হামলার জন্য উস্কানি দেওয়ার দায়েও অভিযুক্ত করা হয়েছিল, যদিও তিনি শুরু থেকেই এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছেন।
বিবিসি সেই সময় একটি ‘প্যানারোমা’ ডকুমেন্টারি প্রকাশ করেছিল। প্রতিবেদনে বিভিন্ন ভিডিও ক্লিপ সম্পাদনা করে এমনভাবে দেখানো হয়েছিল যেন মনে হয় ট্রাম্প সরাসরি হামলার নির্দেশ দিয়েছেন। তবে ওই ভিডিও যুক্তরাষ্ট্রে কখনো সম্প্রচার হয়নি।
বিবিসি পরে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিল এবং জানিয়েছিল, প্রতিবেদনের সম্পাদনার কারণে এমন প্রতিধ্বনি সৃষ্টি হয়েছিল। এ ঘটনায় বিবিসির বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করতেও বাধ্য হন।
ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছেন, এই প্রতিবেদনের কারণে তাঁর সম্মানহানি ও অর্থনৈতিক ক্ষতি একই সঙ্গে হয়েছে।

