যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করেছে অনলাইনভিত্তিক জনপ্রিয় অর্থ লেনদেন বা পেমেন্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান পেপ্যাল। আর্থিক খাতে নিয়ন্ত্রণ বিষয়ে ট্রাম্প প্রশাসনের তুলনামূলক উদার নীতির ফলে ফিনটেক কোম্পানিগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগাতেই পেপ্যাল এই উদ্যোগ নিয়েছে। খবর প্রকাশ করেছে ফিন্যান্সিয়াল টাইমস।
পেপ্যাল জানিয়েছে, গত সোমবার তারা আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করেছে। উটাহ ডিপার্টমেন্ট অব ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এবং ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের কাছে আবেদনপত্র জমা দেওয়া হয়েছে। ব্যাংক হিসেবে লাইসেন্স পেলে ছোট ব্যবসায়ীদের আরও সহজে ঋণ দিতে পারবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
পেপ্যালের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স ক্রিস বলেন, পুঁজির সংস্থান এখনো যুক্তরাষ্ট্রের ছোট ব্যবসায়ীদের জন্য বড় চ্যালেঞ্জ। ব্যাংক প্রতিষ্ঠা করতে পারলে পেপ্যাল নিজেদের ব্যবসায়িক সক্ষমতা আরও বাড়াতে পারবে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ছোট ব্যবসার প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এমন এক সময়ে পেপ্যাল ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করল, যখন ট্রাম্প প্রশাসনের আর্থিক খাতের উদার নীতির সুযোগ কাজে লাগিয়ে অনেক ক্রিপ্টো কোম্পানি ও অনলাইনভিত্তিক নিওব্যাংক ব্যাংকিং খাতে প্রবেশের চেষ্টা করছে। চলতি বছর ব্রাজিলের ডিজিটাল আর্থিক প্রতিষ্ঠান নুব্যাংক এবং ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনবেসও ব্যাংকিং লাইসেন্সের জন্য আবেদন করেছে।
১৯৯৮ সালে ইলন মাস্ক ও পিটার থিয়েল পেপ্যাল প্রতিষ্ঠা করেন। ২০১৩ সাল থেকে প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে ৪ লাখ ২০ হাজারের বেশি গ্রাহককে ৩০ বিলিয়ন ডলার বা তিন হাজার কোটি ডলারের বেশি ঋণ ও পুঁজি সহায়তা দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রে ব্যাংকিং লাইসেন্স পেলে পেপ্যাল তৃতীয় পক্ষের ওপর নির্ভরশীলতা কমাতে পারবে।
ব্যাংকিং লাইসেন্সের মাধ্যমে গ্রাহকদের আমানতের বিপরীতে ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশনের সুরক্ষার আওতায় সেবা দেওয়ার সুযোগও পাবে প্রতিষ্ঠানটি।
পেপ্যাল ইতিমধ্যে ইউরোপের দেশ লুক্সেমবার্গে ব্যাংকিং লাইসেন্স অর্জন করেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি জানিয়েছে, টয়োটার ফিন্যান্সিং ব্যবসার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মারা ম্যাকনিলকে তাদের ব্যাংকের প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হবে।

