কলকাতার সল্টলেক যুবভারতী স্টেডিয়ামে লিওনেল মেসির অনুষ্ঠান চলাকালীন নজিরবিহীন বিশৃঙ্খলার কারণে পশ্চিমবঙ্গের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর রাজ্যের ক্রীড়া দপ্তরের দায়িত্ব নেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুবভারতীতে বিশৃঙ্খলার ঘটনায় মেসি ও উপস্থিত দর্শকদের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
প্রাথমিক তদন্ত রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকার একগুচ্ছ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের সচিব রাজেশ কুমার সিনহাকে শোকজ করা হয়েছে। ডিসি অনীশ সরকারকে সাসপেন্ড করা হয়েছে এবং যুবভারতী ক্রীড়াঙ্গনের সিইও দেবকুমার নন্দনকে বরখাস্ত করা হয়েছে।
মুখ্যসচিব মনোজ পন্থের দপ্তর থেকে জানানো হয়েছে, তদন্ত চলাকালীন সময় এ ব্যক্তিরা শোকজ ও নিলম্বিত থাকবেন। তদন্তে প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে আগামী দিনে আরো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

