যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এফবিআই উপপ্রধান পরিচালক ড্যান বঙ্গিনো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি জানিয়েছেন, ২০২৬ সালের জানুয়ারিতে এফবিআই-এর উপপ্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াবেন।
ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে বলেন, “ড্যান দুর্দান্ত কাজ করেছেন। তবে মনে হয়, তিনি তার পডকাস্ট শোতে ফিরে যেতে চান।” এরপরই বঙ্গিনো এক্সে পোস্টে জানিয়েছেন, “আগামী জানুয়ারি মাসে আমি এফবিআই থেকে পদত্যাগ করছি। প্রেসিডেন্ট ট্রাম্প, অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এবং ডিরেক্টর কাশ প্যাটেলকে আমার কৃতজ্ঞতা। আমি দেশবাসীর সেবা করার সুযোগ পেয়ে ধন্য।”
ড্যান বঙ্গিনো আগে নিউইয়র্ক সিটি পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা ছিলেন এবং পাশাপাশি একটি পডকাস্ট শো পরিচালনা করতেন। পডকাস্ট শোতে বিতর্কিত মন্তব্যের জন্য তিনি সমালোচিত হয়েছেন। তবে রিপাবলিকান পার্টির প্রতি আনুগত্যের কারণে ট্রাম্প তাকে এফবিআই-এর উপপ্রধান পদে নিয়োগ দেন।
নিয়োগের সময় এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন বঙ্গিনোর পদে আপত্তি জানায়। এফবিআই-এর বর্তমান সদস্যসংখ্যা ১৪ হাজার। পরিচালক কাশ প্যাটেলও তাকে উপপ্রধান পদে নিয়োগ দেওয়ার ব্যাপারে দ্বিধাগ্রস্ত ছিলেন, তবে ট্রাম্পের নির্দেশ এড়ানো সম্ভব হয়নি।
নিয়োগপূর্ববর্তী সময়ে বঙ্গিনো কাশ প্যাটেল ও অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির সঙ্গে বিরোধে জড়িয়েছিলেন। এছাড়া, কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের গোপন নথি আটকাতে কোনো কার্যকর পদক্ষেপ নেননি তিনি, যা তার পদত্যাগকে অনিবার্য করে তোলে।
এফবিআই সূত্র জানিয়েছে, গতকাল বুধবারই তার ডেস্ক থেকে জরুরি নথি সরিয়ে নেওয়া হয়েছে।

