রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউরোপের নেতাদের ‘ছোট শূকর’ হিসেবে অভিহিত করেছেন। স্থানীয় সময় বুধবার (১৭ ডিসেম্বর) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক অনুষ্ঠানে তিনি বলেন, শক্তি প্রয়োগ বা কূটনৈতিক উপায়ে, যেভাবেই হোক, ইউক্রেনে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে।
পুতিন বলেন, “যদি তারা প্রকৃত আলোচনা না চায়, তাহলে রাশিয়া ঐতিহাসিক ভূখণ্ডকে যুদ্ধক্ষেত্রে স্বাধীন করবে।” তিনি যুক্তরাষ্ট্রের সাবেক প্রশাসন, অর্থাৎ বাইডেন প্রশাসনকে দায়ী করে বলেন, তারা ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি অস্ত্র দ্বন্দ্বের দিকে নিয়ে গেছে এবং মনে করেছিল, রাশিয়াকে অল্প সময়ের মধ্যে দুর্বল করা সম্ভব।
রাশিয়াকে ধ্বংসের এ পরিকল্পনায় ইউরোপের নেতারা দ্রুত যুক্ত হয়েছে উল্লেখ করে পুতিন বলেন, “ইউরোপের ছোট শূকররা সাবেক মার্কিন প্রশাসনের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগ দিয়েছে এবং আশা করেছিল, আমাদের ধ্বংস থেকে তারা লাভবান হবে।”
এদিকে, গত সপ্তাহে জার্মানির বার্লিনে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের নেতাদের মধ্যে আলোচনায়, মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, দ্বন্দ্বমূলক বিষয়গুলোর ৯০ শতাংশ সমাধান হয়েছে। তবে ইউক্রেনের শর্ত নিয়ে পুতিন কোনো ছাড় দেবেন কি না তা এখনও সন্দেহজনক।
পুতিন বারবার বলেন, ইউক্রেন যদি শান্তিচুক্তি চায়, তাহলে পুরো ডনবাস ছাড়তে হবে। এছাড়া ডনবাসে বর্তমানে থাকা ইউক্রেন সেনাদেরও সরতে হবে। তবে ইউক্রেন এই দাবিটি প্রত্যাখ্যান করেছে এবং যুক্তরাষ্ট্র তাদের সমর্থন দিয়েছে।

