সৌদি আরব শিল্পখাতে নিয়োজিত বিদেশি কর্মীদের ইকামা বা ওয়ার্ক পারমিট ফি বাতিল করেছে। বুধবার সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে দেশটির কাউন্সিল অব ইকোনোমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স (সিইডিএ)-এর বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
২০১৭ সালে মোহাম্মদ বিন সালমান সৌদির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী হওয়ার পর ‘ভিশন ২০৩০’ লক্ষ্য গ্রহণ করেন। এর মূল উদ্দেশ্য হলো তেলের ওপর নির্ভরতা কমানো, জ্বালানি খাতের বাইরের অর্থনৈতিক খাতগুলো শক্তিশালী করা এবং নতুন অর্থনৈতিক খাতের উন্নয়ন করা।
সৌদি গেজেটকে আলখোরায়েফ জানান, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে দেশটির শিল্পখাতে ব্যাপক উল্লম্ফন ঘটেছে। ২০১৯ সালে সৌদিতে সরকারিভাবে অনুমোদিত কারখানার সংখ্যা ছিল ৮ হাজার ৮৪২টি, যা ২০২৪ সালে ১২ হাজারেরও বেশি হয়েছে। এর সঙ্গে সঙ্গে শিল্পখাতের শ্রমিকসংখ্যাও বেড়ে ৪ লাখ ৮৮ হাজার থেকে ৮ লাখ ৪৪ হাজারে পৌঁছেছে, যা শতকরা ৭৪ শতাংশ বৃদ্ধি নির্দেশ করে।
কারখানা ও কর্মী বৃদ্ধির সঙ্গে মিল রেখে শিল্পখাতের আর্থিক ভলিউমও বেড়েছে। ২০১৯ সালে ভলিউম ছিল ৯০ হাজার ৮০০ কোটি রিয়াল, যা বর্তমানে ১ লাখ ২২ হাজার কোটি রিয়ালে পৌঁছেছে।
বন্দর আলখোরায়েফ বলেন, “দেশের শিল্পখাতের এই অগ্রগতি বজায় রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
নতুন নীতি অনুযায়ী, শিল্পখাতের বিদেশি কর্মীরা আর ইকামা ফি দিতে হবে না, যা শিল্পখাতের উন্নয়ন ও কর্মীদের জন্য সুবিধাজনক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

