যুক্তরাষ্ট্রের ধনকুবের জেফ বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন মহাকাশে পাঠাতে যাচ্ছে হুইলচেয়ার ব্যবহারকারী এক নারীকে। মাইকেলা বেনাথাস নামের এই নারী পেশায় মহাকাশ ও মেকাটনিক্স প্রকৌশলী। তিনি আরো পাঁচজনের সঙ্গে নিউ শেফার্ড রকেটের মাধ্যমে এনএস-৩৭ মিশনের অংশ হিসেবে মহাকাশে যাবেন।
২০১৮ সালে পাহাড়ে মোটরসাইকেল চালানোর সময় মারাত্মক আঘাত পেয়ে মাইকেলাকে পঙ্গুত্ব বরণ করতে হয়। এরপর থেকে তিনি হুইলচেয়ারে চলাচল করছেন।
তবে এই মিশনে তারা কোনো মহাকাশ স্টেশনে অবস্থান করবেন না। বরং পৃথিবীর বায়ুমণ্ডল থেকে মহাকাশে পৌঁছে আবার ফিরে আসবেন। রকেটের মাধ্যমে তারা পৃথিবী থেকে প্রায় ১০০ কিলোমিটার উপরে উঠবেন, যা আন্তর্জাতিকভাবে মহাকাশ হিসেবে বিবেচিত।
ব্লু অরিজিন অর্থের মাধ্যমে মানুষকে মহাকাশে যাওয়ার সুযোগ দেয়। যদিও এটি অত্যন্ত ব্যয়বহুল। প্রতিষ্ঠানটি খরচের সঠিক তথ্য প্রকাশ করেনি, তবে আগে যারা মহাকাশে গেছেন, তাদের খরচ ২ থেকে ৩ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৪০ লাখ টাকার সমান।
মাইকেলা বেনাথাসের সঙ্গে মহাকাশে যাওয়া পাঁচজনের মধ্যে দুজন এই অভিযানের অর্থায়ন করেছেন বলে জানা গেছে।

