রাশিয়ার রাজধানী মস্কোয় সোমবার (২২ ডিসেম্বর) গাড়ি বোমা হামলায় দেশটির সেনাবাহিনীর এক জেনারেল নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
রুশ তদন্ত কমিটি জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল ফানিল সাভারোভ সোমবার সকালে নিহত হন। ওই সময় তার গাড়িতে ফিট করা বোমা বিস্ফোরিত হয়। ৫৬ বছর বয়সী সাভারোভ সশস্ত্র বাহিনীর ‘অপারেশনাল ট্রেনিং ডিপার্টমেন্টের’ প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ইউক্রেনের গোয়েন্দা সংস্থা গাড়িতে বোমা ফিট করা হয়েছিল কি না, তা যাচাই করছে। এ পর্যন্ত ইউক্রেন কোনো মন্তব্য করেনি। হামলায় গুরুতর আহত সাভারোভকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে তার মৃত্যু হয়।
সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি সাদা গাড়ি বিধ্বস্ত অবস্থায় পার্কিং এলাকায় পড়ে আছে। গাড়িটির দরজা উড়ে গেছে এবং আশেপাশের অন্যান্য গাড়ি হামলার স্থানে ঘিরে রাখা হয়েছে।

রুশ সংবাদমাধ্যম জানিয়েছে, সাভারোভ ১৯৯০-এর শেষ দিকে ওশেতিয়ান-ইঙ্গুস দ্বন্দ্ব এবং ২০০০-এর শুরুর দিকে চেচেন যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। এছাড়া ২০১৫-১৬ সালে সিরিয়ায় অভিযানেও তিনি নেতৃত্ব দেন।
ক্রেমলিন জানিয়েছে, জেনারেল সাভারোভের মৃত্যুর খবর পাওয়া মাত্রই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবহিত করা হয়েছে।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক হামলার নির্দেশ দেন পুতিন। এরপর ইউক্রেনও রাশিয়ার দেশে একাধিক জেনারেলকে লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালিয়েছে।

